গণমাধ্যম প্রতিষ্ঠানে সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়রা ফোর্বস
ময়রা ফোর্বস

পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত হয়ে কিছু একটা করতে চেয়েছিলেন। তাঁর স্বপ্ন ছিল বড়। শুধু স্বপ্ন দেখে থেমে যাননি। তা পূরণও করেছেন। পারিবারিক ব্যবসায় নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ময়রা ফোর্বস। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস–এর মূল প্রতিষ্ঠান ফোর্বস ইনকরপোরেটেডের মিডিয়া গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং ফোর্বস ওমেন-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
‘ব্যবসা এবং পরিবার’ দুটি বিষয়কেই একরকমভাবে দেখেন ময়রা। তাই নিজের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে লিখে রেখেছেন, ‘ফর মি, বিজনেস ইজ ফ্যামিলি অ্যান্ড ফ্যামিলি ইজ বিজনেস’।
ময়রা ফোর্বসের জন্ম ১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রে। বাবা স্টিভ ফোর্বস ফোর্বস-এর চেয়ারম্যান এবং এডিটর ইন চিফ। প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে নেতৃত্ব উন্নয়ন বিষয়ে আলাদা ডিগ্রি নেন তিনি। ২০০১ সালে ফোর্বস মিডিয়া গ্রুপের লন্ডন অফিসে যোগ দিয়ে ম্যাগাজিনের ইউরোপ সংস্করণের দায়িত্ব নেন। ধীরে ধীরে বিভিন্ন শহরে প্রতিষ্ঠিত ফোর্বসের অফিসগুলোতে নানা পরিবর্তন নিয়ে আসেন। শুরু করেন ফোর্বস লাইফস্টাইল ম্যাগাজিন, ফোর্বস লাইফ, ফোবর্স ভিডিও নেটওয়ার্ক ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে সফলভাবে চলছে ফোর্বস ওমেন ম্যাগাজিনটি। ফোর্বস মিডিয়া এলএলসি বিভাগের অন্যতম জনপ্রিয় এ ম্যাগাজিনটির প্রকাশকও তিনি। শুধু নারীদের জন্য বিশেষ এ ম্যাগাজিনটির করা ‘বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকা’ সারা বিশ্বে বেশ সমাদৃত।
নানা ধরনের কাজে নিজের সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলেছেন ময়রা। বিভিন্ন আয়োজনে মূল বক্তা, অনুষ্ঠান উপস্থাপক, নারীদের বিশ্বব্যাপী অনুষ্ঠিত নানা ধরনের আন্তর্জাতিক আয়োজনে অনুষ্ঠান সঞ্চালনা করেন নিয়মিত। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ময়রা। ফোর্বসকে নিয়ে আরও এগিয়ে যেতে চান তিনি। বিশেষ করে ফোর্বস ওমেন নিয়ে রয়েছে অনেক স্বপ্ন। সেটি বাস্তবায়নের পথে এগিয়ে চলেছেন তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী,
তথ্যসূত্র: ফোর্বস, উইকিপিডিয়া