গণমাধ্যমে নারী প্রতিকৃতি
>

আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও প্রথম আলোর যৌথ উদ্যোগে আয়োজিত মিডিয়া ক্যাফে অনুষ্ঠানে ‘গণমাধ্যমে নারী প্রতিকৃতি’ শীর্ষক আলোচনার নির্বাচিত অংশ নিয়ে এই আয়োজন ।
আনিসুল হক: নারী দিবসকে উপজীব্য করে আমরা বিষয় নির্বাচন করেছি ‘গণমাধ্যমে নারী প্রতিকৃতি’। এ নিয়ে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলােদশ একটা গবেষণা করেছে। প্রথমেই বলবেন কাশফিয়া ফিরোজ।
কাশফিয়া ফিরোজ: প্ল্যান মূলত শিশু ও যুব নারীদের নিয়ে কাজ করে, যেখানে আমাদের ফোকাস হচ্ছে মেয়েশিশু। আমরা দেখতে চাচ্ছিলাম, তরুণ প্রজন্ম বা যুবরা আসলে জেন্ডার ইকুয়ালিটি ও নারী অধিকার নিয়ে কী ভাবে।
আমাদের এই গবেষণা হয়েছিল বাংলাদেশের ৮০৪ জন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর ওপর। যেখানে মেয়েও ছিলেন, ছেলেও ছিলেন। টার্গেট গ্রুপ ১৫ থেকে ১৮, আরেকটা ১৯ থেকে ২৪ বছর— এই দুিট টার্গেট গ্রুপে আমরা গবেষণাটা করেছি। সেখানে তাঁরা তাঁদের প্রিয় মাধ্যমগুলোর কথা বলেছেন। সেগুলোর মধ্যে খবরের কাগজ ছিল এক নম্বরে।

আনিসুল হক: তার মানে, তরুণ–তরুণীরা সংবাদের উৎস হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করেন সংবাদপত্রকে, ছাপা কাগজকে।
কাশফিয়া ফিরোজ: আমাদের গবেষণায় দেখা গেছে, পত্রিকার সব খবরের মধ্যে ৬ থেকে ৯ শতাংশ শুধু নারীবিষয়ক খবর প্রকাশিত হয়। আর, ১৪ থেকে ১৬ শতাংশ ছবি ছাপা হয় মেয়ে শিশু বা নারীকে কেন্দ্র করে। এই যে ৬ থেকে ৯ শতাংশ তথ্য আমরা প্রতিদিন দেখছি দৈনিক খবরের কাগজে, সেগুলো আসলে সহিংসতার খবর, নির্যাতনের খবর, বিভিন্ন আইনি জটিলতার খবর। বাকি কিছুসংখ্যক খবর হচ্ছে, যাঁরা নাটক, সিনেমা বা শোবিজে আছেন, তাঁদেরকে নিয়ে। নারীবিষয়ক খবরের মধ্যে ৮৪ শতাংশই হচ্ছে সহিংসতার খবর। এটা আমাদের কাছে খুবই উদ্বেগজনক মনে হয়েছে। আর বাকি অল্পসংখ্যক খবর নারী অধিকার ও নেতৃত্বের কথা বলছে, শিক্ষার কথা বলছে, বিজ্ঞান ও প্রযুক্তির কথা বলছে।
শাহ্নাজ মুন্নী: গণমাধ্যমে যে জনগণের খবর আমরা প্রকাশ করি, তারা অর্ধেকই তো নারী। আমাদের জনসংখ্যার ৫০ শতাংশ নারী । সে হিসাবে তার একটা প্রতিফলন থাকা উচিত ছিল। কিন্তু আসে মাত্র ৬ থেকে ৯ শতাংশ নারীর খবর আসে। সেটার অধিকাংশ হলো নারী কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হয়েছে, নারী কোনো খারাপ অবস্থার মধ্যে পড়েছে। ঘটনার শিকার হিসেবে নারীকে আমরা চিহ্নিত করছি। এটা যেমন টেলিভিশনে, সে রকম কিন্তু সংবাদপত্রেও। টেলিভিশনে আরও যে ব্যাপার আমরা দেখেছি, কোনো একটা দুর্ঘটনা হোক বা কোনো একটা ঘটনা হোক, দেখবেন যে ক্রন্দনরত নারী, মানে অসহায় নারীর চিত্র এবং দুঃখী একটা নারীর মুখের ছবি দিয়ে দর্শকের একধরনের সেনসেশন তৈরি করার চেষ্টা করা হয়।
সব নারী নিশ্চয়ই দুর্বল ও ভীরু নয়। সব নারী নিশ্চয়ই এ রকম অসহায় নয়। তার পাশে আরও নানা রকম সফলতার গল্প আমাদের আছে। সেই সফলতার খবর এখন আসছে সংবাদপত্রে । কিন্তু সেটা যদি এইভাবে শতাংশ ধরে হিসাব করা হয়, তাহলে দেখবেন তা তিন বা চার শতাংশ।
কাশফিয়া ফিরোজ: শিক্ষার্থীরা বলেছেন যে তাঁরা গণমাধ্যমে নারীকে সব সময় একটা কেয়ারিং রোলে দেখেন। যখনই ধরেন কোনো একটা বিজ্ঞাপন হয়, যেমন সেটা যদি কোনো দেয়ালের রঙের বিজ্ঞাপন হয়, দেখা যাচ্ছে পুরুষেরা খবরের কাগজ পড়ছে, নারী পেছন থেকে একটা ট্রেতে করে চা এনে রাখল। কিংবা নাটক-সিনেমা যেখানে দেখায় যে মাকে হতে হবে খুব কেয়ারিং। বাবা থাকবেন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়।
লিডারশিপ রোলে যেভাবে প্রেসিডেন্ট বা অফিসের বসকে আমরা পুরুষ দেখাই, সেভাবে নারীকে দেখাই না। নাটক সিনেমাতে দেখানো হচ্ছে, কোনো পুরুষ যখন সিদ্ধান্ত নিচ্ছে, তার জন্য এটা এক সেকেন্ডের ব্যাপার। কিন্তু নারী যদি সিনেমা বা নাটকে প্রধানমন্ত্রীও হন, তাকে সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকের সঙ্গে আলোচনা করতে হয়। বোর্ড বসাতে হয়। তার পুরুষ সহযোগীদের মতামত নিতে হয়।
অপর্ণা ঘোষ: এশিয়ার দেশগুলোতে আমরা আসলে মাকে চিন্তা করি, কোমলভাবে। বাবা স্ট্রং। আমরা যদি পরিবার থেকেও চিন্তা করি, পরিবারে আমরা দেখেছি সিদ্ধান্তগুলো মায়ের থেকে বাবাই বেশি নিয়েছে। আমার পরিবারে দেখেছি, আমার বাবা আমার সিদ্ধান্ত দিচ্ছেন। কখনো মায়ের কাছ থেকে সিদ্ধান্ত নিচ্ছেন, তবে শুধু বৈষয়িক বিষয়ে। কিন্তু সব পরিবারে তাও হয় না। যার কারণে বেশির ভাগ কাজের ক্ষেত্রে আমরা মেয়ে, মাকে আসলে ওই নরম জায়গাটাতে রাখতে পছন্দ করি।
আমি সুতপার ঠিকানা নামের একটা সিনেমায় অভিনয় করেছিলাম। সেই সিনেমার মূল গল্পটি ছিল একজন নারীকে কেন্দ্র করে। সেই নারী প্রথমে বাবার বাসায়, তারপরে ভাইয়ের বাসায়, তারপরে স্বামীর বাসায়, তারপরে ছেলের বাসায় থাকে। মানে নারীর নিজের কোনো জায়গা নেই। ওই সিনেমার শেষটা ছিল, মেয়েটা শেষ পর্যন্ত নিজের জায়গা খুঁজে পায়। সে আর ছেলের বাসায় থাকে না। সে নিজেই একটা চাকরি করে। এখনকার প্রজন্মের কথা যদি বলি, ওরা চিন্তা করছে নতুন ভাবে। পরিবর্তন কিন্তু হচ্ছে।
শাহ্নাজ মুন্নী: পরিবর্তন তো নিশ্চয়ই একটা আসছে। আজ থেকে ২০ বছর আগে সমাজে যে রকম নারীর অবস্থান ছিল, সেই অবস্থানে এখন নারী নেই। একেবারে সামগ্রিকভাবে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত চলে এসেছে। কিন্তু যেটা আমাদের মূলকথা আমাদের লড়াই, সমতা ও সমমর্যাদার জায়গাটা, সেখানে নারীর কিন্তু আরও বহু পথ হাঁটতে হবে। যেটুকু আমরা পেয়েছি, যেটুকু আমরা অর্জন করেছি, সেটা অবশ্যই উদ্যাপন করব। কিন্তু যা আমরা পাইনি, সেই জায়গাতে আমাদের লড়াই করে যেতে হবে।
আনিসুল হক: আমি প্রথম আলোতে কাজ করি। আমরা কিন্তু নারীর ইতিবাচক খবর, নারী কোথায় কোথায় ভালো করছেন, সেটা যখন প্লেন চালান, যখন কার চালান, তার খবর দেওয়ার চেষ্টা করি। মেয়েরা সাইকেলে চড়ে স্কুলে যায়। আবার যে মেয়েটি ঘোড়া চালায়—তাসমিয়া, তার কথা আমরা বলেছি। তারপর কলসিন্দুর গ্রাম থেকে যে ফুটবলার মেয়েরা উঠে এল, তাদের কথাও। আমরা দেখেছি, ইতিবাচক খবর গ্রহণযোগ্য। একটা কথা আছে না, যে সবাই শুধু নেতিবাচক খবর পড়তে চায়। তা কিন্তু ঠিক না। প্রথম আলোতে আমাদের চেষ্টা থাকে নারীর ইতিবাচক খবর দেবার।
শাহ্নাজ মুন্নী: আমি বলব, গত ২০-২১ বছর ধরে ধাপে ধাপে পরিবর্তন এসেছে এবং আরও আসবে নিশ্চয়ই। স্পোর্টসে কিন্তু মেয়েরা খুব কম। তারা ভালোই করছেন। আমার একজন নারী রিপোর্টার, তিনি স্পোর্টসে কাজ করে। একজন নারী টেনিস খেলোয়াড় প্রসঙ্গে ও লিখে নিয়ে এল, টেনিস সেনসেশন! এটা কিন্তু ও ইচ্ছে করে করেনি। এটা প্রচলিত আছে বলেই লিখে নিয়ে এসেছে। আমি ওকে বললাম, এই শব্দটা তুমি কেন লিখলে? ও কোনো উত্তর দিতে পারেনি। ও বলল, ‘এভাবেই তো লিখে’। মানে, খেলার চাইতে তাঁর যে শারীরিক সৌন্দর্য, যৌন আবেদন সেই জিনিসটাই সামনে চলে এসেছে।
আনিসুল হক: ক্রীড়া সাংবাদিকতার কথা যখন এল, তখন একজন নারী ক্রীড়া সাংবাদিকের ভিডিও মন্তব্য শুনব। তিনি হচ্ছেন ফারজানা জহির।
ফারজানা জহির: আমি মাঠে–ঘাটে যখন যেতাম, তখন প্রায় এক যুগ আগে, সবাই দেখলে একটু অবাকই হতো। সবার একটা বক্তব্য ছিল, মেয়ে মানুষ এসেছে রিপোর্টিং করতে! তা–ও আবার খেলাধুলা নিয়ে। তো সেটা অনেক দিন আগের কথা। কিন্তু এক যুগ পেরিয়ে এখনো কি মনমানসিকতার খুব বেশি পরিবর্তন হয়েছে? না। আসলে খুব বেশি পরিবর্তন হয়নি। এখনো যখন আমরা মেয়েরা মাঠে-ঘাটে যাই বা অন্যান্য জায়গায় যে সহকর্মীরা থাকে, তারা যে আমাদেরকে খুব একটা ওয়েলকাম করে, সে রকম কিছু না। মেয়ে মানেই মনে করা হয় যে তারা একটা সফট স্টোরি তৈরি করবে। কিন্তু এত বছরের ক্যারিয়ারে আমি একটা বিশ্বকাপ কাভার করেছি। এশিয়া কাপ কাভার করেছি।
কাশফিয়া ফিরোজ: আমাদের গবেষণাতে এসেছে, ক্রীড়াঙ্গনে নারীর কাজ করাকে এখনো সামাজিকভাবে আমরা প্রফেশন হিসেবে নিতে পারিনি। একজন পুরুষ যখন ক্রিকেট খেলে বা ফুটবল খেলে ধরে নেওয়া হয় এটা তার প্রফেশন। কিন্তু একজন মেয়ে ফুটবল খেলে, ধরে নেওয়া হচ্ছে, এখন সে অনূর্ধ্ব–১৯ দলে ভালো করছে, কিন্তু কিছুদিন পর লেখাপড়া শেষ হবে, বিয়ে হবে। সে অন্য একটা প্রফেশনে যাবে। যখন সাকিব আল হাসান ঘর থেকে বের হয়ে আসে, তার সিকিউরিটি বা প্রটোকল লাগে, তাকে গাড়িতে উঠিয়ে দিতে, ভিড় সামলাতে। কিন্তু যখন একজন নারী ক্রিকেটার বের হচ্ছেন, কিংবা নারী ফুটবলার বের হচ্ছেন, সালমা বা মাবিয়া হতে পারেন, সবাই কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তখন তা দেখা যায় না। জয়া চাকমা, িতনি ফিফার রেফারি। তাঁরা পাশে দাঁড়িয়ে থাকলেও মানুষ চেনে না।
যেকোনো ব্যক্তির সেলিব্রিটি হয়ে ওঠার পেছনে গণমাধ্যমের বড় একটা ভূমিকা আছে। আজকের যে সাকিব আল হাসান কিংবা শাকিব খান—দুই মাধ্যম থেকেই আমি বলি, যে–ই হোক এরা গণমাধ্যমের আশীর্বাদপুষ্ট। সেই আশীর্বাদ তাহলে আমাদের মেয়েদের কাছে কেন আসে না?
শাহ্নাজ মুন্নী: এখানে একটা কথা বলি। এটাও একবার গবেষণায় উঠে এসেছিল, শোবিজের জায়গায় নারীরা যখন স্বল্পবসনা হন তখন তাকে সাহসী বলা হয়। পুরুষকে কিন্তু সেই কারণে সাহসী বলা হয় না। এই মেসেজগুলো তরুণেরা পাচ্ছে গণমাধ্যমে থেকেই।
অপর্ণা ঘোষ: আমার কাছে মনে হয়, চরিত্রটা আমি কেমন করে ফুটিয়ে তুলতে পারছি, সেটাই মূখ্য। এখন অনেক ধরনের চরিত্রে আমাকে কাজ করতে হয়, যেখানে একদম নন গ্ল্যামারাস, মেকআপ ছাড়া। হয়তোবা একটা মজুরের চরিত্রে কাজ করছি, সেখানে কিন্তু ওভাবেই ওই চরিত্রে অভিনয় করতে হচ্ছে। তখন ওই বিষয়টা কিন্তু আমাদের মাথায় থাকছে। কাজগুলো সেভাবেই উঠে আসে, উঠে আসছে। তখন কিন্তু মানুষ ওভাবেই প্রশংসা করছে। তখন যদি ওখানে গ্লামারস লাগে, উল্টো আমাদেরকে কিন্তু কথা শুনতে হয়। যে আপনি তো ওখানে লিপস্টিক পরেছিলেন। ওরা এভাবে লিপস্টিক পরে না, ওভাবে কথা বলছে। আমার কাছে মনে হয় মেয়েরা অনেক বেশি মনোযোগী। সেটা নাটকের ক্ষেত্রে হোক বা অধিকার আদায়ের ক্ষেত্রে হোক।
শাহ্নাজ মুন্নী: ধর্ষণের শিকার বা পারিবারিক নির্যাতনের শিকার কিংবা যে অ্যাসিড সারভাইভার্স, তারাও তো ফিরে আসছে। ঘুরে দাঁড়াচ্ছে। তারাও ভালো করছে। আমরা যখন অসহায় নারীদের কথা বলি, তখন আমরা তাকে কীভাবে চিত্রিত করি। সমাজের প্রতিফলন সংবাদপত্রে পড়ে।
আনিসুল হক: আমরা যারা গণমাধ্যমে আছি, আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি, তাহলে নারীর প্রতিকৃতি গণমাধ্যমে বদলে যাবে। তখন আমাদের তরুণেরা আমাদের গণমাধ্যম থেকে ইতিবাচক নারীর ছবি দেখবে এবং তাদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। একটা পৃথিবীতে নারী আছে এবং পুরুষ আছে। একটা বাইসাইকেলের দুটো চাকা। দুটোই ঘুরতে হবে। তাহলে সমাজ এগিয়ে যাবে। আগামীতে নারী-পুরুষের সাম্যময় সুন্দর পৃথিবী গড়ে উঠবে।
আলোচক
শাহ্নাজ মুন্নী: প্রধান বার্তা সম্পাদক, নিউজ২৪
অপর্ণা ঘোষ: অভিনয়শিল্পী
কাশফিয়া ফিরোজ: হেড অব ইনফ্লুয়েন্সিং,
প্ল্যান ইন্টারন্যাশনাল।
ফারজানা জহির: ক্রীড়া সাংবাদিক, ডিবিসি
(ভিডিও কলে যুক্ত)
সঞ্চালক: আনিসুল হক
সহযোগী সম্পাদক, প্রথম আলো