করমা!ট্রাভেলস থ্রু দি আরব স্প্রিংলেখক: জনি ওয়েস্টপ্রকাশক: হেরন বুকস অন্য দিনগুলোর সঙ্গে তেমন পার্থক্য ছিল না ২০১০ সালের ১৭ ডিসেম্বর। দক্ষিণ তিউনিশিয়ার মুহামেদ বউয়াজিজি অন্য দিনের মতো তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছেন। পাইকারি বাজার থেকে ফল কিনে বউয়াজিজি প্রতিদিন দেড় মাইল দূরে অন্য একটি বাজারে বিক্রি করেন। তাঁর নিজের ঠেলাগাড়ি নিয়ে তিনি প্রতিদিন সেখানে যান। কিন্তু ১৭ তারিখ তাঁকে রাস্তায় আটকালেন মহিলা পুলিশ ফাতিহা হামদি। তাঁর অভিযোগ, ব্যবসা করার কোনো লাইসেন্স জিজির নেই! ঠিক কী হলো এরপর তা সঠিকভাবে বলা মুশকিল। কিন্তু দেখা গেল হামদি একটু পর তাঁর দুজন পুরুষ সহকর্মীকে ডেকে এনেছেন। তাঁরা জিজিকে মেরে মাটিতে ফেলে দেন, তাঁর দাঁড়িপাল্লা ও পণ্যসামগ্রী বাজেয়াপ্ত করেন। কেউ কেউ বলছে, হামদি সে সময় প্রকাশ্যে জিজিকে চড় দিয়েছেন। অন্য কয়েকজন বলছে, হামদি নিজে কিছু করেননি, খালি তামাশা দেখেছেন। অপমানিত ও ক্ষুব্ধ জিজি আধমাইল দূরে পৌরসভাতে গিয়ে মেয়রের সঙ্গে দেখা করতে চান। কিন্তু তাঁকে জানানো হয় মেয়র মিটিং করছেন, দেখা হবে না। মুহামেদ বউয়াজিজি তখন একটি দোকানে গেলেন এবং রং করার স্পিরিট কিনলেন। সব স্পিরিট তিনি নিজের গায়ে ঢেলে আগুন লাগিয়ে দিলেন!‘আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না’ ঘটনার প্রত্যক্ষদর্শী আইনজীবী ডাফার আল শালিহি বললেন, ‘রাস্তার মধ্যে একজন জ্বলন্ত মানুষ।’সেদিন বিকেলে বউয়াজিজির মা মেনোবিয়া পৌরসভাতে যান তাঁর ছেলের প্রতি পুলিশের অত্যাচারের কথা বলে এর প্রতিকার চাইতে। কিন্তু কেউ তাঁর কথায় কান দিল না। বেচারি, পৌরভবন থেকে বের হয়ে একাই দাঁড়িয়ে পড়েন রাস্তায়। খবর পেয়ে তাঁর ভাগনে, মুহামেদের খালাতো ভাই আলি বউয়াজিজি একটি ভিডিওক্যাম নিয়ে সেখানে হাজির হন এবং কিছু ভিডিও ধারণ করেন। পরে সেটি তিনি ইন্টারনেটে আপলোড করেন। একই দিন কাতারে আল-জাজিরা টিভির সদর দপ্তরে সেটি ইন্টারনেট থেকে সংগ্রহ ও পুনঃপ্রচার করে তাদের লাইভ অনুষ্ঠানে! ২৪ ঘণ্টার মধ্যে মুহামেদ বউয়াজিজি একটি ছোট্ট শহরের একজন ফেরিওয়ালা থেকে পরিণত হন লক্ষকোটি আরব তরুণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে। এক সপ্তাহের মধ্যে বউয়াজিজি পরিণত হন জনতার বিপ্লবের বারুদে, যা কয়েক দশক ধরে ক্ষমতা কুক্ষিগত করে রাখা স্বৈরশাসককে উৎখাত করে!২০১০ সালের জুন মাসের কোনো এক দিন মিসরের আলেকজান্দ্রিয়ার উপকূলবর্তী একটি জেলা শহর ক্লিওপেট্রায় ইন্টারনেট ক্যাফেতে আসেন ২৮ বছরের খালেদ সাইদ। খালেদ ইন্টারনেট সেন্টার থেকে বের হওয়ার পর সাদা পোশাকের পুলিশ তাঁকে ঘিরে ধরে। শুরু হয়ে সবার সামনে অত্যাচার। মিসরের লোকেরা এ ধরনের পুলিশি অত্যাচারকে মেনে নিয়েছে কয়েক দশক ধরে। খালেদও হয়তো তা-ই করতেন। কিন্তু খালেদ মারা গেলেন! খালেদের ভাই তাঁর অত্যাচারিত মুখের ছবি ইন্টারনেটে প্রকাশ করে দেয়। সঙ্গে সঙ্গে খালেদের বিষয়টি তাঁর নিজের শহরে আলোড়ন সৃষ্টি করে এবং মিসরে বিরোধী দলের আন্দোলনে ঘি ঢেলে দেয়। কিছুদিন পর, ভেল ঘোনিম, একজন ইন্টারনেট অ্যাকটিভিস্ট, নাম প্রকাশ না করে ফেসবুকে একটি পেজ খোলেন। প্রায় ৫৫ হাজার লোক তাঁর পেজে যোগ দেয়। ২৫ জানুয়ারির সমাবেশে তাদের প্রায় সবাই যোগ দিয়ে সূচনা করে যে বিপ্লবের তার ফলে মাত্র ১৮ দিনের মধ্যে দেশ ছাড়তে হয় ৩০ বছরের স্বৈরশাসক হোসনি মোবারককে!এদিকে লিবিয়ার বেনগাজি শহরের তরুণ অ্যাডভোকেট ফাতিহ তেরবেল আপিল করেন যেন ১৭ ফেব্রুয়ারিকে রাগের দিন (ডে অব অ্যাংগার) হিসেবে ঘোষণা করেন আদালত। ১৫ বছর আগে আবু সালিম কারাগারে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ এই দাবি জানান তিনি। জনশ্রুতি আছে, সে ঘটনায় ১০০ জনের মতো বন্দী মারা গিয়েছিল। ফাতিহকে গ্রেপ্তার করা হয়। যখন তার স্বজনেরা এর প্রতিবাদ করতে আসে তখন তাদের উদ্দেশে গুলি ছোড়া হয়। দেশের পুরো পূর্বাঞ্চল খেপে ওঠে ৪১ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে!সিরিয়ার দক্ষিণের শহর ডেরাতে একদল স্কুলছাত্রকে সরকারবিরোধী চিকা মারার অপরাধে গ্রেপ্তার করা হয়। বাহরাইনের রাজধানী মানামার পার্ল স্কোয়ারে প্রতিদিন হাজার হাজার জনতা জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। ইয়েমেনের সব শহরে হাজারো জনতা প্রতিদিন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর অনুগত বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়!এভাবেই কোনো নেতা বা রাজনৈতিক সংগঠন নয়, শুধু গণমানুষের হাত দিয়ে শুরু হয়েছে আরব-বসন্তের!আরব-বসন্ত আর আরব-বসন্তের ফলোআপ নিয়ে অনেক আলাপ-আলোচনা চলছে। তথাকথিত নেতাবিহীন এই আন্দোলন শেষ পর্যন্ত আরব বিশ্বকে কোথায় নিয়ে যাবে, সেটা সময়ই বলে দেবে। আরব-বসন্ত নিয়ে যা কিছু আমি ইন্টারনেটে আর পত্রিকায় পড়ছি তার সবই নেতাদের অথবা রাজধানীর লোকেদের নিয়ে। কোনো কোনো ক্ষেত্রে মিডিয়া ব্যক্তিত্বদের বা বিশ্লেষকদের। কিন্তু জনি ওয়েস্টের এই বইটি সম্পূর্ণ ব্যতিক্রমী। যাদের হাত দিয়ে এ বসন্তের সূচনা সেই বউয়াজিজি পরিবার, খালেদ সাঈদের ভাই, ফাতিহর পরিবারের কথাই তিনি তুলে ধরেছেন এই বইতে। রয়টার প্রতিনিধি জনি ওয়েস্ট খুব ভালো আরবি বলতে পারেন। আরব সংস্কৃতিটাও ভালো বোঝেন। ২০১১ সালের আরব ঘটনাবলির পর তিনি আবার সেই শহরগুলোতে যান, সেখানকার তরুণদের সঙ্গে কথা বলেন, যোগাযোগ করেন তাঁর পুরোনো বন্ধুদের সঙ্গে। নিজের মতো করে তিনি আরব-বসন্তকে দেখতে চেয়েছেন, যা প্রকাশিত হয়েছে তাঁর এই বইতে। এটি একটি ভ্রমণকাহিনির ঢঙে লেখা রাজনীতির বই। তবে, রাজনীতিবিদদের বই নয়। তিনটি পর্বে তিনি তিউনিশিয়া, মিসর ও লিবিয়ার নতুন বিপ্লবের কথা তুলে ধরেছেন। সাধারণ মানুষেরা কীভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, সেটা তিনি তাদের কথা দিয়েই তুলে ধরেছেন। নিজের মতো করে কোনো ব্যাখ্যা দাঁড় করাননি। কেনইবা আরবের শাসকেরা এত দিন টিকে যাচ্ছে, সেটাও বের করার চেষ্টা করেছেন। করমার নায়ক তারাই যারা বাস্তব জীবনেরও নায়ক। দিনভর গলিতে গলিতে চলছে পুলিশের সঙ্গে লুকোচুরি, হিট অ্যান্ড রানের প্রয়োগ। আবার সময় পেলে ফেসবুকে জানিয়ে দেওয়া হচ্ছে পুলিশের অবস্থান। আর সন্ধ্যার পর শুরু হচ্ছে সামাজিক যোগাযোগের সাইটে পরের দিনের প্রস্তুতি! হ্যাঁ, আরব-বসন্তের পেছনে গুরুত্বপূর্ণ উপাদান ফেসবুক, ইন্টারনেট। তবে, সেটিই কিন্তু মূল কারণ নয়। তিউনিশিয়া, মিসর আর লিবিয়া সবখানেই তরুণদের বিক্ষোভের মূল কারণ কর্মসংস্থানের অভাব। ৩৫ বছরের একজন যুবকের যদি হাতখরচের টাকা তার বাবার কাছ থেকে নিতে হয় তা হলে সেটা কতটা যন্ত্রণার তা আমরাও বুঝতে পারি। সে যন্ত্রণারই প্রকাশ এ বিক্ষোভ, এ আন্দোলন।গণমানুষের চোখ দিয়ে রাজনীতি, সরকার আর আগামী দিনকে দেখার এমনতর প্রয়াস খুব কমই দেখেছি।