গণমিছিলে নিষেধাজ্ঞায় চাঙা বিএনপি!
বিএনপির নেতৃত্বাধীন চার দলের গণমিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক নেতাদের মধ্যে। খোদ আওয়ামী লীগের স্থানীয় নেতারাও এ নিয়ে অসন্তুষ্ট। তাঁদের ভাষ্য, নিষেধাজ্ঞা জারির কারণে বিএনপির নেতা-কর্মীদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। বিএনপির নেতারা জানান, গণমিছিলে নিষেধাজ্ঞা দলীয় নেতা-কর্মীদের আরও চাঙা করেছে। নগরে নাশকতার আশঙ্কায় পুলিশ প্রশাসন গণমিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করে। রোববার গণমিছিলের আগে ও পরে নগরে বোমাবাজি করারও পরিকল্পনা ছিল বলে পুলিশ জানতে পেরেছে। বোমা বানানোর কাজে জড়িত শিবিরের এমন তিন নেতা-কর্মীর নামও তাঁরা পেয়েছেন। শিবিরের এই সদস্যরা এখন গা ঢাকা দিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। নিষেধাজ্ঞা জারি করায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত রোববার বিকেলে চট্টগ্রামে চার দলের গণমিছিল হয়নি। পরদিন সোমবার বিকেলে কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিএনপি। পুলিশ সূত্র জানায়, রোববার রাতে কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পুলিশ প্রশাসন। বিষয়টি নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ফোন করে জানিয়ে দেন নগর পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, যদিও নিষেধাজ্ঞার মধ্যে কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা, পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করারও ঘোষণা দিয়েছিলেন তাঁরা। পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে। এ প্রসঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করায় নেতা-কর্মীরা আরও বেশি চাঙা হয়ে উঠেছেন। কারণ, সরকার অগণতান্ত্রিকভাবে আমাদের সাংবিধানিক অধিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। পরিস্থিতি বুঝতে পেরে তাঁরা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটা গণতন্ত্রের জন্য শুভ। সরকার এটি আরও আগে বুঝতে পারলে চারটি প্রাণ ঝরে যেত না। আমরাও চাই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।’ শাহাদাৎ আরও বলেন, গণতান্ত্রিক অধিকারের ওপর কেউ বাধা সৃষ্টি করলে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়, যা শুভ বুদ্ধির কোনো নাগরিকের পছন্দ নয়। সরকার ভবিষ্যতেও আমাদের সাংবিধানিক কর্মসূচি পালনে বাধা সৃষ্টি করবে না বলে আমি আশাবাদী।’এদিকে বিএনপির নেতৃত্বাধীন চার দলের গণমিছিল কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন আওয়ামী লীগের স্থানীয় নেতারা। এতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও মজবুত হয়েছে বলে তাঁরা মনে করছেন। নগর আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘গণমিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা উচিত হয়নি। এর জের ধরে চাঁদপুর ও লক্ষ্মীপুরে চারজনের মৃত্যু হয়, যার দায় সরকার এড়াতে পারে না। রাজনৈতিক কর্মসূচির ওপর বাধা সৃষ্টি করা হলে বিরোধী দলেরই শক্তি বাড়ে। সরকার কেন ভুল পথে পা দিয়েছে, তা আমার বোধগম্য নয়।’ পুলিশ সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গণমিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে জামায়াত-শিবিরের লোকজন মিছিলের আড়ালে নাশকতা করার পরিকল্পনা করে, যা উদ্ঘাটিত হয়। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি জানানোর পর গণমিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘শিবিরের কয়েকজন নেতা-কর্মী গণমিছিলের আগে ও পরে নগরে বোমাবাজি করার পরিকল্পনা করে। এ জন্য একটি সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়ে অনেকগুলো বোমা বানানো হয়। এ ব্যাপারে শিবিরের তিনজনের নাম আমরা পেয়েছি। বিষয়টি জানাজানি হলে শিবিরের ওই সন্ত্রাসীরা নগর ছেড়ে পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’