গণরুমের আত্মকথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠক, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের একটি গণরুম। আমার নম্বর ৫৪১। এখানে ১৬ জন মেয়ে আছে। তাদের শোয়ার জায়গা থাকা সত্ত্বেও তারা ফ্লোরিং করে। এখানকার খাটগুলো এতই ছোট যে দুজন ঘুমানো যায় না। মাঝেমধ্যে দেখা যায়, একজন ঘুমের মধ্যে নিচে পড়ে গেছে। তখন খুবই হাস্যকর পরিবেশের সৃষ্টি হয়। অবশ্য তারা এতে অনেক মজা পায়। সকাল থেকে অনেক রাত অবধি তাদের কলকাকলিতে মুখরিত থাকি আমি। অবশ্য বলাবাহুল্য, এর মধ্যে পড়াশোনা খুব কম হয়। তবে যে একেবারেই হয় না, তা নয়। মাঝেমধ্যে বড় আপুরা হইচইয়ের জন্য এদের বকা দেয়। তখন আমি তাদের অবস্থানরত রুম হিসেবে খুব লজ্জা বোধ করি। এখানকার মেয়েরা অনেক ভালো। তাদের অন্য রুমে সিট হওয়া সত্ত্বেও তারা আমার মায়া ত্যাগ করে যেতে পারে না। আবার যখন আমার আগের বাসিন্দারা এখানে এসে নতুনদের সঙ্গে গল্প করে, তখন খুব ভালো লাগে। তখন গণরুম হিসেবে সত্যিই গর্ব বোধ করি। এখানে মন খারাপ করে প্রবেশ করার অনুমতি নেই। কারণ, এখানে শুধু মজাই মজা। সেই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজ অবধি এখানে অনেক মেয়ের পদার্পণ ঘটেছে। ভবিষ্যতে আরও অনেক মেয়ে এখানে থাকবে। তাদের হাসি-আনন্দে পূর্ণ থাকব আমি এই গণরুম। আমার আগের বাসিন্দাদের প্রতি রইল অনেক শুভকামনা। আর ভাবী বাসিন্দাদের জন্য রইল আগাম শুভেচ্ছা। সুমাইয়া নাজনীন, ঢাকা বিশ্ববিদ্যালয়