কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া কৃষক ইকবাল আহমেদের বসতভিটার মালিকানা নিয়ে জটিলতা ছিল। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও সে জটিলতার সমাধান হয়নি। ভূমি অফিসে গিয়ে দিনের পর দিন ধরনা দেবেন, সে সময় বা সামর্থ্য কোনোটাই ছিল না তাঁর। শেষ পর্যন্ত গণশুনানির মাধ্যমে সমাধান হলো তাঁর সমস্যার।
গত ২৮ নভেম্বর মহেশখালী উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে কালারমারছড়া ইউনিয়ন ভূমি অফিসে জায়গা-জমির বিরোধ ও জটিলতা নিয়ে গণশুনানির আয়োজন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন। গণশুনানিতে কৃষক ইকবালের মতো ২০ ব্যক্তির ভূমির জটিলতা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি জমির নামজারি খতিয়ান সৃজন করার জন্য গ্রহণ করা হয়েছে ২৫টি আবেদন। এর মধ্যে সাতটি আবেদনের বিপরীতে খতিয়ানও জারি করা হয়। জারি করা খতিয়ান ভূমি অফিসের পক্ষ থেকে আবেদনকারীদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
কালারমারছড়া ইউনিয়নের ফকিরজোমপাড়ার বাসিন্দা রওশন আলী পৈতৃক সূত্রে ৮০ শতক জমি পেয়েছিলেন। জমির কাগজপত্র হাতে পেলেও জমি কোথায় আছে, তা তিনি জানতেন না। গণশুনানিতে আসার পর সহকারী কমিশনার কাগজপত্র দেখে সেই জায়গা নির্ধারণ করে দেন। এত সহজে সমস্যার সমাধান হবে ভাবতেই পারেননি রওশন আলী।
জানতে চাইলে মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেন বলেন, ‘জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য দুর্গম কালারমারছড়ায় ২৮ নভেম্বর থেকে গণশুনানির কার্যক্রম চালু করি। গণশুনানিতে স্থানীয় জনগণের কাছ থেকে সরকারি রাজস্ব আদায়, নামজারির আবেদন ও আপত্তি নেওয়া হয়। আর জমির জটিলতা নিয়ে কেউ অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে বিবাদীকে ডেকে এনে তা নিষ্পত্তি করা হয়। এতে উভয় পক্ষের উপস্থিতিতে জমির বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।’
তিনি বলেন, এখন থেকে জমি–সংক্রান্ত নানা বিষয়ে জনগণকে কষ্ট করে আর উপজেলা সদরে ভূমি অফিসে আসতে হবে না। তাঁরা এখন থেকে স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে সেই সেবা পাবেন। আর প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার জমি–সংক্রান্ত বিষয়ে উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হবে।
কালারমারছড়া ইউনিয়নের বহু বাসিন্দা গণশুনানি হওয়ায় আশার আলো দেখছেন। ইউনিয়নের নয়াপাড়ার ব্যবসায়ী ফরিদুল আলম বলেন, ‘তিন মাস আগে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার মাধ্যমে ৪২ হাজার টাকার বিনিময়ে দুটি খতিয়ান সৃজন করেছি। কিন্তু টাকার অভাবে বাকি ২৭ শতক জমির নামজারি খতিয়ান করা সম্ভব হয়নি। এখন গণশুনানিতে অংশ নিয়ে ওই ২৭ শতক জমির নামজারি খতিয়ান করার জন্য আবেদন করেছি।’