গণশৌচাগারে নারীর জন্য ব্যবস্থা নেই
নগরের গুরুত্বপূর্ণ মোড়সমূহে সিটি করপোরেশন নির্মিত গণশৌচাগারে (পাবলিক টয়লেট) মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘর থেকে বিভিন্ন কাজে বের হওয়া নারীদের। দীর্ঘক্ষণ প্রস্রাব বা পায়খানা চেপে রাখার ফলে ইউরিন ইনফেকশনসহ শারীরিক নানা জটিলতার সৃষ্টি হতে পারে বলে চিকিৎসকদের অভিমত। সিটি করপোরেশনের ভূ-সম্পত্তি (এস্টেট) কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘মহিলাদের জন্য আরও গণশৌচাগার প্রয়োজন। বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। এজন্য আগামীদিনে আমরা অধিকসংখ্যক গণশৌচাগার নির্মাণ করব।’ করপোরেশন সূত্রে জানা গেছে, নগরের বিভিন্ন স্থানে সিটি করপোরেশনের ৫০টি গণশৌচাগার আছে। এর মধ্যে বহদ্দারহাট, জামালখান মোড়, আন্দরকিল্লা মোড়, লালদীঘির পাড়, জহুর হকার্স মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জেলগেট, কাজীর দেউড়ি, আলকরণ, পাহাড়তলী, ষোলশহর, চিটাগং শপিং কমপ্লেক্স, চকবাজার, ফিশারিঘাট, পতেঙ্গা সমুদ্রসৈকত, বড়পুল, বন্দরটিলা, চক সুপার মার্কেট, চট্টগ্রাম মেডিকেল কলেজসংলগ্ন, শাহ আমানত মার্কেট, হাজি আব্দুল আলী শপিং মার্কেট এলাকাসহ বিভিন্ন এলাকায় রয়েছে এসব শৌচাগার। একাধিক গণশৌচাগার ঘুরে দেখা যায়, এগুলোর করুণ ও বেহাল অবস্থা। নোংরা, দুগর্ন্ধযুক্ত পরিবেশে প্রাকৃতিক কাজ সারতে হয় নাকে রুমাল চেপে। তবে চিটাগং শপিং কমপ্লেক্স এবং পতেঙ্গা সৈকতের গণশৌচাগারে দেখা গেছে, এখানে মহিলাদের জন্য আলাদা শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এর বাইরে নগরের আর কোনো গণশৌচাগারে মহিলাদের জন্য ব্যবস্থা নেই। শুধু পুরুষদের জন্য যেগুলো আছে সেগুলোর অবস্থাও শোচনীয়। সেখানে নেই আলো-পানির পর্যাপ্ত ব্যবস্থা, কোনোটার দরজা ভাঙা আবার কোনোটার ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। খোদ সিটি করপোরেশনসংলগ্ন আন্দরকিল্লা মোড়ের গণশৌচাগারে দেখা গেছে, মহিলাদের আলাদা ব্যবস্থা তো দূরের কথা, অত্যন্ত দুর্গন্ধযুক্ত, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে উপায়হীন লোকজন আবছা অন্ধকারে গোসলসহ প্রাকৃতিক কাজ সারছেন। এ সময় গণশৌচাগারের কর্মচারী মোহাম্মদ হুমায়ুন বলেন, এখানে পুরুষদের ছাড়া মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই। সিটি করপোরেশন এ ভবনটা নির্মাণ করে দিয়েই দায়িত্ব সেরেছে। বিদ্যুৎ এবং শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কোনো ব্যবস্থা করেনি। এখানকার কর্মচারী মোহাম্মদ হুমায়ুন বলেন, গণশৌচাগারটি পরিষ্কার রাখতে নিজখরচেই আমাদের পানির ব্যবস্থা করতে হয়েছে। পথচারী সঞ্জয় সাহা বলেন, শৌচাগারগুলোর অবস্থা এতই শোচনীয় যে কোনোমতে প্রাকৃতিক কাজটা সারা যায়। প্রায় সব শৌচাগারেই পানি থাকে না, অন্ধকার এবং স্যাঁতসেঁতে পরিবেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রী রাবেয়া রহমান বলেন, পুরুষের পাশাপাশি নারীরাও সকাল হলেই বিভিন্ন কাজে ঘরের বাইরে বের হন। কিন্তু রাস্তাঘাট, স্টেশন, বিপণিকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত পরিমাণে মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা নেই। এ অবস্থায় নানা বয়সী ছাত্রী থেকে শুরু করে কর্মজীবীসহ কেনাকাটা করতে আসা মহিলাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চান্দগাঁও আবাসিক এলাকা থেকে জহুর হকার্স মার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন রোমানা হক। তিনি বলেন, ‘বিভিন্ন বিপণিকেন্দ্রে মহিলাদের জন্য শৌচাগারের সুব্যবস্থা না থাকা একটি বড় সমস্যা। পথেঘাটে মহিলারা নানা বিপদে পড়েন কিন্তু এ ব্যাপারে মাথা ঘামানোর কেউ নেই। মহিলাদের জন্য আলাদা শৌচাগার না থাকায় আমাদের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।’চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজির অধ্যাপক ও সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনূস প্রথম আলোকে বলেন, বেশি সময় ধরে প্রস্রাব বা পায়খানা চেপে রাখলে ইউরিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া এর ফলে যে কেউ ইনকনসেস্ট রোগে আক্রান্ত হতে পারেন।