গণশৌচাগারে পানি-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উর্যাকট দুর্গন্ধ এড়াতে নাকে রুমাল চাপা দিতে হয়, নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে যেন অনন্যোপায় হয়েই প্রাকৃতিক কাজ সেরে বেরিয়ে আসছিলেন লোকজন। এমন পরিবেশে সারি করে রাখা বড় বড় প্লাস্টিকের জারে পানি ভরা হচ্ছিল বিক্রির জন্য। নগরের বহদ্দারহাটের একটি গণশৌচাগারে সম্প্রতি এমন দৃশ্য দেখা গেছে। নগরের বিভিন্ন জায়গায় সিটি করপোরেশনের যে ৫১টি গণশৌচাগার রয়েছে সেসবের চিত্রও কম-বেশি একই রকম। নাগরিক সেবার জন্য এসব শৌচাগার বসানো হলেও নেই রক্ষণাবেক্ষণ। তারপর প্রায় সবগুলো গণশৌচাগার থেকে অবৈধভাবে পানি বিক্রি হয়।অভিযোগ রয়েছে, একটি অসাধু চক্র এসব গণশৌচাগার ইজারা নিয়ে পানির ব্যবসা করছে। অপর দিকে, ওয়াসা কর্তৃপক্ষের অভিযোগ, বছরের পর বছর ধরে কিছু ইজারাদার পানি-বাণিজ্য করে মোটা অঙ্কের টাকা আয় করলেও ওয়াসার বিল পরিশোধ করছে না। তবে এসব শৌচাগারে প্রতিদিন কী পরিমাণ পানি ব্যবহূত কিংবা বিক্রি হচ্ছে এর কোনো হিসাব ওয়াসার কাছে নেই। এ ব্যাপারে ওয়াসার বাণিজ্যিক কর্মকর্তা তাহেরা ফেরদৌস বেগম প্রথম আলোকে বলেন, ‘কয়টি গণশৌচাগারে ওয়াসার সরবরাহ লাইন রয়েছে কিংবা গণশৌচাগার রয়েছে কতটি—এর হিসাবও আমাদের কাছে নেই।’ নাম প্রকাশ না করে ওয়াসার একজন কর্মকর্তা বলেন, ‘সিটি করপোরেশনের কাছে পানির বিল বাবদ ওয়াসার পাওনা রয়েছে তিন কোটি টাকা। তবে গত ডিসেম্বরে ৩০ লাখ টাকা আদায় হয়েছে।’ ১৫ মে নগরের কয়েকটি গণশৌচাগার পরিদর্শন করে পানি-বাণিজ্যের চিত্র দেখা গেছে। এ ছাড়া এসব শৌচাগারে নোংরা, স্যাঁতসেঁতে ও দুর্গন্ধযুক্ত পরিবেশে প্রাকৃতিক কাজ সারতে সাধারণ মানুষকে নানা বিড়ম্বনায় পড়তেও দেখা গেছে। ওই দিন বেলা একটায় বহদ্দারহাট পুরাতন বাসস্টেশনের গণশৌচাগারে দেখা যায়, স্থানীয় বিভিন্ন হোটেল-রেস্তোরাঁর কর্মচারীরা বিভিন্ন আকারের প্লাস্টিকের জারে পানি ভরছেন। এ সময় গণশৌচাগারের পশ্চিম পাশের ভাতঘর রেস্টুরেন্টের কর্মচারী মোহাম্মদ উল্লাহকে প্রশ্ন করলে বলেন, ‘এক ড্রাম ১০ টাকা দিয়ে কিনে নিই। আমাদের হোটেলে প্রতিদিন তিন-চার ড্রাম পানি নিয়ে যাই।’ এ সময় উপস্থিত এ শৌচাগারের কর্মচারী হাতেম বরাতি পানি বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘দুই লাখ ৮০ হাজার টাকায় এ পাবলিক টয়লেট ইজারা নেওয়া হয়েছে। পয়সা তো উশুল করে নিতে হবে।’ পানি বিক্রির একই রকম চিত্র দেখা গেছে বহদ্দারহাট চানমারি সড়কের গণশৌচাগারেও। এখানে ওয়াসার সরবরাহ লাইন রয়েছে। এ লাইন থেকে ছোট-বড় দুটি ড্রামে পানি ভরছিলেন কাঁচা বাজারের মাছ ব্যবসায়ী রকিবউদ্দীন। তিনি আরও জানান, বড় ড্রাম ৩০ টাকা ছোট ড্রাম ১০ টাকা দিতে হয়। এ সময় প্রাকৃতিক কাজ সেরে বেরিয়ে আসার সময় জনৈক আবছার উল্লাহ বলেন, ‘নেহায়েত অসুবিধায় না পড়লে এ ধরনের নোংরা শৌচাগারে আর কোনো দিন আসব না।’ এ শৌচাগারের ইজারাদার মোহাম্মদ সিরাজ মিয়া মুঠোফোনে এ প্রতিবেদকের কাছে পানি বিক্রির কথা স্বীকার করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা জানি, পানি বিক্রি করা ঠিক নয়। এর পরও মানবিক কারণে কাউকে না কাউকে দিতে হয়।’ আরেক প্রশ্নের জবাবে সিরাজ মিয়া বলেন, ‘আমি জেনেছি, অনেক দিন ধরে এ গণশৌচাগারের বিপরীতে ওয়াসার পানির বিল বাবদ প্রচুর টাকা বকেয়া রয়েছে। তবে এ বকেয়া আগের ইজারাদারের আমলের। আমরা নিয়মিত পানির বিল পরিশোধ করি।’স্টেশন সড়কে নতুন রেলওয়ে ভবনের পূর্ব পাশে গণশৌচাগারে দেখা যায়, ড্রাম দিয়ে তৈরি একটি চলমান ট্যাংকে পানি ভরে দিচ্ছেন এ শৌচাগারের ইজারাদার মোহাম্মদ আলম। নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও বাসাবাড়িতে বিক্রির উদ্দেশ্যে এ পানির ট্যাংকে পানি ভর্তি করা হচ্ছিল। পানির ট্যাংকের মালিক রুবেল বলেন, ‘১০ টাকা দিয়ে পানি কিনে বিভিন্ন জায়গায় ৫০ টাকায় বিক্রি করি। আমি প্রতিদিন ছয়-সাত ট্যাংক পানি এ টয়লেট থেকে কিনে নিই।’কেবল পানি বিক্রি নয় গণশৌচাগারগুলোয় বাণিজ্যিক ভিত্তিতে সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাও ধোয়া-মোছা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। স্টেশন সড়কের গণশৌচাগারের দেয়ালে এ-সংক্রান্ত একটি ঘোষণাও লেখা ছিল।গণশৌচাগারে পানির বিল বকেয়া থাকার কথা স্বীকার করেন সিটি করপোরেশনের উপসহকারী প্রকৌশলী ছদরুল হক। প্রথম আলোকে তিনি জানান, গণশৌচাগারগুলো নাগরিক সেবার জন্য বসানো হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কেউ পানি বিক্রি করলে এবং তা হাতেনাতে ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে। জানা যায়, নগরের বিভিন্ন জায়গায় বসানো ৫১টি গণশৌচাগারের মধ্যে ১৮-২০টিতে ওয়াসার সরবরাহ লাইন আছে। বাকিগুলোয় রয়েছে গভীর নলকূপ। তবে ইজারাদারদের কেউ কেউ বলেছেন, ১৮-২০টি গণশৌচাগারে ওয়াসার সরবরাহ লাইন থাকলেও এসব লাইনে পানি নিয়মিত আসে না।