মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার রেল গেটের উত্তর পশ্চিম পাশে অবস্থিত গণশৌচাগারের দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছে। বর্জ্যের দুর্গন্ধে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।
দীর্ঘদিন শৌচাগারটি পরিষ্কার না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শৌচাগারের দুর্গন্ধে ব্যবসা প্রতিষ্ঠনে বসে থাকা কঠিন হয়ে পড়ছে।
জানা গেছে. গণশৌচাগারটির সামনের সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী নাকে রুমাল চাপা দিয়ে যাতায়াত করে।
বারইয়ারহাট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক জানান, গণশৌচাগারের দুর্গন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সমস্যা হচ্ছে।
বারইয়ারহাট গণশৌচাগারের ইজারা নিয়েছেন মো. নুরনবীর পক্ষে তাঁর ভাগ্নে মো. সোলায়মান। তিনি জানান, ২০০৫ সালে গণশৌচাগার উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত পরিষ্কার করা হয়নি। দুর্গন্ধের বিষয় জানিয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।
বারইয়ারহাটের পৌর মেয়র এসএম তাহের ভূইয়া জানান, দুর্গন্ধের বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেবেন বলে জানান।