গণশৌচাগারের পানি নিয়ে বাইরে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে সিটি করপোরেশন নিয়ন্ত্রিত বেশির ভাগ গণশৌচাগারের পানি অবাধে বিক্রি করছেন ইজারাগ্রহীতারা। অনুমতি ছাড়াই পানি বিক্রি চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না সিটি করপোরেশন। সম্প্রতি নিউমার্কেটের সামনে আলকরণ মোড় ও জামাল খান এলাকায় সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া গেছে। নিউমার্কেট মোড়ের গণশৌচাগারে গিয়ে দেখা যায়, শৌচাগারের বাইরে সারি সারি সাজানো পানি পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি বড় বড় ড্রাম (পানির পাত্র) বসানো ভ্যান। পাইপের সাহায্যে পানি ভর্তি করা হচ্ছে এসব ড্রামে। পানি ক্রেতা পরিচয় দিয়ে পানি কিনতে চাইলে পানি বিক্রেতা পরিচয়দানকারী টিপু বলেন, ‘প্রতি ড্রাম পানির দাম ২০ টাকা। এখান থেকে পানি কিনলে আপনার কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তা আমরা দেখব।’নাম প্রকাশ না করার শর্তে এক ভ্যানচালক বলেন, ‘এখানে আমার মতো শতাধিক ভ্যানচালক আছেন। এর মধ্যে শৌচাগারের ইজারাগ্রহীতারও নিজস্ব ভ্যান আছে। এখান থেকে পানি নিয়ে আমরা আশপাশের বিভিন্ন বাসা, হোটেল, অফিস, কমিউনিটি সেন্টার ও ফুটপাতের চায়ের দোকানগুলোতে সরবরাহ করি। আমি নিজে দিনে প্রায় ১৫ ড্রাম পানি সরবরাহ করি।’একাধিক দোকানমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, কম দামে পানি পাওয়ার কারণে তাঁরা এখান থেকে পানি কিনে থাকেন।এদিকে, মুঠোফোনে পানি ক্রেতা পরিচয় দিয়ে যোগাযোগ করলে গণশৌচাগারের ইজারাগ্রহীতা মো. ইসমাইল বলেন, ‘আমি নিজের স্থাপিত ডিপ টিউবওয়েলের (গভীর নলকূপ) পানি বিক্রি করি। সিটি করপোরেশন থেকে আমার লাইসেন্স (অনুমতি) নেওয়া আছে। কোনো ঝামেলা হবে না। আমার লাইসেন্স অনেক ভারী (বেশি টাকায় ইজারা নেওয়া)।’ তিনি আরও জানান, শহরের সব গণশৌচাগারই এভাবে পানি বিক্রি করে থাকে। জামাল খান এলাকার গণশৌচাগারেও প্রকাশ্যে বিক্রি হয় পানি। তবে এখানে গভীর নলকূপের না, বিক্রি হয় ওয়াসার পানি। এখানকার ইজারাগ্রহীতা ভূদেবচন্দ্র নাথ বলেন, ‘দিনের যেকোনো সময় এখানে এলে পানি পাবেন। শুধু বিদ্যুৎ থাকলে হলো।’ তিনি আরও জানান, ‘যে টাকা দিয়ে ইজারা নেওয়া হয়। পানি বিক্রি না করলে তা ওঠানোই কষ্টকর। তাই আমরা পানি বিক্রি করে থাকি।’সিটি করপোরেশনের একটি সূত্র জানায়, নগরে সিটি করপোরেশনের গণশৌচাগার আছে ৪৮টি। ইজারার ভিত্তিতে এসব শৌচাগার পরিচালিত হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান এস্টেট কর্মকর্তা আহমেদুল হক বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এভাবে পানি বিক্রির কোনো অনুমতি নেই। আমি এ ব্যাপারে মৌখিকভাবে কয়েকজনকে সতর্কও করেছি। এর পরও এ ধরনের অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’