গণহত্যার ইতিহাস

দিনটি ছিল ১৯৭১ সালের পয়লা বৈশাখ। ভৈরবের আকাশে চারটি হেলিকপ্টার। পাকিস্তানি ছত্রীসেনারা উপজেলার মধ্যেরচর গ্রামে হেলিকপ্টার থেকে নেমে নির্বিচারে অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ শুরু করে। প্রাণ বাঁচাতে সহস্রাধিক মানুষ শিবপুর ইউনিয়নের পানাউল্লার চরে জড়ো হয়। উদ্দেশ্য নৌকাযোগে ব্রহ্মপুত্র পাড়ি দিয়ে পার্শ্ববর্তী নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামে আশ্রয় নেওয়া। কিন্তু নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই পাকিস্তানি বাহিনী এসে গুলি করে হত্যা করে অন্তত সাড়ে তিন শ মানুষ।
মহান মুক্তিযুদ্ধে ভৈরববাসীর দুঃখগাথা দিন দিন মনের আড়ালে চলে যাচ্ছে। তরুণ প্রজন্মের বড় একটি অংশ এই ট্র্যাজেডির কথা ভুলতে বসেছে। ঘটনাটি জানা থাকলেও সঠিক ইতিহাস জানা নেই অনেকের। এ কারণে গণহত্যা দিবস উপলক্ষে ভৈরব বন্ধুসভা এবার গণহত্যার ইতিহাস শোনার আসরের আয়োজন করে।
১৫ এপ্রিল বিকেলে পানাউল্লার চর বধ্যভূমিতে এই আসর বসে। ইতিহাস শোনাতে উপস্থিত হন মুক্তিযোদ্ধা মো. সায়দুল্লাহ মিয়া ও রফিকুল ইসলাম। শুরুতে বক্তব্য দেন প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা ও সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম।
ঘটনার ভয়াবহতার কথা আমন্ত্রিত দুই মুক্তিযোদ্ধার কাছ থেকে শুনে বন্ধুরা শিহরিত হন।