গণহত্যার শিকার পরিবার এখন অবলম্বনহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের পরিবার ছিল মোটামুটি সচ্ছল। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের কামানের গোলায় এক রাতে বিধ্বস্ত হয় আমাদের দুটি বসত ঘর। এতে মারা যান বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সাত সদস্য এবং ২০ জন নিকটাত্মীয়। আহত হন অনেকেই। সেই বিভীষিকাময় রাতের কথা মনে হলে শরীর এখনো শিউরে ওঠে। মার্চ মাস শুরু হলে মাঝেমধ্যে কিছু লোক পরিবারের সদস্যদের খোঁজ নিতে আসেন। তারপর আর কারও মনে থাকে না।’ অত্যন্ত ক্ষোভের সঙ্গে কথাগুলো বলছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে বিধ্বস্ত এক পরিবারের বেঁচে থাকা সদস্য করিমুল হক। তিনি জানান, তাঁর এখন নুন (লবণ) আনতে পান্তা ফুরায়। সম্পদ বলতে আছে শুধুু বসতভিটা। করিমুলের বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের জামমুড়া গ্রামে। এলাকাটি ত্রিপুরা সীমান্তের চোত্তাখোলা বাজার থেকে এক মাইল দূরে।করিমুল হক বলেন, ‘আমার বয়স তখন ১৭ বছর। চোত্তাখোলায় মুক্তি বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প খোলা হয়েছে। গ্রামের অনেকে সেখানে গিয়েছেন প্রশিক্ষণ নিতে। আমাদের বাড়ির পাশের প্রাথমিক বিদ্যালয়ে রাতে মুক্তিযোদ্ধারা থাকতেন। জুনের প্রথম দিকে আমার বৃদ্ধ দাদা হাজি আনা মিয়া মারা যান। ১৬ জুন রাতে তাঁর মোল্লাখানা (কুলখানি) উপলক্ষে আত্মীয়-স্বজনদের দাওয়াত দেওয়া হয়। অনেকেই খাওয়া-দাওয়া সেরে রাতে চলে গেলেও যাঁদের বাড়ি দূরে তাঁরা ভয়ে থেকে যান। রাত দুইটার দিকে পাকিস্তানি বাহিনীর কয়েকটি কামানের গোলা আমাদের ঘরের ওপর পড়ে। এতে ঘরটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কামানের গোলায় আমার বাবা অলি আহম্মদ ভূঁঞা, মা ফজিলাতুন নেছা, বোন হাফসা বেগম, রিনা আক্তার, ভাই মো. মহসিন, অহিদ উল্লাহ ও রেজাউল করিম মারা যান। এ ঘটনায় আরও মারা যান আমার নানি শরিফা খাতুন, মামা মহসিন, খালা সেতারা বেগম, তাঁর মেয়ে লক্ষ্মী ও অ্যানি, ফুফু তনজুমন নেছা, সামছুন নাহার, ফুফা আনিছুল হক মজুমদার, তাঁদের তিন মেয়ে পারুল, খালেদা ও সাজেদা, চাচা ছালে আহম্মদ, চাচাত বোন সাহানা আক্তার, ফাতেমা খাতুন, রোমেনা, চাচাত ভাই কবির আহম্মদ, টেমু, মামা, আবুল মনছুরসহ ২০ জন । আহত হন অনেকে। এক চাচি কুলসুম বিবি কোনো রকমে সুস্থ হয়ে উঠলেও তাঁর সারা শরীরের ক্ষতচিহ্ন আজও দগ দগ করছে। তিনি এখন মৃত্যুশয্যায়।’ স্মৃতি হাতড়ে কথাগুলো বলতে গিয়ে বারবার বাকরুদ্ধ হয়ে আসছিল করিমুলের। কিছুক্ষণ থেমে শুরু করলেন আবার, ‘সে দিন ভাগ্যক্রমে আমরা তিন ভাই বেঁচে যাই। ১৭ জুন গ্রামের একজন মৌলভি ডেকে সব লাশের একসঙ্গে জানাজা পড়াই। এ সময় পাঁচটি কবর খুঁড়ে দুটিতে পুরুষ, দুটিতে মহিলা এবং একটিতে শিশুদের কবর দেওয়া হয়। কোন দুটি কবরে বাবা-মাকে দাফন করা হয় তা-ও ভুলে গেছি। তাঁদের কথা মনে পড়লে পাঁচটি কবরকে সামনে রেখে জেয়ারত করে আসি।’ করিমুল জানান, যুদ্ধের সময় তাঁর বাবার ২০ একর জমি ছিল। কামানের গোলায় বিধ্বস্ত ঘর নির্মাণ ও আহতদের চিকিৎসা করাতে হয়েছে জমি বেচে। ফলে একদিকে পরিবারের আয় কমতে থাকে, বাড়তে থাকে খরচ। স্বাধীনতার পর থেকে করিমুলদের পরিবার সরকারি-বেসরকারি কোনো সাহায্য সহায়তা পায়নি। কোনো জনপ্রতিনিধি খবরও নেননি। বললেন, ‘শুনেছি ক্ষতিগ্রস্ত অনেক পরিবার রিলিফের টিন, নগদ টাকা কিংবা বিভিন্ন ধরনের সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা পেয়েছিল। কিন্তু আমাদের ভাগ্যে কিছুই জোটেনি। ভাইদের মধ্যে ভাগ-বাটোয়ারার পর সামান্য যেটুকু জমি পাই তা বেচে তিন মেয়ের মধ্যে দুইজনকে বিয়ে দিয়েছি। নিজের জমি নেই, বর্গা চাষ করে কোনো রকমে সংসার চালাই। এখন সম্বল বলতে আছে শুধু ঘরভিটা। ছোট মেয়েটির বিয়ের টাকা কোথায় পাব এখন সে চিন্তায় ঘুম আসে না।’