আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা আইএমও ছাত্রছাত্রীদের জন্য প্রতিবছর অনুষ্ঠিত হয় এমন একটি গণিত প্রতিযোগিতা। শুরুতে ওয়ারশ জোটভুক্ত পূর্ব ইউরোপিয়ান দেশগুলোতে এর সূত্রপাত হয়, কিন্তু কালক্রমে বিশ্বের অন্য প্রান্তের দেশগুলোও এতে আগ্রহী হয় এবং প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় ১৯৫৯ সালে রোমানিয়ায়। এরপর ১৯৮০ সাল বাদ দিয়ে প্রতিবছরই এটি অনুষ্ঠিত হচ্ছে। ১৯৮০ সালে মঙ্গোলিয়ায় অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে পারেনি। প্রায় ১০০টি দেশ থেকে সর্বোচ্চ ছয় সদস্যের একটি দল, সঙ্গে একজন দলনেতা, উপনেতা ও পর্যবেক্ষক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেন। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে একজন অংশগ্রহণকারীর বয়স ২০ বছরের বেশি হতে পারবে না। এই নিয়মের মধ্যে থেকে একজন প্রতিযোগী একাধিকবার অলিম্পিয়াডে অংশ নিতে পারে। প্রতিযোগিতার মোট নম্বর ৪২। প্রশ্নপত্রে ছয়টি সমস্যা থাকে। প্রতিটি সমস্যা সমাধানের জন্য ৭ নম্বর দেওয়া হয়। প্রতিযোগিতায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ। প্রতিযোগিতাটি দুই দিনব্যাপী হয়ে থাকে। তিনটি সমস্যা সমাধানের জন্য প্রতিযোগীরা একেক দিন সাড়ে চার ঘণ্টা সময় পায়। ২০০৫ সাল থেকে বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। ২০০৪ সালে বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করে। ওয়েবসাইট অবলম্বনে: সামসুল আলম