গণিত শিক্ষায় ‘স্মার্ট ডেস্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাগজে-কলমে গণিতের চিরায়ত অনুশীলন এবার পাল্টে যাচ্ছে। এবার আসছে ‘স্মার্ট ডেস্ক’। বিজ্ঞানীরা বলছেন, উচ্চ প্রযুক্তিসম্পন্ন এমন ডেস্ক প্রাথমিক বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের গণিতের দক্ষতা বাড়াতে সাহায্য করতে পারে। এ পদ্ধতিতে শিক্ষকেরা সরাসরি শিক্ষার্থীদের দুর্বলতা শনাক্ত করে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারবেন। ডেস্কটি তৈরি করেছেন যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁদের গবেষণা নিবন্ধটি প্রকাশ করা হয়েছে লার্নিং অ্যান্ড ইনস্ট্রাকশন সাময়িকীতে। নিবন্ধে বলা হয়েছে, গণিতসংক্রান্ত সমস্যার সমাধান খুঁজে বের করতে স্কুলছাত্রদের সহায়তা করে এ ডেস্ক। সাদা বোর্ডের মতো এ ডেস্ক মাল্টি-টাচ প্রযুক্তিতে কাজ করে। ফলে একই সময়ে কয়েকজন এ ডেস্ক ব্যবহার করতে পারে। শিক্ষার্থীরা গণিতের সমস্যা সমাধানের উপায় বের করতে পরস্পরকে সহযোগিতা করতে পারে।পরোক্ষ শিক্ষণব্যবস্থার পরিবর্তে তারা প্রত্যক্ষ শিক্ষণের আওতায় আসবে। খাতা-কলম ব্যবহারের পুরোনো পদ্ধতিতে গণিত আত্মস্থ করাটা তাদের পক্ষে তুলনামূলক বেশি কঠিন হলেও এবার তারা এ ডেস্কের মাধ্যমে সহজে ও দ্রত গতিতে দক্ষতা বাড়াতে পারবে।স্মার্ট ডেস্কে কেবল স্পর্শের মাধ্যমেই শ্রেণীকক্ষের বিভিন্ন কাজ সেরে ফেলা যাবে। এই ডেস্কই পর্দা, কি-বোর্ড ও টাচপ্যাড হিসেবে কাজ করবে। গবেষকদের তৈরি একটি সফটওয়্যার বিভিন্ন ধরনের স্পর্শ চিহ্নিত করতে পারবে। এটি একটি ডেস্কটপের সঙ্গে ইনফ্রারেড (অবলোহিত) সংযোগের মাধ্যমে কাজ করবে। শ্রেণীকক্ষের আসবাবেই স্মার্ট ডেস্ক সংযুক্ত থাকবে। প্রতিটি স্মার্ট ডেস্কের সঙ্গে স্মার্ট বোর্ডের সংযোগ থাকবে। প্রধান স্মার্ট বোর্ডটি নিয়ন্ত্রণ করবেন শ্রেণীশিক্ষক। তিনিই শিক্ষার্থীদের বিভিন্ন কাজ দেওয়ার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করবেন। তিনি একটি দলকে দেওয়া সমস্যা সমাধানের দায়িত্ব অন্য দলকে দিতে পারেন অথবা গোটা সমস্যাটি স্মার্ট বোর্ডে উপস্থাপনের মাধ্যমে আলোচনা করতে পারেন। ভবিষ্যতের শ্রেণীকক্ষ ‘স্টার ট্রেক ক্লাসরুম’ কেবল গণিত নয়, অন্যান্য বিষয় পড়ানোর ক্ষেত্রেও কার্যকর হবে।গবেষকেরা দাবি করেন, কোনো গাণিতিক সমস্যার সমাধানে শিক্ষার্থীদের যে দক্ষতা রয়েছে, তা আরও ফলপ্রসূভাবে ব্যবহার করতে উৎসাহিত করে থাকে তাঁদের এ ডেস্ক। প্রথাগতভাবে কাগজের ওপর গণিত অনুশীলন করার চেয়ে এটা অনেক বেশি কার্যকরী উপায়।ডারহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ইমা মার্সিয়ার বলেন, অনুশীলনের মাধ্যমে কেউ দ্রুত অঙ্ক কষতে পারদর্শী হয়ে উঠতে পারে। তবে শিক্ষার্থীদের একই গাণিতিক সমস্যা নানাভাবে সমাধানের উপায় শেখানো অনেক কঠিন। কিন্তু তাঁদের এ পদ্ধতি ব্যবহার করে শিক্ষকেরা শিক্ষার্থীদের এ ধরনের দক্ষতা উন্নয়নে সহায়তা করতে পারেন। কারণ, এখানে শিক্ষার্থীরা পারস্পরিক আলোচনার এবং ভিন্ন পদ্ধতিতে শেখার সুযোগ পায়। বিবিসি ও রয়টার্স।