গণিতের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় কোনো বিষয়ে ১০০-তে ১০০ পাওয়া সোজা কম্ম নয়। তা-ও আবার উন্নয়নশীল দেশ থেকে গিয়ে উন্নত দেশে প্রতিযোগিতায় এ সাফল্য চমকে দেওয়ার মতো। এক বা দুই বিষয়ে নয়, সব বিষয়ে এ সাফল্য চট্টগ্রামের ছেলে নিলয়ের।যুক্তরাজ্যের লুটন সিক্সথ ফরম কলেজের ‘এ’ লেভেল পরীক্ষায় গণিতের ১২টি বিষয়ে, চারটি পদার্থবিজ্ঞান ও দুটি অর্থনীতি বিষয়ে শতভাগ নম্বর পেয়ে সাড়া ফেলে দিয়েছেন চট্টগ্রামের ছেলে নিলয় বিশ্বাস। সাফল্যের স্বীকৃতি হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিলয়কে বৃত্তি দিয়েছে গণিতে স্নাতক পড়ার জন্য। ৩০ সেপ্টেম্বর থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন কলেজে তাঁর ক্লাস শুরু হওয়ার কথা।২০০২ সালে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান নিলয়। তাঁর বড় চাচা আইনজীবী স্বভূপ্রসাদ বিশ্বাসের কাছ থেকে জানা যায় নিলয়ের এ সাফল্যের কথা। তিনি বলেন, ‘নিলয় ছোটবেলা থেকেই মেধাবী এবং গণিতে পারদর্শী। শিক্ষকের সহযোগিতা ছাড়াই সে নিজে নিজে গণিতের নিয়ম বের করে সমাধান করতে পারত।’নিলয় ও তাঁর বাবা অচিন্ত্য রতন বিশ্বাসের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করে জানা যায়, ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে যুক্তরাজ্যের ডেনবিগ হাইস্কুলে ভর্তি হন। সেখানে ‘ও লেভেল’ পরীক্ষায় ১১টি বিষয়ে ‘এ স্টার’ (শতভাগ নম্বর) এবং একটি বিষয়ে ‘এ’ গ্রেড (৮০ শতাংশ নম্বর) পান তিনি। নিলয়ের ‘এ লেভেলের’ ফলাফলকে সারা যুক্তরাজ্যে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। লুটন সিক্সথ ফরম কলেজের অধ্যক্ষ সিমন কিচেনার এক চিঠিতে জানান, নিলয় ঈর্ষণীয় ফল করেছে। সাফল্যের বিচারে নিলয় তাঁর কলেজের তিনজনের একজন এবং ২০১২ সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ব্রিটিশ ম্যাথস অলিম্পিয়াডে ১০০ পদকধারীর একজন। নিলয়ের গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার চক্রশালায়। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। বাবা আইনজীবী অচিন্ত্য রতন বিশ্বাস। মা অরুণা বিশ্বাস। গণিতবিষয়ক একটি ওয়েবসাইট চালুর পরিকল্পনা রয়েছে নিলয়ের। এই ওয়েবসাইটে গণিত বিষয়ে পাঠ উপকরণ, প্রশ্নপত্র, নিবন্ধ থাকবে, যা বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে। নিলয়ের লক্ষ্য অর্থনীতি, শিক্ষা ও পরিবেশ অবকাঠামো নিয়ে কাজ করা। আর এ কাজে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং কাজের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করার কথা জানান নিলয়। তিনি মনে করেন, এই দেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে দারিদ্র্যই বিরাট বাধা।