গণিতের জন্য এত দূর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাচ্ বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎ​সবে রাঙামাটি অঞ্চলে বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস l প্রথম আলো
ডাচ্ বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎ​সবে রাঙামাটি অঞ্চলে বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস l প্রথম আলো

রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল ও কলেজের মাঠে টাঙানো বিরাট প্যান্ডেলের নিচে শিক্ষার্থীদের কোলাহল। গণিত উৎসবে দ্যুতি ছড়াচ্ছে নানা বয়সের শিক্ষার্থীরা। একেবারে পেছনের সারিতে বসা কয়েকজন শিক্ষার্থী গণিত নিয়ে আলাপে মশগুল। প্রশ্ন করতেই জানাল, তারা এসেছে খাগড়াছড়ির গুইমারা থেকে। প্রায় এক শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে।
১৫ জানুয়ারি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো’ গণিত উৎসবে যোগ দিতে ভোর ছয়টায় রওনা দিতে হয়েছে গুইমারা কলেজের ছাত্র মো. জুনাইদ, ক্যম্রাউ মারমা, ইকবাল হাসানকে। এবার উৎসবে ওই কলেজ থেকে এসেছে আটজন শিক্ষার্থী। রাঙামাটিতে পৌঁছাতেই তাঁদের সময় লেগেছে তিন ঘণ্টা। গুইমারার শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তীব্র শীত আর ভ্রমণক্লান্তি উপেক্ষা করেই উৎসবে এসেছে। গণিতকে জয় করার আগ্রহ তাদের টেনে এনেছে এত দূর। পাথের ক্লান্তি বা শীত কোনোটাকেই সমস্যা মনে হয়নি এই শিক্ষার্থীদের কাছে।
‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক ছাত্রছাত্রী এই উৎসবে অংশ গ্রহণ করে। তাদের কথা একটাই, তারা গণিত শিখতে চায়। ভীতি দূর করে গণিতকে ভালোবাসতে চায়।
গুইমারার শহীদ লেফটেন্যান্ট মুশফিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বলে, ‘কয়েক বছর ধরে শুনছি গণিত উৎসবের কথা। আমাদের আগ্রহ ছিল গণিত উৎসবে যোগ দেওয়ার। তাই শিক্ষকদের কাছে আবেদন করেছিলাম উৎসবে যোগ দেওয়ার জন্য। এবার আমরা হয়তো তেমন কিছু করতে পারব না। তবে সবকিছু দেখে নিয়মকানুন শিখে যাচ্ছি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতে ভালো করার চেষ্টা করব।’
গুইমারা কলেজের প্রভাষক অর্জুন নাথ বলেন, ‘মূলত ছাত্রছাত্রীদের উৎসাহ ও কলেজের শিক্ষকদের আগ্রহের কারণে এখানে আসা। শিক্ষার্থীদের বলেছি, তারা যেন গণিত উৎসবে কী হয়, প্রশ্নের ধরন কেমন, তা শিখে নেয়। সবাই মিলে যেন আলোচনা করে।’
উৎসবে প্রথমবারের মতো যোগ দিয়েছে কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর দক্ষিণ পারে অবস্থিত নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তাদের কথা, ‘আমার শিখতে এসেছি। গণিত নিয়ে আমাদের আগ্রহের কারণে এই উৎসবে যোগ দিতে পেরেছি। এবার থেকে প্রতি বছরই উৎসবে আসব আমরা।’
রাঙামাটি শহর থেকে নৌপথে প্রায় সাত কিলোমিটার দূরে খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়। সেই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র বিদর্শন চাকমা যোগ দিয়েছে গণিত উৎসবে। সে বলে, ‘গণিত আমার খুব প্রিয়। তবে কীভাবে গণিত সহজে আয়ত্ত করা যায় তা জানি না। সেটা শিখতে উৎসবে যোগ দিয়েছি।’
রাঙামাটি শহরের দেবাশীষ নগরের রাজা নলিনাক্ষ রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র দ্রাবিড় চাকমা উৎসবের প্রশ্নোত্তর পর্বে শিক্ষকদের কাছে জানতে চায়, গণিতে কীভাবে পারদর্শী হওয়া যায়? প্রশ্নের উত্তরে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান বলেন, গণিত নিয়ে লেগে থাকতে হবে। চিন্তা করতে হবে। এতে আগ্রহ বাড়বে। গণিতও আয়ত্তে আসবে।
গণিতে পারদর্শী হতে উৎসবে যোগ দিয়েছে কাপ্তাই নৌ বাহিনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র হৃদি চাকমা ও দশম শ্রেণির ছাত্র এডিশন চাকমা। কীভাবে এসেছ? জানতে চাইলে তারা বলে, ‘আমরা একদিন আগে রাঙামাটি শহরে এসে আত্মীয়ের বাড়তে উঠেছি। সকালে এসে উৎসবে যোগ দিয়েছি। গণিতের ভয়কে জয় করতেই এখানে আসা।’