গণিতের বীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের মতো বিষয়কে তারা নিচ্ছে ডাল-ভাতের মতো সহজে। গণিতের বিদঘুটে সমস্যাগুলোই তাদের কাছে এখন দারুণ মজার খেলা! এটাও সম্ভব? আর কারও কাছে না হলেও সৌরভ দাস ও নূর মোহাম্মদ শফিউল্লাহর কাছে গণিত অনেকটা সে রকম। শুধু কথায় নয়, এর প্রমাণ তারা এরই মধ্যে দিয়েছে কাজে। সম্প্রতি গণিতের বিশ্ব আসরে এই দুই ধীমান দেশের হয়ে জিতে এনেছে ব্রোঞ্জ পদক। এ বছর আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) ধনঞ্জয় বিশ্বাসের রুপার পদকের পাশাপাশি যে দুটি ব্রোঞ্জ পদক এসেছে, তা ঢাকা কলেজের এই দুই শিক্ষার্থীর হাত ধরে। আর তাই কলেজের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানাতে ভোলেনি শিক্ষক-শিক্ষার্থীরা।৩০ জুলাই জাঁকজমক এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা কলেজ শুভেচ্ছা ও সম্মাননা জানায় সৌরভ ও শফিউল্লাহকে। আর তাই সেদিন ঢাকা কলেজের সম্মুখভাগ জুড়েই ছিল সাজ সাজ রব। যে সাজের রেশই টেনে আনল কলেজের মিলনায়তনে। সেখানে এই দুই মেধাবীকে সম্মাননা জানানো ছাড়াও নবীনদের বরণ করে নেওয়া হয় ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে। চারপাশ থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে নবীনদের বরণ করে নেয় কলেজের অগ্রজরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, ‘আমরা আশা করি সৌরভ ও শফিউল্লাহ মতো প্রতিবছর জাতীয় গণিত দলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা জায়গা করে নেবে। আর তাই শুধু পাঠ্যবই নয়, এর বাইরের জীবনটাকেও সমান গুরুত্ব দিয়ে উপভোগ করতে হবে। নিজের পছন্দকে সব সময় গুরুত্ব দিতে হবে।’সৌরভ দাস পড়ছেন দ্বিতীয় বর্ষে, আর নূর মোহাম্মদ শফিউল্লাহ পড়ছে প্রথম বর্ষে। কলেজ থেকে শুভেচ্ছা সম্মাননা পেয়ে দারুণ উচ্ছ্বসিত তারা। সৌরভ জানায়, ‘অনেক ভালো লাগছে আজ নিজ ক্যাম্পাসের সবার শুভেচ্ছা অভিনন্দনে। আসলে আমি গণিতকে ভালোবাসতে শিখেছি জাতীয় গণিত অলিম্পিয়াড থেকে। একান্তভাবে ভালোবাসলে গণিতের ভয় জয় করা সহজ বলে মনে হয় আমার।’ অন্যদিকে নূর মোহাম্মদ শফিউল্লাহর গণিতের মতো ভালোবাসা আছে জীববিজ্ঞানে। তবে গণিতের বিশ্ব আসরে যারা যেতে চায় তাদের জন্য তার পরামর্শ হচ্ছে, ‘অবশ্যই বুঝে গণিত করতে হবে। আইএমওতে সব সময় এমন অঙ্ক দেওয়া হয়, যেটা আগে কখনো সমাধান করা হয়নি। তাই উত্তর দিতে এদিকে পড়াশোনাটা চাই যথাযথ।’অনুষ্ঠানের শেষ দিকে শিক্ষার্থীদের এমন অর্জনের পুনরাবৃত্তি করতে নবীনদের প্রতি আহ্বান জানান কলেজের অধ্যক্ষ ড. আয়শা বেগম। সবশেষে শিক্ষার্থীদের আনন্দ আয়োজনের পাশাপাশি ছিল র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে নন্দন পার্কের জোড়া জোড়া টিকিট জিতে নেওয়ার সুযোগ।