গণিতের মজাটা এবার বাংলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে আছে সালমানের কথা? বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের কথা? যে সালমান গণিতের নিরস ভাষাকে সরস উপায়ে ইউটিউবে উপস্থাপন করে জয় করেছিলেন বিশ্বের অসংখ্য শিক্ষার্থীর হূদয়। আর এই সাফল্যের জন্য গুগল পুরস্কৃত করে সালমান ও তাঁর খান একাডেমিকে।সালমানের ভিডিওচিত্রগুলো ছিল ইংরেজিতে। ফলে প্রযুক্তিনির্ভর ও সহজবোধ্য এই শিক্ষাপদ্ধতি থেকে বঞ্চিত ছিল বাংলাদেশের বেশির ভাগ শিক্ষার্থীই। সম্প্রতি এই বাধা দূর হতে চলেছে। সালমানের উদ্ভাবিত ভিডিওগুলো বাংলায় অনুবাদ করার কাজ হাতে নিয়েছে আমাদের দেশের স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ’।ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের প্রকল্প সমন্বয়কারী সাবহানাজ রশীদ জানান, ‘খান একাডেমির গণিতের প্রায় এক হাজার ভিডিও গুগলের আহ্বানে বিভিন্ন ভাষায় অনুবাদ করা হচ্ছে, যার মধ্যে বাংলায়ও রয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংগঠন আগামী এডুকেশন ফাউন্ডেশন, ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের সঙ্গে যোগাযোগ করে জানায়, তারা বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে এই ভিডিওগুলো পৌঁছে দিতে চায়।আগামী এডুকেশনের প্রয়োজনীয়তা এবং ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভের স্বেচ্ছাসেবীদের কাজের জায়গায় একটা মিল তৈরি হওয়ায় এই অনুবাদের কাজ হাতে নেওয়া। ২০১০ সালের শেষদিকে চুক্তিতে সই করা হলেও প্রকল্পের বাস্তবায়ন করতে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যায়। এখন পুরোদমে কাজ করছে ৬৫ জন স্বেচ্ছাসেবী। আগস্ট মাসের মধ্যে এক হাজার ভিডিও বাংলায় অনুবাদ করতে হবে।’ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ সূত্রে জানা যায়, ভিডিওগুলো যতটা সম্ভব নিখুঁতভাবে অনুবাদ করার জন্য পুরো কাজটি সম্পাদনা করা হয় কয়েকটি নির্দিষ্ট ধাপে। প্রথমেই একজন অনুবাদক ভিডিওটি মনোযোগ দিয়ে শোনেন এবং এর কথাগুলো ইংরেজি থেকে বাংলায় আক্ষরিক অনুবাদ করেন। প্রথম পর্বের অনুবাদ শেষ হওয়ার পর, ওই একই অনুবাদক অনুবাদটি নিয়ে সরকার-অনুমোদিত পাঠ্যপুস্তক, অভিধান এবং পরিচিত শিক্ষক ও বন্ধুর মতামতের সঙ্গে মিলিয়ে অনুবাদের পাণ্ডুলিপিটি চূড়ান্ত করেন। এরপর এই পাণ্ডুলিপি দেওয়া হয় একজন স্বরশিল্পী বা ভয়েস ট্যালেন্টকে। এরপর ভয়েস ট্যালেন্ট পাণ্ডুলিপিটি পড়ে দেখেন এবং এরপর তিনি চলে যান শব্দধারণ পর্বে। ধারণ করা অডিও ক্লিপটি অডিও-ভিডিও সম্পাদক মূল ভিডিওটির সঙ্গে জুড়ে দেন।কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সাবহানাজ জানান, ‘কাজ অনেক দূর এগিয়েছে। কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আরও স্বেচ্ছাসেবী অনুবাদক প্রয়োজন। এ ক্ষেত্রে একজন অনুবাদকের যেসব যোগ্যতা থাকা আবশ্যক: ইংরেজি থেকে বাংলায় সাবলীলভাবে অনুবাদ করার যোগ্যতা থাকতে হবে। বাংলাদেশের পঠিত শিক্ষাক্রমে গণিতে পারদর্শী হতে হবে। নির্ভুল ও বিশুদ্ধভাবে জ্যামিতি, বীজগণিত, ক্যালকুলাস ও পরিসংখ্যান বোঝার এবং অনুবাদ করার ক্ষমতা থাকতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার মনোভাব থাকতে হবে। অভ্র বা যেকোনো ইউনিকোড সফটওয়্যার টাইপের সক্ষমতা থাকতে হবে।’যাঁরা গণিত বিষয়ে আগ্রহী এবং স্বেচ্ছাসেবক হিসেবে এই প্রকল্পে কাজ করতে চান, তাঁরা নাম, ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানাসহ ই-মেইল করুন:[email protected] অথবা ভিজিট করুন www.facebook.com/1difb