গণ্ডামারায় ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিতে
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ১৫ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বেড়িবাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বঙ্গোপসাগর উপকূলীয় খাটখালী মোহনা, আলকদিয়া ও গণ্ডামারা এলাকার মানুষ। জরুরি ভিত্তিতে বাঁধের সংস্কার করা না হলে যেকোনো সময় এলাকাবাসীকে বিপর্যয়ের মুখে পড়তে হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল সম্প্রতি উপজেলার পশ্চিম বড়ঘোনা, আলকদিয়া, খাটখালীসহ বিভিন্ন এলাকার বেড়িবাঁধের বিধ্বস্ত অংশ পরিদর্শন করেন। তিনি বাঁধ সংস্কারের প্রয়োজনের কথা স্বীকার করেন। এলাকার ব্যবসায়ী মুফিজুর রহমান বলেন, ‘বেড়িবাঁধ বিধ্বস্ত হওয়ায় এলাকার মানুষ মৃত্যুঝুঁকিতে বসবাস করছে। বিপর্যয়ের আগেই বাঁধটি সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।’ গণ্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আরিফুল্লাহ জানান, বর্তমানে বঙ্গোপসাগরের খাটখালী মোহনা, আলমকদিয়া ও গণ্ডামারা অংশে ১৫ কিলোমিটার এলাকা ভাঙনের কবলে পড়েছে। এর মধ্যে আলমকদিয়ায় এক কিলোমিটার, খাটখালী থেকে পূর্ব বড়ঘোনা সমদআলী সিকদার পুরান বাড়ি পর্যন্ত চার কিলোমিটার এবং গণ্ডামারা বাজার থেকে সরল পর্যন্ত তিন কিলোমিটারসহ গণ্ডামারা-বড়ঘোনার ১৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এটি জরুরি ভিত্তিতে সংস্কার করা না হলে আগামী দিনে এলাকায় লোকজনের বসবাস করা দুরূহ হয়ে পড়বে। তিনি অবিলম্বে বেড়িবাঁধ সংস্কারের দাবি জানান। পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) চট্টগ্রাম দক্ষিণ উপসহকারী প্রকৌশলী আবুল বশর জানান, গণ্ডামারা অংশের ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকা পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এই বিষয়ে বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির ইকবাল বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেছি। বাঁধ সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হবে।’