গত সপ্তাহে সিএসইতে লেনদেন সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহের চার কার্যদিবসেই (২-৫অক্টোবর) ধারাবাহিকভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার লেনদেন বন্ধ ছিল। গত সপ্তাহে সিএসইতে সূচক কমেছে ৩ দশমিক ১৫ শতাংশ। কিন্তু এর আগের সপ্তাহে (২৫-২৯ অক্টোবর) সূচক, বাজার মূলধন ও সাপ্তাহিক লেনদেন সবই বেড়েছিল। তখন সিএসই-এর সূচক বাড়ে ১ দশমিক ৫৪ শতাংশ। একইসঙ্গে সাপ্তাহিক মোট লেনদেন বেড়ে দাঁড়ায় ৯৫ কোটি চার লাখ ৫৬ হাজার। সিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত ছিল নয়টি কোম্পানির দাম। পুরো সপ্তাহে সিএসই-এর সাধারণ সূচক ৩ দশমিক ১৫ শতাংশ কমে ১০ হাজার ৩২৮ দশমিক ৬৩ পয়েন্টে নেমে আসে। অপরদিকে, সার্বিক মূল্যসূচক ২ দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়ায় ১৬ হাজার ১৫৫ দশমিক ১৩ পয়েন্টে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়, ১৮৬ কোটি ৮৯ লাখ ৪৪ হাজার টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ১৫৩ কোটি ২৪ লাখ ৬১ হাজার টাকা কম। আগের সপ্তাহে যা ছিল ৩৪০ কোটি ১৪ লাখ পাঁচ হাজার টাকা।গত সপ্তাহে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল—সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, এমবি ফার্মা, রহিমা ফুড, তাল্লু স্পিনিং, ইমাম বাটন, ইস্টার্ন হাউজিং, মুন্নু সিরামিক, সাফকো স্পিনিং, মিথুন নিটিং ও প্রাইম ইন্স্যুরেন্স। একই সপ্তাহে দাম কমে যাওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছিল—লাফার্জ সুরমা, প্রিমিয়ার লিজিং, বঙ্গজ, ফিনিক্স ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, বার্জার পেইন্ট, প্রাইম ফিন্যান্স, সালভো কেমিক্যাল ও মেট্রো স্পিনিং। এদিকে, গত সপ্তাহে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে: লাফার্জ সুরমা, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ফার্মা, এমআই সিমেন্ট, গ্রামীণফোন, ইউসিবিএল, পিপলস লিজিং ও খুলনা পাওয়ার কোম্পানি।