গতবারের চেয়ে প্রার্থী কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে বিগত নির্বাচনের সময়ের তুলনায় প্রার্থী সংখ্যা নানা কারণে উল্লেখযোগ্য হারে কমে গেছে। ৪১টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়পত্র সংগ্রহ করেছিলেন ৭৩৩ জন। কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন অর্ধেকেরও কম, ৩২২ জন। একই অবস্থা নারী কাউন্সিলর ও মেয়র পদে। মেয়র পদে ৩৫ শতাংশ ও নারী কাউন্সিলর পদে ৫৫ শতাংশ মনোনয়ন জমা পড়েছে। জামানতের টাকা বৃদ্ধি ও প্রার্থীদের মধ্যে পারস্পরিক সমঝোতার কারণে মনোনয়নপত্র জমা দেওয়ার হার কমেছে বলে সংশ্লিষ্ট লোকজন মনে করছেন। তাঁদের মতে, মনোনয়ন সংগ্রহের সময় কোনো ফি না থাকায় মনোনয়নপত্র সংগ্রহ বেশি হয়েছে। এবার সাধারণ কাউন্সিলর পদে জামানত গত নির্বাচনের চেয়ে অন্তত ৫-২৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার টাকা। আগে কাউন্সিলর পদে জামানত ছিল দুহাজার টাকা। এবার জনসংখ্যা অনুপাতে সর্বনিম্ন জামানত ২০ হাজার টাকা। আর মেয়র পদের পাঁচ হাজার টাকা জামানত বেড়ে এবার হয়েছে ৫০ হাজার টাকা।এবার মনোনয়ন কম জমা পড়ার কারণ জানতে চাইলে সিটি করপোরেশন নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘জামানতের টাকা বেশি হওয়ায় মনোনয়পত্র জমা দেওয়ার প্রবণতা কমেছে বলে মনে হচ্ছে।’জানা গেছে, ২০০৫ সালের সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ছিলেন ২১ জন। এবার সে জায়গায় মেয়র পদে এ পর্যন্ত ১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৫১ জন। আগেরবার ১৪টি সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু এবার জমা দিয়েছেন মাত্র ৬৭ জন। ফরম সংগ্রহ করেছিলেন ১১৯ জন। তবে ৪১টি ওয়ার্ড কাউন্সিলর পদে গতবারের প্রতিদ্বন্দ্বীর চেয়ে এবার এখন পর্যন্ত ১৮ জন বেশি প্রার্থী হয়েছেন। গতবার যেখানে ৩০৪ জন প্রার্থী ছিলেন সেখানে এবার মনোনয়ন জমা দিয়েছেন ৩২২ জন। তবে আগামী ১ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। কাউন্সিলর পদে প্রার্থীর সংখ্যা গতবারের চেয়ে আরও কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে কমতে পারে মেয়র ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীও। জানা গেছে, গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ১৮ জন মেয়রপ্রার্থীর মধ্যে সদ্য সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের রয়েছেন চারজন। একই দলের আরও তিন নেতা সংসদ সদস্য এমএ লতিফ, সাইফুজ্জামান চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন মনোনয়ন নিয়েও দলীয় সমঝোতার কারণে জমা দেননি। জানা গেছে, দলীয় প্রার্থী ছাড়া মেয়র পদে স্বতন্ত্র হিসেবে অন্তত ৩০ জন মনোনয়ন সংগ্রহ করেছিলেন। কিন্তু তাঁদের মধ্যে সাতজন ছাড়া শেষপর্যন্ত জামানতের কথা ভেবে বাকিরা আর মনোনয়নপত্র জমা দেননি। তবে জামানতের কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন—এটা কোনো প্রার্থী সরাসরি স্বীকার করতে রাজি নন। তাঁরা নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, বড় দলগুলোর দৌরাত্ম্য বেশি ইত্যাদি অভিযোগ তোলেন। ন্যাশনাল পিপলস পার্টির হয়ে মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেছিলেন শামসুল হক এনাম। জমা না দেওয়া সম্পর্কে তিনি বলেন, ‘টাকার অঙ্ক বড়। এজন্য অনেক প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি। তবে আমরা ভেবেছিলাম বিএনপি নির্বাচনে অংশ নেবে না। তাই মনোনয়ন নিয়েছিলাম। এখন তো তাঁরা নির্বাচন করছেন। এ ছাড়া নির্বাচন কমিশন অতটা নিরপেক্ষ নয়। তাই জমা দিইনি।’এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার জাতীয় নির্বাহী সদস্য দেবাশীষ রক্ষিত বলেন, ‘জামানতের টাকা বাড়ানোর কারণে এবার মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা কম পড়েছে। প্রত্যাহারের পর তা আরও কমে যাবে। কমিশন এটা একটি ভালো উদ্যোগ নিয়েছে।’ তিনি আরও বলেন, ‘ডামি প্রার্থী হওয়ার জন্য কিংবা প্রার্থী হয়ে বড় প্রার্থীদের সঙ্গে দেনদরবার করার জন্য অনেকে প্রার্থী হন। বর্তমানে যে সংখ্যক প্রার্থী রয়েছেন তাঁদের মধ্য থেকেও এ জামানত ফেরতের জন্য অনেকে প্রার্থিতা শেষপর্যন্ত প্রত্যাহার করবেন।’