গতবারের তুলনায় এবার ক্রেতা-দর্শক কম
নগরের পলোগ্রাউন্ড মাঠে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্পপণ্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল গত ২০ ফেব্রুয়ারি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (২০ মার্চ) ২৯ দিন পেরিয়ে গেলেও মেলায় প্রত্যাশিত ক্রেতা-দর্শকসমাগম ঘটেনি। বিশেষ করে, সরকারি ছুটির দিন এবং সন্ধ্যার দিকে কিছু লোকসমাগম দেখা গেলেও অন্য সময় লোকজনের আনাগোনা থাকে কম। এতে বেচাকেনা আশানুরূপ না হওয়ায় বিক্রেতাদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। বিক্রেতারা এ অবস্থার জন্য বিশ্বকাপ ক্রিকেটকে দায়ী করেছেন। তবে আগামী দু-এক দিনের মধ্যে দর্শক-ক্রেতা ও বেচাকেনা বাড়বে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন। ১৯ ও ২০ মার্চ মেলা ঘুরে এমন চিত্রই পাওয়া গেছে। সূত্র জানায়, গত বছর মেলায় একই সময়ে প্রতিদিন ৫০ হাজারের বেশি ক্রেতা-দর্শকের সমাগম হয়েছিল। এবার প্রত্যাশিত ক্রেতা-দর্শকের সমাগম না হওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব ওসমান গনি বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের প্রভাব পড়েছে এবারের মেলায়। তবুও প্রতিদিন গড়ে ৩৫-৪০ হাজার দর্শক-ক্রেতার সমাগম হচ্ছে।’ মেলায় অংশ নেওয়া একাধিক স্টল ও প্যাভিলিয়নের মালিকও এবারের মেলায় আশানুরূপ বেচাকেনা না হওয়ার জন্য বিশ্বকাপ ক্রিকেটকেই দুষছেন। রন ফ্যাশনের বিক্রয়কর্মী মো. হাসান বলেন, ‘২০ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হলেও বিশ্বকাপ ক্রিকেটের কারণে ১৪-১৫ মার্চ পর্যন্ত দর্শক কিংবা ক্রেতার উপস্থিতি চোখে পড়ার মতো ছিল না।’ একই রকম কথা বললেন ফরেন প্যাভিলিয়নের বিক্রয়কর্মী শাহেদ আসগর। তিনি বলেন, ‘মেলা শুরুর পর ২০-২২ দিনই উল্লেখ করার মতো বেচাকেনা হয়নি।’ মেলায় অংশ নেওয়া ইন্টারনেট সেবাদানকারী সংস্থা বাংলালায়ন ওয়াইম্যাক্সের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘গত বছর মেলায় আমরা অংশ নিয়েছিলাম। তখন আমাদের প্যাভিলিয়নে দিনে তিন-চার হাজার ক্রেতা-দর্শকের সমাগম হয়েছিল। কিন্তু এবার সে রকম নেই।’সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত দু-এক দিন থেকে ক্রেতা-দর্শক কিছুটা বাড়ছে। মেলার মূল ফটক ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া ইমপাল্স প্রোপার্টিজ লিমিটেডের প্রকল্প তত্ত্বাবধায়ক মো. আবু ইউসুফ বলেন, ‘ইদানীং প্রতিদিন গড়ে ৩০-৩৫ হাজার দর্শক ও ক্রেতা আসছে।’ গাজী টেক্সটাইলের বিক্রয়কর্মী খোরশেদ আলম বলেন, ‘চার-পাঁচ দিন ধরে মেলায় দর্শক-ক্রেতার ভিড় বাড়ছে। তবে ক্রেতার চেয়ে দর্শক বেশি।’ একই রকম মন্তব্য করেন পাকিস্তানি প্যাভিলিয়নের একটি স্টলের বিক্রয়কর্মী নাহিদ জামান।