গতিহারা ওয়াই-ফাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬টি স্থানে ওয়াই–ফাই সংযোগ দেওয়া হয়েছিল ২০১৪ সালের জুনে। এতে ব্যয় হয় প্রায় আড়াই কোটি টাকা। দুই বছর পার হলেও এখনো এর পুরোপুরি সুফল পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে ১৬টি স্থানের মধ্যে বর্তমানে নয়টিতেই পাঁচ মাস ধরে ওয়াই–ফাইসুবিধা পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তাজনিত কারণে এসব স্থানে এ সুবিধা বন্ধ রাখা হয়েছে। বাকি সাতটি স্থানে সুবিধা পাওয়া গেলেও গতি খুবই কম। সর্বশেষ গত রবি, সোম ও মঙ্গলবার কোনো স্থানেই ওয়াই–ফাইসুবিধা ছিল না।

একাধিক শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগ, ওয়াই–ফাইসংযোগ দেওয়া হলেও এ ব্যাপারে কর্তৃপক্ষের যথাযথ তদারকি নেই। ফলে কিছুদিন পরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ওয়াই–ফাইসুবিধা বন্ধ হয়ে যায়। আবার যখন পাওয়া যায় তখন গতি থাকে একেবারেই কম। এতে স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করতে হিমশিম খেতে হয়। একটি ওয়েবসাইট খুলতেই আধা ঘণ্টা বা তার বেশি সময় লাগে।

বিশ্ববিদ্যালয় আইসিটি সেন্টারের দাবি, সেকেন্ডে একটি রাউটারের অধীনে ৩০ এমবিপিএস (১ এমবিপিএস ‍= ১০২৪ কেবিপিএস) গতি পাওয়ার কথা। ওভাবে রাউটারগুলো বসানো। তবে শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, বাস্তবে একটি রাউটার থেকে পাওয়া যায় ১২৫ কেবিপিএসের কম।

বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একটি রাউটারে যদি ৩০ এমবিপিএস গতি পাওয়া যায়, তাহলে একসঙ্গে ৩০০ জন স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। বাস্তবে তো বরাদ্দের সিকি ভাগও পাওয়া যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) হাইয়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট (হেকেপ) প্রকল্পের আওতায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ওয়াই–ফাই সংযোগ দেওয়ার প্রকল্প নেওয়া হয়। এ প্রকল্পের অধীনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাস, শহীদ মিনার, কেন্দ্রীয় গ্রন্থাগার, সব অনুষদসহ ১৬টি স্থান ওয়াই–ফাইয়ের আওতায় আনা হয়। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয় প্রায় আড়াই কোটি টাকা। এর অর্থায়ন করে বিশ্বব্যাংক।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইফরাতুল আলম প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়াই–ফাইসুবিধা আছে নামমাত্র। অধিকাংশ সময়ই সংযোগ পাওয়া যায় না। হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, ‘আমরা ৩০ কেবিপিএসের বেশি গতি পাই না। একটি ওয়েবসাইট খুলতে বসে থাকতে হয় আধা ঘণ্টার বেশি।’

সামুদ্রিক বিজ্ঞান বিভাগের ছাত্র শাহ আরমান আলী বলেন, ‘ওয়াই–ফাইয়ের গতি খুবই ধীর। কিছুক্ষণ পরপর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝে মাঝে সংযোগ একেবারেই পাওয়া যায় না। অতি দ্রুত ওয়াই–ফাইসুবিধা উন্নত করা হোক।’

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের একটি বিভাগের এক শিক্ষক বলেন, ওয়াইফাই সংযোগ দিয়েই দায় সেরেছে কর্তৃপক্ষ। কিন্তু এর উন্নতির ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা আইসিটি সেন্টারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কারণে নয়টি স্থানের ওয়াইফাই সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। এখন সাতটি রাউটারের বিপরীতে প্রতি সেকেন্ডে ২০০ এমবিপিএস ওয়াইফাই–সেবা প্রদান করা হচ্ছে। যার যতটুকু দরকার, ততটুকু পাচ্ছে। কয়েকজন একসঙ্গে ব্যবহারের জন্য প্রকল্প গ্রহণ করে অধিক ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই রাউটার বসাতে হবে।