কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে মিয়ানমারে পণ্য রপ্তানি দিন দিন কমছে। চোরাইপথে পাচার হয়ে যাচ্ছে পণ্য। চোরাচালান বেড়ে যাওয়ায় বাংলাদেশ-মিয়ানমারের সীমান্ত-বাণিজ্য গতিহীন হয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, শুরুর দিকে সীমান্ত-বাণিজ্যে আমদানি-রপ্তানির পরিমাণ কাছাকাছি ছিল। পরবর্তীকালে ঘাটতি বাড়তে থাকে। বৈধ পথে যে পরিমাণ পণ্য আমদানি-রপ্তানি হয়, চোরাইপথে তার দ্বিগুণ থেকে তিন গুণ পাচার হয়। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) প্রতিমাসে কোটি টাকার চোরাই পণ্য আটক করলেও প্রতিদিন উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে উভয় দেশে চোরাইপণ্য পাচার হয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা যায়, টেকনাফ উপজেলার অন্তত ২৩টি সীমান্ত পয়েন্ট দিয়ে উভয় দেশের মালামাল পাচার হয়। এর মধ্যে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া, মিস্ত্রিপাড়া, ঘোলাপাড়া, নয়াপাড়া, টেকনাফের নাজিরপাড়া, মৌলভীপাড়া, চৌধুরীপাড়া, নাইট্যংপাড়া, কেরুনতলি, নিলা ইউনিয়নের জাদিমুরা, লেদা, চৌধুরীপাড়া, নাটমোরাপাড়া, ওয়াব্রাং, মৌলভীবাজার, হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া, মিনাবাজার, ঝিমংখালী, নয়াবাজার, লম্বা বিল, উনছিপ্রুং, উলুবনিয়া পয়েন্ট অন্যতম।সূত্র জানায়, বর্তমানে মিয়ানমার থেকে প্রতিবছরে গড়ে ৩৭৪ কোটি ৩৬ লাখ টাকার পণ্য আমদানি হলেও বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে ১১ কোটি ছয় লাখ ১৫ হাজার টাকার। ১৯৯৫ সাল থেকে গত ১৬ বছরের সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে আমদানি করা হয় দুই হাজার ৯৬ কোটি ৯১ লাখ ৩৪ হাজার টাকার পণ্য। তার বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি হয় ৫৬ কোটি ৯০ লাখ ১০ হাজার টাকার পণ্য। ওই ১৬টি অর্থবছরে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যঘাটতি দাঁড়িয়েছে দুই হাজার ৪০ কোটি এক লাখ ২৩ হাজার ৭৮৫ টাকা। প্রতি অর্থবছর এ ঘাটতি জ্যামিতিক হারে বৃদ্ধি পেতে পেতে বর্তমান অবস্থায় এসে দাঁড়িয়েছে। চোরাইপথে আসা পণ্যগুলো হলো—হিমায়িত মাছ, শুঁটকি, বিভিন্ন প্রকার কাঠ, আচার, শুকনো বরই, সুপারি, হলুদ, তেঁতুল, তৈরি পোশাক, ব্যাটারি, স্ক্র্যাপ, মুলিবাঁশ, গোলপাতা, বেত, চকলেট, ইলেকট্রনিকস সামগ্রী, পিভিসি পাইপ, নারকেল, ডাল, ছোলা, জিরা, ধনিয়া, বিছানার চাদর, কম্বল, বাম, আদা, সেনেকা মাটি, স্যান্ডেল, ছাতা, তুলা, গবাদিপশুর চামড়া, গরু, মহিষ, ছাগল ইত্যাদি। অন্যদিকে, বাংলাদেশ থেকে যায় সিমেন্ট, ফেয়ার অ্যান্ড লাভলী, অ্যালুমিনিয়াম সামগ্রী, তৈজসপত্র, বিস্কুট, সেমাই, আলু, ময়দা, ওষুধ, চুল, পানির ফিল্টার, নলকূপ, তৈরি পোশাক, গেঞ্জি ইত্যাদি।বিজিবি সূত্র জানায়, চলতি বছরে উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে উভয় দেশে পাচারকালে বিজিবির সদস্যরা জব্দ করেছে সাত কোটি ৬৮ লাখ ৯৮ হাজার ৬৩৯ টাকার পণ্য। এ ছাড়া টেকনাফ-মিয়ানমার ট্রানজিট পয়েন্ট দিয়ে উভয় দেশে পাচারকালে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ৭৫ লাখ ৫২ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়।টেকনাফ স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এতেশামুল হক প্রথম আলোকে জানান, উভয় দেশ থেকে পাচার হয়ে যাওয়া পণ্যগুলো বাণিজ্যের মাধ্যমে আমদানি-রপ্তানি করা গেলে বাণিজ্য বৈষম্য দূর হতো। তার পাশাপাশি সরকার বিরাট অঙ্কের রাজস্ব পেত। তিনি জানান, বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠাগুলোকে বন্দর এলাকায় কার্যালয় ও পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা করতে পারেনি। উপরন্তু ওপেন ইয়ার্ড চার্জ, রিভারডোর্স চার্জ, নাইট চার্জসহ কয়েকটি অতিরিক্ত চার্জ আদায় করে যাচ্ছে। বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ডপোর্ট টেকনাফ লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আবু নুর খালিদ অভিযোগগুলো ভিত্তিহীন উল্লেখ করে বলেন, সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী ২৫ বছরের জন্য ইজারা নেওয়া হয়েছে। স্থলবন্দরে আন্তর্জাতিক মানের বন্দর ভবন, ওয়্যার হাউস, জেটি, আন্তর্জাতিক টার্মিনাল, কেন্টিনসহ বন্দর এলাকা সমপ্রসারণ ও অবকাঠামো নির্মাণ কাজে প্রায় ২০ কোটি টাকার প্রকল্প বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বলেন, ‘সীমান্ত বাণিজ্যে গতিশীলতা ফিরে পেতে হলে কিছু নিয়ম-নীতি মেনে চলা উচিত। বিশেষ করে চোরাই পণ্য পাচার বন্ধে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তরিক হতে হবে। এ ছাড়া দুই দেশের বাণিজ্যসম্পর্কিত বৈঠকে চোরাচালানবিরোধী কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’এ প্রসঙ্গে টেকনাফ শুল্ক বিভাগের কর্মকর্তা আনোয়ার মাসুম বলেন, ‘মিয়ানমার থেকে আমদানি করা পণ্যসামগ্রীর ওপর থেকে শুল্ক আদায় করে বন্দর সচল রাখার একটা লক্ষ্য আমাদের থাকে। কিন্তু গত কিছুদিন ধরে বাণিজ্যিক পণ্য থেকে রাজস্ব আদায় খুবই হতাশাজনক।’ তিনি বলেন, স্থলবন্দরকে বাদ দিয়ে একদিনের ট্রানজিট পয়েন্ট দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার পণ্যসামগ্রী পাচার হচ্ছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্দরের ব্যবসায়ী ও আমদানি-রপ্তানিকারকেরা।