গন্তব্য এমআইটি
এমআইটি—ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি। বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান। নোবেল পুরস্কারপ্রাপ্ত ৭৬ জন বিদ্বান লেখাপড়া করেছেন এমআইটিতে। বাংলাদেশের শিক্ষার্থীরাও পড়ছেন বিশ্বখ্যাত সেই শিক্ষাপ্রতিষ্ঠানে। শোনা যাক তাঁদের কথা।এমআইটি প্রতিষ্ঠার (১৮৬১) দেড় শ বছর পেরিয়ে গেল, কিন্তু এমআইটির সুনাম যেন দিনকে দিন বেড়েই চলেছে। হবেই বা না কেন, নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ৭৬ জন যে এখান থেকেই শিক্ষালাভ করেছেন। যুক্তরাষ্ট্রের এই শিক্ষাপ্রতিষ্ঠান বিজ্ঞান আর প্রযুক্তির অসাধারণ সব উদ্ভাবন করে উড়িয়ে চলেছে তার বিজয় কেতন।এখানে সারা পৃথিবীর সেরাদের থেকে প্রতিবছর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির জন্য বেছে নেওয়া হয় মাত্র হাজার দশেক শিক্ষার্থীকে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের পাশাপাশি ১১৮টি দেশের শিক্ষার্থীরা পড়ছেন এমআইটিতে।তীব্র প্রতিযোগিতাকে জয় করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শিক্ষার্থীরাও সুযোগ করে নিচ্ছেন এমআইটিতে। বর্তমান শিক্ষার্থীদের মধ্যে স্নাতক পর্যায়ে রয়েছেন নাজিয়া চৌধুরী (জীববিজ্ঞান), দ্বীনী ফাতিহা (রসায়ন), রাকীবুল ইসলাম কেতন (অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকস), সাদমান তরফদার (তড়িৎ কৌশল ও কম্পিউটার বিজ্ঞান—ইইসিএস) এবং এস এম ইয়াসীন আই জামান (তড়িৎ কৌশল—ইই)। অন্যদিকে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন মায়সুন হাসান (ইইসিএস), এম এহসান হক (মিডিয়া ল্যাবরেটরি), সাদিয়া শারমিন (স্লোন স্কুল অব ম্যানেজমেন্ট), তানভীর আহমেদ (পরিবেশ ও পুরকৌশল) ও তৌহিদ জামান (ইইসিএস)। এবার সুযোগ পেয়েছেন আরেক বাংলাদেশি তারিক আদনান মুন। এ প্রতিবেদনে আজ আমরা শুনব নাজিয়া, রাকিবুল ও তারিকের কথা।গণিত অলিম্পিয়াডের বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন নাজিয়া চৌধুরী। এসএসসি-এইচএসসি যথাক্রমে ইস্পাহানি পাবলিক স্কুল আর চট্টগ্রাম কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। এখন এমআইটির জীববিজ্ঞানের শিক্ষার্থী তিনি। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার অভিজ্ঞতার কারণে এখানকার পড়াশোনার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হয়নি নাজিয়ার। নাজিয়া জানান, ‘গণিত অলিম্পিয়াড শুরু করলাম ২০০৭ সালে। আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে গিয়েছি পরপর তিন বছর। ২০০৮ সালে পেয়েছিলাম অনারেবল মেনশন, ২০০৯ সালে ব্রোঞ্জ। স্যাট-টোয়েফল করে আবেদনপত্র ও রচনা লিখে আবেদন করি যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে। সুযোগ চলে আসে এমআইটি, প্রিন্সটন, ক্যালটক আর স্টানফোর্ড থেকে। পূর্ণবৃত্তি নিয়ে চলে আসি এমআইটিতে। গণিত অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত না থাকলে এসব অর্জন সম্ভব হতো কি না জানি না।’পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্বসহ বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠনের সঙ্গে কাজ করছেন নাজিয়া। বাংলাদেশে বিশ্বমানের গবেষণাগার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন নাজিয়া চৌধুরী। ‘এমআইটি যেন একটি গবেষণার কারখানা। প্রতিদিন এর ২০০-র মতো গবেষণাগার থেকে প্রকাশিত হয় বিজ্ঞানের নানা রহস্য আর অভিনব সব আবিষ্কার। আমাদের দেশেও গবেষণার ক্ষেত্র তৈরি করতে চাই।’ বাংলাদেশের আরেক শিক্ষার্থী রাকিবুল ইসলাম কেতন পড়ছেন অ্যারোনটিকস অ্যান্ড অ্যাস্ট্রোনটিকসে। ‘যেকোনো শাখাতেই এমআইটি আমাদের জন্য উন্মুক্ত করে দেয় জ্ঞানের এক বিশাল জগৎ। প্রতিদিনের অসংখ্য আলোচনা হয় এখানে। সেশন আর সেমিনারগুলোর মধ্য দিয়ে আমরা আগ্রহী হই, আরও জানতে হবে। সৃষ্টি করতে হবে নতুন কিছু।’ ওখানকার শিক্ষাব্যবস্থার ধরন তুলে ধরেন রাকিবুল। রাকিবুল ছোটবেলা কেটেছে বাংলাদেশেই। ‘ইন্টারন্যাশনাল টার্কিস হোপ স্কুল’ থেকে ও লেভেল, এ লেভেল শেষে স্নাতক করার সুযোগ পেয়েছেন এমআইটিতে। স্কুলের বিভিন্ন তর্কবিতর্ক, লেখালেখি, অনুষ্ঠান আয়োজন, বিজ্ঞান মেলাসহ নানা ক্ষেত্রে রাকিবুলের ছিল স্বাচ্ছন্দ্য অংশগ্রহণ। এমআইটিতে ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক ফলাফলের পাশাপাশি এসবও কাজে লেগেছে বলে জানান রাকিবুল। রাকিবুল বলছিলেন, ‘এমআইটির কোনো নির্দিষ্ট চাহিদা নেই। এখানে ভর্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অধিক গুরুত্ব থাকে সৃজনশীল কাজে। শিক্ষার্থীদের গণিত, পদার্থবিজ্ঞানসহ বিজ্ঞানের বিষয়গুলোতে বিশেষভাবে সফল হতে হবে। স্যাট-১, স্যাট-২, টোয়েফল শেষে নিজের সম্পর্কে ও আগ্রহী বিষয়ে রচনা লিখে সুপারিশ চিঠিসহ আবেদন করতে হয়।’তারিক আদনান এ বছর সুযোগ পেয়েছেন এমআইটিতে। ‘প্রপার্টিজ অব মেকানিকস’-এর ক্লাসে ১০ মিনিটের মাথায় কঠিন তত্ত্ব বুঝিয়ে সবাইকে অবাক করে দিলেন তারিক। সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করছেন ‘প্রজেক্ট পেন’-এ। আর ইতিমধ্যে গণিতবিষয়ক একটি জার্নালে প্রবন্ধ ছাপা হয়েছে তাঁর। কুষ্টিয়া জিলা স্কুল আর কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী মুন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছেন চারবার। ২০১০ সালে অর্জন করেছেন ব্রোঞ্জ পদক। মায়ের অনুপ্রেরণায় আর বিজ্ঞানী হওয়ার স্বপ্নে তারিক এ বছর যোগ দেবেন এমআইটির গর্বিত শিক্ষাজগতে।‘পড়াশোনাতেই যদি শুধু আলাদা ফল করতে হবে, তা নয়, এমআইটি আগ্রহী শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, কোনো কাজের প্রতি বিশেষ আগ্রহ আর এক্সট্রা কারিকুলাম বিষয়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। আমার এমআইটির স্বপ্নপূরণ হয়েছে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডকে ঘিরেই। আমাদের বিগত বছরগুলোতে সফল প্রতিযোগীদের ইচ্ছা বিজ্ঞান আর প্রযুক্তি, বিশেষ করে গণিত ও পদার্থবিজ্ঞানে। তাই এমআইটি ছাড়া তাদের আর কী লক্ষ্য হতে পারে।’ নতুনদের ভর্তির জন্যপাঁচটি স্কুল, একটি কলেজ নিয়ে ৩২টি বিষয় নিয়ে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করে থাকে এমআইটি। তীব্র প্রতিযোগিতামূলক বলে এমআইটিতে আবেদন করার প্রস্তুতি নিতে হবে হাতে সময় নিয়ে। কারণ, এখানে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য পেরোতে হবে অনেকগুলো ধাপ। শুরুতেই ইন্টারনেটে এমআইটি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর আবেদনপত্র, স্কোর, রচনা আর সুপারিশ চিঠি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত করতে হয়। আগ্রহীদের অস্পষ্ট ধারণা দূর করা জরুরি। তাই নিয়মিত ব্রাউজিং, আবেদনের খুঁটিনাটি দিকগুলো, আগের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরগুলো পড়ার পাশাপাশি সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারলে ভালো হয়।তারিক আদনান স্যাট-১, ২ (স্কোর পেয়েছেন ২০৯০ ও ২৪০০) এবং টোয়েফল (স্কোর পেয়েছেন ১১২) দিয়ে আবেদন করেছিলেন। তারিকের মতে, ‘ভালো স্কোরের পাশাপাশি রচনা ও সুপারিশ চিঠিগুলো সঠিক নিয়মে প্রস্তুত করার গুরুত্ব অনেক বেশি।’এমআইটি ভর্তি প্রতিযোগিতামূলক হওয়ার আরেকটি কারণ হলো, অর্থনৈতিক সাহায্য বা বৃত্তির সুযোগ। রাকিবুল জানালেন, এমআইটি পড়তে প্রতিবছর প্রয়োজন হয় প্রায় ৪০ লাখ টাকা, যা নিজের পরিবার থেকে বহন করা প্রায় অসম্ভবের কাছাকাছি। কিন্তু শিক্ষার্থীর পরিবারের অর্থনেতিক অবস্থা বিবেচনায় এমআইটি সম্পূর্ণ খরচ বা সিংহভাগ বহন করে। ভর্তি ও অর্থনৈতিক বিষয়াদি দেখাশোনা করে দুটি ভিন্ন অফিস। আবেদনপত্র বাছাইয়ের সময় কখনোই শিক্ষার্থীর অর্থনৈতিক সামর্থ্য দেখা হয় না, যাকে বলে ‘নিড ব্লাইন্ড’।আপনি কি এমআইটির সৃজনশীল পৃথিবীর একজন হতে চান? তাহলে জেনে নেওয়া যাক কিছু তথ্য। প্রতিবছর ১ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার পর ১৫ ফেব্রুয়ারির মধ্যে অর্থনৈতিক সাহায্য কিংবা বৃত্তির জন্য প্রস্তুতি চলে। মার্চের মধ্যবর্তী সময়ে জানিয়ে দেওয়া হয় প্রতিদ্বন্দ্বীমূলক এ বাছাইয়ে তাঁর সুযোগ মিলল কি না। ১ এপ্রিলের মধ্যে বৃত্তি কিংবা অন্যান্য অর্থনৈতিক সাহায্যের বিবরণ জানিয়ে দেওয়া হয়। তবে এমআইটি সব সময়ই নিশ্চিত করে, অর্থের চিন্তা যেন মেধাবী শিক্ষার্থীদের ব্যাঘাত না ঘটায়। যাঁরা সম্পূর্ণ বৃত্তি পান না, তাঁদের জন্য স্বল্পমেয়াদি চাকরি, গবেষণা সহায়কসহ এমআইটি ক্যাম্পাসে খণ্ডকালীন কাজের সুযোগ তো আছেই।আগেই বলা হয়েছে, এমআইটির ভর্তি একটি দীর্ঘপ্রক্রিয়া। তাই যাঁরা এমআইটির স্বপ্নের বন্দরে পৌঁছাতে চান, তাঁদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত। আরও তথ্যের জন্য যোগাযোগ:http://web.mit.eduhttp://www.mitadmissions.orghttp://web.mit.edu/bangladesh/www/index.htm