‘বুঝতে পারলাম কিছু একটা করেছি। হয়তো বড় কোনো সাফল্য নয়। তবু তো মন্দ নয়! মাঝেমধ্যে ছোট জিনিসগুলো কেন যেন অসাধারণ মনে হয়। একের পর এক পাহাড় জয় শেষে বাংলাদেশের পতাকা বুকে জড়িয়ে সবাই আনন্দ-উচ্ছ্বাস করছি। মনে হচ্ছে যেন সাত রাজার ধন আমাদের হাতে। পাঁচ-ছয় মাস বুকের ভেতরে জমে থাকা স্বপ্নটা অবশেষে পূরণ হলো। সেই উচ্ছ্বাস যদি দেখতেন!’ এভাবেই বলছিলেন খায়রুল আলম। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।একই বিভাগের আরও তিনজনসহ খায়রুল ১০ দিনের ‘পাহাড় ভ্রমণ’-এ গিয়ে জয় করেছেন তাজিংডং, সাকা হাফং বা তেলেংময় ও কেওক্রাডং পাহাড়। অভিযাত্রী দলের অন্য সদস্যরা হচ্ছেন—আসাদুজ্জামান, মোজাম্মিল হক ও আবদুল্লাহ আল মামুন। রায়হান আহমদ নামের অপর এক বন্ধু তাঁদের সঙ্গে থাকলেও অসুস্থ হয়ে তিনি শুরুর দিকেই ফেরত চলে আসেন।অভিযাত্রী দলের সদস্যরা জানান, ২১ নভেম্বর রাতে সিলেট থেকে বাসযোগে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু। সকালে চট্টগ্রাম আর দুপুরেই বান্দরবান। ওই রাতেই থানচি উপজেলায় গিয়ে রাত যাপন। পরদিন সকালে রওনা দিয়ে দিনভর হেঁটে শেরকরপাড়ায় পৌঁছে রাত যাপন। ২৪ নভেম্বর সকালে সেই কাঙ্ক্ষিত যাত্রা শুরু। সঙ্গে কিছু শুকনো খাবার, পানি আর প্রয়োজনীয় ওষুধপত্র। ভোর ছয়টার দিকে রওনা হয়ে অভিযাত্রীরা দুপুরে তাজিংডং পাহাড়ের একেবারে চূড়ায় পৌঁছে যান। আসাদুজ্জামানের ভাষায়, ‘মাথার ওপরে সূর্য। প্রচণ্ড গরম। শরীর ঘামছে। বোতলে পানি নেই। আনন্দে চিৎকার করলাম। সেই চিৎকার প্রতিধ্বনি হয়ে ফিরে এল। সে কী আনন্দ! সবাই মিলে একসঙ্গে জড়াজড়ি করে আকাশের দিকে তাকালাম। জাতীয় পতাকা উড়িয়ে গাইলাম, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি...’। জীবনে এত আনন্দের মুখোমুখি আর কখনো হইনি।’তাজিংডং বিজয় শেষে পুনরায় হাঁটা শুরু। হাঁটতে হাঁটতে রাত নাগাদ নয়াচরণ গ্রাম। ওই গ্রামে রাত যাপন শেষে সাকা হাফং বা তেলেংময় পাহাড়ের উদ্দেশে ২৫ নভেম্বর ভোর ছয়টায় হাঁটা শুরু হয়। ওই পাহাড়ের চূড়ায় যখন অভিযাত্রী দলের সদস্যরা পৌঁছালেন, তখন ঘড়ির কাঁটা দেড়টার কোঠায়।মোজাম্মিল হক বললেন, ‘গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) যন্ত্রটি পাহাড়ের চূড়ায় রেখে দিলাম। ভ্রমণ শুরুর আগে জাফর স্যার (মুহম্মদ জাফর ইকবাল) যন্ত্রটি আমাদের হাতে দিয়েছিলেন। ততক্ষণে স্ক্রিনে ভেসে উঠল, আমরা তিন হাজার ৪৬৫ ফুট উচ্চতায় রয়েছি। এর আগে বিজয় করা তাজিংডং পাহাড়ের উচ্চতা ছিল দুই হাজার ৭৪৫ ফুট। আশপাশে তাকালাম। এটিই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। ওপাশে মিয়ানমার সীমান্ত। এক ঘণ্টা পাহাড়ে অবস্থানের পর আবার ফিরতি পথে পা বাড়ালাম।’সাকা হাফং পাহাড় থেকে নেমে ওই দিন রাতে নয়াচরণ এলাকায় বিশ্রাম নেন অভিযাত্রীরা। এক দিন বিশ্রাম শেষে ২৬ নভেম্বর আবার যাত্রা শুরু। ২৭ নভেম্বর রোমা উপজেলার খাইখিয়ংপাড়ায় রাত কাটিয়ে ভোরে কেওক্রাডং পাহাড়ের উদ্দেশে রওনা হন অভিযাত্রীরা। বেলা ১১টায় আসে কাঙ্ক্ষিত সেই সময়। পাহাড়ের শীর্ষে অবস্থান করে তাঁরা আবারও উচ্চতা মেপে নেন। সঙ্গে থাকা যন্ত্রটি তখন তিন হাজার ২৪০ ফুট উচ্চতা দেখায়।আবদুল্লাহ আল মামুন বলেন, ‘তিনটি পাহাড় বিজয় করে আমাদের শরীরে ক্লান্তি চলে এলেও মন ছিল অপার আনন্দে ভরপুর। গাইড হিসেবে সঙ্গে থাকা ওই এলাকার পাতেং বম আমাদের অনেক ছবি তুলে দিলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পর হঠাৎ করেই মনে হলো, সত্যিই কী সুন্দর আমাদের এই প্রিয় বাংলাদেশ!’