গন্তব্য গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েটের তরুণ শিক্ষক তানায়েম এম মুসা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মোহাম্মদ আরিফুজ্জামান আগামী জানুয়ারিতে যোগ দিচ্ছেন তথ্যপ্রযুক্তির বিশ্বখ্যাত প্রতিষ্ঠান গুগলে। তাঁদের অর্জন ও আমাদের তরুণদের সম্ভাবনা নিয়ে এই প্রতিবেদনতথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান গুগল। পৃথিবীর সেরা সফটওয়্যার প্রকৌশলীরা কাজ করেন এখানে। প্রায় ২৪ হাজার কর্মী নিয়ে চার হাজার কোটি ডলারেরও বেশি সম্পদের মালিক গুগল তরুণ মেধাবীদের নিয়ে কাজ করে যাচ্ছে। আর এই প্রতিষ্ঠানেই যোগদান করছেন আমাদের দেশের দুই মেধাবী তরুণ তানায়েম এম মুসা ও মোহাম্মদ আরিফুজ্জামান। জানুয়ারিতেই তাঁরা কাজ শুরু করবেন ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত এ প্রতিষ্ঠানটিতে।এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘এ দেশের তরুণেরা বাইরে গিয়ে ভালো সব প্রতিষ্ঠানে চাকরি করছে, এটা অত্যন্ত আশার কথা। দেশের ভাবমূর্তি বাইরে উজ্জ্বল করার জন্য এটা খুবই জরুরি। মুসা ও আরিফুজ্জামানের এ অর্জন আমাদের তরুণদের মধ্যে আশা জাগাবে, তাদের উৎসাহী করে তুলবে। বিশ্বের দরবারে লড়াই করার মতো মেধাবী তরুণ যে আমাদের আছে—এ রকম ঘটনা তা-ই প্রমাণ করে। এর আগেও আমাদের অনেক তরুণ বিশ্বমানের বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো কাজ করে সুনাম কুড়িয়েছে।’প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্তে কম্পিউটারের প্রোগ্রাম-বিষয়ক নানা প্রয়োজন, জটিলতা ও ব্যবহারের ওপর আয়োজন করা হয় নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের। বিভিন্ন দেশ থেকে তরুণেরা অংশ নিচ্ছেন এসব প্রতিযোগিতায়। বাংলাদেশের তরুণেরাও এ ক্ষেত্রে পিছিয়ে নেই। শুধু অংশগ্রহণই নয়, এ দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়তে রীতিমতো ঘাম ঝরাতে হয় অন্যদের। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত বুয়েটের তরুণ প্রোগ্রামাররা ১৩ বার ওয়ার্ল্ড ফাইনালে উঠতে সক্ষম হন। তবে এ অর্জন সম্পর্কে জানেন এমন লোকের সংখ্যা খুব বেশি নয়। সঠিক প্রচারণা ও আর্থিক অসহযোগিতার কারণে এ ক্ষেত্রে অনেক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন আমাদের তরুণরা।‘ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবার আগে চিন্তা ও চেতনায় ডিজিটাল হতে হবে। কম্পিউটার বিজ্ঞানকে গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি। আর তা না হলে এ দেশের নাজুক অবস্থার উন্নতি কখনোই হবে না।’ বলছিলেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। পৃথিবীর অন্যতম সেরা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে বাংলাদেশ থেকে এ বছর যোগদান করা তানায়েম এম মুসা ও মোহাম্মদ আরিফুজ্জামানের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার গল্পটা শোনা যাক।১. ছেলেটির বাড়ি মুন্সিগঞ্জে। শৈশবে স্থপতি হওয়ার স্বপ্ন থাকলেও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে তাঁর স্বপ্ন। সেই ছোট ছেলেটিই বড় হয়ে আগ্রহী হয়ে ওঠেন কম্পিউটারের প্রতি। প্রোগ্রামের প্রতি দারুণ আগ্রহ তাঁর। সব কাজ বাদ দিয়ে অ্যালগরিদম আর কোডিংয়ের সঙ্গে জড়িত নানা সমস্যা সমাধানে সময় ব্যয় করতেই বেশি ভালো লাগে তাঁর। কম্পিউটার বিজ্ঞানে অনার্স শেষ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। পড়াশোনার সঙ্গে সঙ্গে অংশ নিয়েছেন বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে। কেউই হারতে চান না। আর তাই এসব প্রতিযোগিতায় জেতার জন্য ছেলেটি শুরু করলেন কঠোর পরিশ্রম। সফটওয়্যারের নানা খুঁটিনাটি বিষয় নিয়ে পার করতে লাগলেন দিন আর রাত। সব দিক থেকেই ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন পরিপক্ব। দেশের বাইরেও যাওয়া হলো প্রতিযোগিতার টানে। সেখানে অন্যান্য দেশের মেধাবী তরুণদের সঙ্গে চলল লড়াই। তাঁর অসাধারণ মেধার পরিচয় দিয়ে তিনি পেয়েছেন গুগলে কাজ করার সুযোগ। শুরুটা কিন্তু এমন ছিল না। পেরোতে হয়েছে অনেক ঝক্কি-ঝামেলা।প্রোগ্রাম-বিষয়ক একটি প্রতিযোগিতায় তিনি অংশ নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নকালে। কানাডায় অনুষ্ঠিত সে প্রতিযোগিতায় তিনি ফাইনালে উঠতে সক্ষম হন। এভাবেই ধীরে ধীরে নজর কাড়েন সবার। গুগল প্রতিবছর কোডজ্যামের ওপর আয়োজন করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। পুরো পৃথিবী থেকে অনেক দল সেখানে ছুটে আসে প্রতিযোগিতা করতে। আরিফুজ্জামান এতে অংশ নিয়ে ৭০০টি দলকে ডিঙিয়ে পৌঁছে যান সেমিফাইনালে। প্রতিযোগিতা শেষে গুগল প্রথম ৫০০ প্রতিযোগীকে সুযোগ করে দেয় গুগলে চাকরির জন্য অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণের। তারা কাজে লাগাতে চায় এসব দক্ষ প্রতিযোগীকে। ভারতের বেঙ্গালুরুতে হয় এ পরীক্ষা। প্রথমে অবশ্য গুগলের ডাক পাননি আরিফুজ্জামান। তাই আবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বছর পার হতে না হতেই আবার ডাক পড়ে গুগল থেকে। দক্ষিণ আফ্রিকায় তখন তিনি কাজে ব্যস্ত। সেখান থেকে ছুটে আসেন পরীক্ষা দিতে। সব খরচ বহন করে গুগল। এবার সুযোগ পান গুগলে কাজ করার। ‘গুগলে কাজ করাটা স্বপ্নের মতো। যেকোনো ভালো জায়গায় গিয়ে কাজ করার আনন্দই অন্য রকম। দেশের বাইরে থাকলেও দেশের তরুণদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে আমার। তাঁরাও প্রোগ্রামের প্রতি আগ্রহী হয়ে উঠুক, এটাই আমার চাওয়া।’ বললেন আরিফুজ্জামান।সময় বসে থাকে না। আর তাই মুন্সিগঞ্জের সেই ছোট্ট ছেলেটি এখন অনেক বড়। অনেক দায়িত্ব তাঁর কাঁধে, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার। আইটি ক্ষেত্রে বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিচিত করে তুলতে কাজ করে যাওয়ার কথা জানান আরিফুজ্জামান।২. বুয়েটে পড়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন তানায়েম এম মুসা। ইচ্ছে ছিল বিজ্ঞানী হওয়ার। মস্ত এই শহরে এসে পড়াশোনা শুরু করলেন কম্পিউটার বিজ্ঞানে। মাথায় ঢুকল প্রোগ্রামের পোকা। বন্ধুদের সঙ্গে নানা বিষয়ে হতো আলোচনা। নিজেদের চিন্তাভাবনাগুলো তুলে ধরতেন একে অপরের কাছে। এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাওয়া। সমস্যায় পড়লে সহযোগিতা করতেন শিক্ষকেরা। সেই সঙ্গে ছিল পরিবারের উৎসাহ।গুগলে চাকরি করার ইচ্ছে প্রায় প্রত্যেক প্রোগ্রামারেরই থাকে। সেখানে রয়েছে মেধা বিকাশের অফুরান সুযোগ। ‘বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতায় আমাদের দেশের তরুণদের রয়েছে অনেক আগ্রহ। তাঁদের প্রোগ্রামের ওপর উৎসাহী করে তোলার জন্য দেশজুড়ে আয়োজন করতে হবে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য এ বিষয়ের ওপর দক্ষ হয়ে ওঠা এখন অতি জরুরি। এ জন্য সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এ কাজে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতে হবে। দিতে হবে আর্থিক সাহায্য। তবে এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন প্রচারণা।’ তরুণদের প্রযুক্তিতে আগ্রহী করে তোলার বিষয়ে বলছিলেন তানায়েম এম মুসা। বুয়েটে শিক্ষকতা করেন মুসা। ছাত্রদের পড়িয়ে, নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে পান আনন্দ। দেশের কথা উঠতেই হয়ে ওঠেন কিছুটা আবেগী। ‘দেশ দিয়েছে অনেক। এ দেশের প্রতি রয়েছে অনেক দায়িত্ব। সীমানা পেরিয়ে ভিনদেশে পাড়ি জমালেও মনটা আমার এখানেই পড়ে থাকবে। অনেক অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি। ওখানে ভালো করতে পারলে দেশের সুনাম হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব।’সময়, সুযোগ ও মেধার সমন্বয় করে তরুণেরাই যে আমাদের উন্নত বাংলাদেশ গড়ে দিতে পারেন, সে কথাই বললেন অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, ‘মুসা ও আরিফুজ্জামানের মতো অনেক মেধাবীর স্বপ্ন পূরণ হোক। তাদের স্বপ্ন সত্য হলেই তো এগিয়ে যাবে দেশ। সমান তালে একদিন পাল্লা দেবে বিশ্বের দরবারে।’