ঈদের ছুটিতে যাঁরা বেড়ানোর কথা ভাবছেন, তাঁদের বেশির ভাগেরই প্রথম পছন্দ কক্সবাজার। ইতিমধ্যে সৈকত শহরের ৪০০-এরও বেশি হোটেল-মোটেল-গেস্টহাউস এক সপ্তাহের জন্য অগ্রিম বুকিং হয়ে গেছে। ঈদের পরদিন থেকে কক্সবাজারে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছেন হোটেল-মালিকেরা। হোটেল-মোটেল, ঝিনুকের দোকান, রেস্তোরাঁসহ নানা ব্যবসা প্রতিষ্ঠানে এখন তারই প্রস্তুতি চলছে।কক্সবাজার হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার বলেন, ‘সোমবার পর্যন্ত এখানকার ৯৮ শতাংশ হোটেল ও গেস্টহাউস ফাঁকা ছিল। ঈদের পরদিন থেকে সপ্তাহ দেড়েকের জন্য সৈকতে পর্যটকের ঢল নামবে। তখন সব হোটেলের ব্যবসা ভালো হবে। শহরের বিভিন্ন হোটেল-মোটেল ও গেস্টহাউসে দৈনিক ৭০ হাজারের বেশি পর্যটকের রাত কাটানোর ব্যবস্থা রয়েছে।’ সোমবার সকালে সৈকতের লাবণী পয়েন্টে গিয়ে দেখা গেছে, সৈকতের পাঁচ কিলোমিটার এলাকা প্রায় ফাঁকা। ১৫-২০ জন পর্যটক বালুচরে নেমে দৌড়ঝাঁপ করছেন। কয়েকজন ছাতা ব্যবসায়ী পর্যটকদের জন্য সৈকতে চেয়ার-ছাতা বসাচ্ছিলেন। পাশেই ঝিনুক মার্কেটের কয়েক শ দোকান নতুন করে সাজানো হচ্ছিল। ছাতা ব্যবসায়ী হাসান আলী বলেন, ঈদের পরদিন থেকে দৈনিক দেড়-দুই লাখ পর্যটক এই সমুদ্রসৈকতে আসবেন। তখন বিশাল সৈকত কানায় কানায় ভরে যাবে। চেয়ারে বসে গভীর রাতেও অনেকে সমুদ্র গর্জন উপভোগ করবেন। তাই আগেভাগে চেয়ার-ছাতা বসানো হচ্ছে। পর্যটকদের ভ্রমণসেবায় নিয়োজিত পর্যটন প্রতিষ্ঠান বে অব বেঙ্গল গ্রুপ-এর পরিচালক তোফায়েল আহমদ বলেন, ‘ঈদের পরদিন থেকে পর্যটকদের জন্য টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হবে। কক্সবাজার থেকে স্পিডবোটে সমুদ্র পাড়ি দিয়ে মহেশখালী, সোনাদিয়া ভ্রমণেরও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। তবে সাগর উত্তাল থাকলে এ ব্যবস্থা বন্ধ রাখা হবে। তা ছাড়া রামুর বৌদ্ধমন্দির, রাবার বাগান, চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্ক, হিমছড়ি পাহাড়ি ঝরনা, পর্যটন পল্লি দরিয়ানগর, পাথুরে সৈকত ইনানী, শামলাপুরের আড়াই শ বছরের পুরোনো গর্জন বন, টেকনাফের ন্যাচার পার্ক ও মাথিনের কূপসহ দর্শনীয় স্থানগুলো পর্যটকদের দেখানোর ব্যবস্থা করেছে বিভিন্ন পর্যটন সংস্থা। পর্যটকদের ভ্রমণ নিরাপদ করতে ও ভোগান্তি দূর করতে নিজেদের মতো করে কর্মপরিকল্পনা ঠিক করেছে বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড, ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন।সৈকতে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও ডুবুরি মোস্তফা কামাল বলেন, ‘এই সংস্থা ২০-২২ জন ডুবুরি সাগরে গোসল করতে নামা পর্যটকদের ওপর নজর রাখবে। তবে বিপুলসংখ্যক পর্যটকের তুলনায় ডুবুরির সংখ্য খুব কম।’পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, সৈকতে ভ্রমণে আসা পর্যটকের নিরাপত্তায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। বৈরী পরিবেশ ও ভাটার সময় যেন পর্যটকেরা সাগরে নামতে না পারে, সে জন্য ট্যুরিস্ট পুলিশকে সতর্ক রাখা হয়েছে। দর্শনীয় স্থান ও বিপণিকেন্দ্রগুলোতেও পুলিশি টহল জোরদার করা হচ্ছে।এদিকে কোনো হোটেল যেন পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সে ব্যাপারে তদারক করবে জেলা প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বলেন, এ-সংক্রান্ত অনিয়ম বন্ধ করতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে।