গন্তব্য রবীন্দ্রভারতী

পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনের উৎসবে অংশ নিয়ে ২ এপ্রিল দেশে ফিরলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একদল শিক্ষার্থী।
গত ২৭ মার্চ উৎসবের শেষ দিনে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে রবিবার নাটকটি মঞ্চস্থ করেন নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রবিবার অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন বিভাগীয় শিক্ষক আরিফ হায়দার। নাটকটিতে অভিনয় করেন রেদওয়ান রাহাত, খাইরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, জিল্লুর রহমান, হীরক মুশফিক, তপু সিংহ, আরাধনা মহন্ত, নীলাঞ্জনা, শাম্মী সেতু। আলোক পরিকল্পনায় ছিলেন সাইফ ইসলাম, পোশাক পরিকল্পনায় সুমনা সরকার ও রূপসজ্জায় কাঞ্চন রায়। এ সফরে দলনেতা ছিলেন বিভাগীয় শিক্ষক এস এম ফারুক হোসাইন।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ছাড়াও ভারতের নদীয়া জেলার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আমন্ত্রণেও সেখানে রবিবার নাটকটি মঞ্চস্থ করেন শিক্ষার্থীরা।
উৎসবে যোগ দিয়ে শুধু নাটক মঞ্চায়নই নয়, শিক্ষার্থীরা ঘুরে দেখেন রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান। সফরকালে তারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াসাঁকো ক্যাম্পাসের জাদুঘর, রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে গড়া শান্তিনিকেতনের আশ্রম, উদীচী, কল্যাণী বিশ্ববিদ্যালয় ও কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
শিক্ষার্থী নীলাঞ্জনা ও শাম্মী জানান, নাটকের শিক্ষার্থী হিসেবে রবীন্দ্রনাথের অনেক নাটকেই অভিনয় করেছি। রবীন্দ্রনাথের সৃষ্টি, জন্মস্থান কাছে থেকে দেখা ছিল দারুণ এক অভিজ্ঞতা।