গন্তব্য সাফারি পার্ক
আকাশছোঁয়া শতবর্ষী গর্জনসহ নানা প্রজাতির গাছগাছালি ঘেরা নিবিড় বন। বনের ভেতর দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পাকা সড়ক। সড়কের দুই পাশে বেষ্টনীর ভেতর জঙ্গলে ঘোরাফেরা করছে বাঘ, সিংহ, হাতি, বানর, হরিণ ও ভালুকসহ নানা প্রজাতির বন্যপ্রাণী। চকরিয়ার ডুলাহাজারায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ছড়িয়ে আছে এমন রোমাঞ্চ। নিরাপদ পরিবেশে শ্বাপদসংকুল বন-বাদাড়ে ঘোরার অভিজ্ঞতা অর্জন করতে চাইলে এই সাফারি পার্কে আসতে হবে।বন্য প্রাণী ও পাখি: পার্ক ঘুরলে সহজে দেখা যায় হনুমান, বাঁশ ভালুক, বন্য শূকর, খরগোশ, বন্য গরু, গয়াল, বাঘডাশ, বনবিড়াল, চিতাবিড়াল, উদবিড়াল, বনরুই, সজারু, বাদুড়, মেছো বাঘ, কালো ভালুক, কাঠবিড়ালি, উড়ন্ত কাঠবিড়ালি, বেজি ও বার্মিজ খরগোশ। এ ছাড়া পানকৌড়ি, মাথুরা, ভুতুম পেঁচা, কাঠ পেঁচা, লক্ষ্মী পেঁচা, ডুবুরি, সবুজ ঘুঘু, ফটিকজল, সবুজ বক, শঙ্খচিল, হলদে পাখি, কাকাতুয়া, জলমোরগ, লাভবার্ড, মুনিয়া, সাদা ঘুঘু, চখাচখি, নীল শিব, সুঁইচোরা, কোকিল, টুনটুনি, মৌটুসি, বাবুই, কাঠ ঠোকরাসহ হরেক রকম পাখি আছে এই বনে।প্রাণহীন প্রাণী: পার্কের ভেতরে একটি পর্যবেক্ষণ টাওয়ারের পাশে গাছ পেঁচিয়ে উঠছে বিশাল এক অজগর। গাছের উঁচু ডালে বসা কয়েকটি পাখি তার লক্ষ্যবস্তু। টাওয়ারে ওঠা দর্শনার্থীরা অপেক্ষা করতে থাকেন, এই বুঝি শিকার ধরল অজগর। কিন্তু সাপটির কোনো নড়াচড়া নেই। থাকবেই বা কী করে ওটা যে জীবন্ত নয়! জীবন্ত হিংস্র প্রাণীকুলের পাশাপাশি এই পার্কে দেখা মিলবে এমনসব প্রাণহীন প্রাণীর। অবিকল আসলের মতো দেখতে বিশেষ প্রক্রিয়ায় স্টাফ করা প্রাণীর একটি জাদুঘরও আছে এখানে। পায়ে পায়ে রোমাঞ্চ: পার্কের ভেতরে হরিণ প্রজননকেন্দ্র অতিক্রম করলে দেখা মিলবে বাঘ বেষ্টনীর। এর পাশে সিংহের বেষ্টনী। তার সামনে খোলা মাঠে ঘুরে বেড়ায় হাতির পাল। এরপর আরেকটি বেষ্টনীর ভেতর দেখা মিলবে জলহস্তীর। সাত বছর আগে জলহস্তী পরিবারে দুজন নতুন সদস্য এসেছে। একটির নাম উর্বশী আরেকটির নাম দুরন্ত। দক্ষিণ দিকে একটু গেলে নজরে পড়ে নয়তলাবিশিষ্ট ৮০ ফুট উঁচু পর্যবেক্ষণ টাওয়ার। টাওয়ারে উঠলে দেখা যায় হ্রদের পানিতে পাখির জলক্রীড়া। হ্রদের তীরে অলস ভঙ্গিতে শুয়ে থাকা কুমিরগুলোকেও দেখা যাবে এই টাওয়ার থেকে। ২০০৫ সালের ২৫ জুন ভারত থেকে আনা ২৯টি মিঠাপানির কুমির ছাড়া হয়েছিল এই পার্কে। এর মধ্যে একটি কুমির দুই বছর আগে ১৭টি বাচ্চা দিয়েছে। ১৭ কুমির ছানা এখন দর্শনার্থীদের আলাদা আনন্দ দিচ্ছে। পার্কের বিভিন্ন স্থানে আরও নয়টি টাওয়ার রয়েছে। লেকের পাশে হরিণবেষ্টনীতে আছে ৫২টি হরিণ। পাশে আলাদা একটি জায়গায় ঘিরে রাখা হয়েছে বিরল প্রজাতির প্যারা হরিণ। যেভাবে যাবেন: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় বন বিভাগের ৯০০ হেক্টর বনাঞ্চল নিয়ে এই পার্কটি গড়ে উঠেছে। চট্টগ্রাম থেকে বনটির দূরত্ব ৮৬ কিলোমিটার ও কক্সবাজার থেকে ৭০ কিলোমিটার। বাসে গেলে চট্টগ্রাম থেকে পৌঁছাতে সময় লাগে দুই-আড়াই ঘণ্টা ও কক্সবাজার থেকে ৪৫ মিনিট। পার্কের পাশেই বন বিভাগের একটি রেস্টহাউস আছে। তবে থাকতে হলে আগে থেকে অনুমতি নিতে হয়। ২০ টাকার টিকিট কেটে পার্কে ঢুকে বন ঘুরে দেখতে হলে উঠতে হবে পার্ক কর্তৃপক্ষের বিশেষ সুরক্ষিত বাসে। ১৫ থেকে ২০ মিনিটের এই রোমাঞ্চকর বাসভ্রমণে দেখা মিলবে বাঘ, হাতি, কুমিরসহ নানা বন্য প্রাণীর। বাসে ছোটদের লাগবে ১০ টাকা ও বড়দের ২০ টাকা। তবে বাসে না চড়েও হেঁটে তিন থেকে চার ঘণ্টায় পুরো বন ঘুরে দেখা যায়।