‘সিলেট এমসি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের এবারের শিক্ষাসফরের স্লোগানটা খুবই সুন্দর। ‘আমরা দূর আকাশের নেশায় মাতাল ঘর ভোলা সব যত।’ শুনলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের ৪৯ জন শিক্ষার্থীর সঙ্গে ছিলেন শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জফির সেতু ও তাঁর সহধর্মিণী শাহেদা আক্তার। ১৯ ডিসেম্বর ২০১০। আমাদের গন্তব্য কক্সবাজার, সেন্ট মার্টিন ও হিমছড়ি। সকাল আটটা ১৮ মিনিটে ট্রেনযোগে সিলেট থেকে রওনা দিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছাই। এরপর বাসে করে সোজা কক্সবাজার। রাত সাড়ে নয়টায় আমরা কক্সবাজার পৌঁছাই। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ১১টায় রাতের খাবার। সামান্য বিশ্রাম। কিন্তু মন চাইছিল অন্য কিছু। যখন রাত ১২টা, তখন সবাই মিলে এক ছুটে সৈকতে। সমুদ্রের গর্জন আর বাতাসের শোঁ-শোঁ শব্দ আমাদের মোহিত করে। হাসি, আড্ডা, কৌতুক আর গানে হারিয়ে যাই আমরা। যখন হোটেলে ফিরলাম, তখন রাত দেড়টা।’ বলছিলেন বাংলা বিভাগের শেষ বর্ষের ফলপ্রার্থী আলমগীর হোসেন।২০ ডিসেম্বর ২০১০। ‘দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশে কক্সবাজার থেকে খুব ভোরে যাত্রা শুরু করি। প্রথমে বাসে করে টেকনাফ। টেকনাফ থেকে জাহাজে করে সেন্ট মার্টিন। জাহাজে সে কী আড্ডা! গান, কৌতুক, নৃত্য—কোনোটাই বাদ ছিল না। দুপুর ১২টায় সেন্ট মার্টিন জেটিতে জাহাজ নোঙর ফেলে। সেখানে হোটেলে উঠে পোশাক বদল করে সবাই একসঙ্গে গেলাম সমুদ্রস্নানে। বিকেলে দ্বীপে হাঁটাহাঁটি আর ছবি তোলা। রাত সাড়ে আটটা পর্যন্ত চলল জম্পেশ আড্ডা। ১০টায় খাবার খেয়ে আবার আড্ডা। সেই আড্ডা যখন শেষ হয়, তখন রাত দুইটা পেরিয়ে গেছে।’ বললেন চতুর্থ বর্ষের আবদুল্লাহ আল মামুন।২১ ডিসেম্বর ২০১০। ‘সূর্যোদয়ের দৃশ্য দেখতে সবাই সৈকতে হাজির। তখনো সূর্য ওঠেনি। হঠাৎ পুব আকাশে “সুয্যিমামার” আগমন। ক্যামেরায় একের পর এক ক্লিক। অসাধারণ সব দৃশ্য! তারপর নাশতা সেরে একসঙ্গে পুরো দ্বীপ দেখার উদ্দেশে হাঁটা। দুপুরের খাওয়া শেষে আবার জাহাজে ফিরতি যাত্রা। সেন্ট মার্টিন থেকে ছয়টি জাহাজ একসঙ্গে রওনা দেয়। প্রতিটি জাহাজে বাংলাদেশের পতাকা পতপত করে উড়ছে। দেখেই গর্বে বুকটা ভরে যায়। আমরা যখন কক্সবাজার ফিরি, তখন রাত। সামুদ্রিক মাছ দিয়ে খাওয়া শেষে সৈকতে গভীর রাত পর্যন্ত ছিল গানের আসর। লালন শাহ, হাসন রাজা আর শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো সবাই মিলে সুরে-বেসুরে গাওয়ার মজাই ছিল আলাদা।’ বলছিলেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন।২২ ডিসেম্বর ২০১০। ‘সকাল সাতটায় হিমছড়ির উদ্দেশে যাত্রা শুরু। কক্সবাজার থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে ওই জায়গার অবস্থান। আমরা হিমছড়ির অনেক সিঁড়ি মাড়িয়ে একেবারে শীর্ষস্থানে পৌঁছলাম। সিঁড়ি মাড়িয়ে উঠতে উঠতে আমরা হাঁপিয়ে উঠলাম। এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে মনে পড়ল। ভাবলাম, তিনি সিঁড়ি ছাড়া এভারেস্টে উঠলেন কীভাবে! বাপরে বাপ! এত পরিশ্রম! সেখান থেকে কক্সবাজার ফিরে দুপুরের খাবার। সন্ধ্যায় সৈকতে সূর্যাস্ত দেখলাম। রাত দুইটায় সিলেটের উদ্দেশে আমাদের ট্রেন চট্টগ্রাম ছাড়ল।’ বলছিলেন তৃতীয় বর্ষের ছাত্র ফয়সল আহমদ।২৩ ডিসেম্বর ২০১০। দুপুর একটায় সিলেটে ট্রেন এসে পৌঁছাল। সিলেট রেলস্টেশনে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন শিক্ষক সুনীল ইন্দু অধিকারী, জফির সেতু, মাস্টার্সে অধ্যয়নরত শ্রীবাস চন্দ্র দাস ও চতুর্থ বর্ষের আবদুুল্লাহ আল মামুন। এরপর বিদায়ের পালা। চোখের জল মুছতে মুছতে যার যার মতো করে বাড়ি ফিরি সবাই।