গত দু-তিন বছরে ব্যাপারটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কাজ শেষে বাসায় ফিরে পাশের ফ্ল্যাটের বুড়োবুড়ির ব্ল্যাডপ্রেশার আর ব্লাডসুগার মেপে দেওয়া। সন্তানসন্ততি নেই বলেই হয়তো বুড়োবুড়ি আমার প্রতি একটু বেশি অনুরক্ত।আমি বলি, কি আঙ্কেল, প্রেশারের ওষুধ খেতে ভুলে যাওয়াটা কি ‘হবি’ বানাইয়া ফেললেন নাকি?বুড়ো মানুষটা বলেন, কেন বাবা, এই কথা কেন?আমি বলি, এই যে বিপি (ব্লাডপ্রেশার) দিন দিন বাড়তেছে।পাশের রান্নাঘর থেকে বুড়ি বলেন, সারা দিন তো বিষয়সম্পত্তি কীভাবে ভাগবাটোয়ারা করবে, সেই চিন্তায় থাকে, ওষুধের কথা মনে রাখার সময় কই?বুড়োর তেড়িয়া জবাব, ফালতু কথা কইবা না, রেহানা! এত কিছু খেয়াল রাখতে পারো, আর আমার ওষুধ খাওনের কথাডা মনে রাখতে পারো না!বয়স তো খালি তোমার একার বাড়ে নাই, আমারও বাড়ছে। আমি তিন বেলা খাই কি না, সেই খবর তো কখনো ঠিকমতো রাখো না। আমি কোন দুঃখে তোমার ওষুধের খবর রাখমু।বুড়ো কপট রেগে ওঠেন, আবার কইতাছি, বাজে কথা কইবা না কইলাম! তোমারে থুইয়া কুনোদিন খাইছি? যাগগা, পোলাডা সারা দিন কষ্ট কইরা আইছে, তাড়াতাড়ি চা দাও। আর বুঝছ বাবা, জীবনের সবচেয়ে দরকারি একটা উপদেশ দেই, বিয়া করবা না। জীবন ডাইল-ভর্তার মতো পানশা হইয়া যাইব।বুড়ি বলেন, পোলাডার মাথা তুমি আর নষ্ট কইরো না। আর আমার লগে সংসার করতে মন না টানলে কোনহান থাইকা একটা বেডি ধইরা লইয়া আহো। আমার আর শেষ বয়সে কামলা খাডন লাগে না তাইলে।বুড়োবুড়ির ঝগড়া ক্রমশ ডালপালা বিস্তার করতে থাকে একজন মনোযোগী শ্রোতা পেয়ে। আমি তা থামানোর কোনো চেষ্টাই করি না, বরং উসকে দিই মাঝেমধ্যে। তাদের ধীরলয়, ক্রমস্থবির জীবনযাপনে এই ঝগড়া যেন প্রাণের সঞ্জীবনী। আর আমার উপস্থিতি তাতে খানিকটা পূর্ণতা দেয়। অবশ্য গত কিছুদিন এ বাসায় আসতে বেশ অস্বস্তি লাগে। কারণটা খুব সাধারণ—একটা গন্ধ। এই বিশেষ গন্ধটা আমি শেষ পেয়েছিলাম আমার দাদির ঘরে, যখন তিনি মৃত্যুশয্যায়!২. রাত আড়াইটা।দোরঘণ্টি বাজছে, সেই সঙ্গে দরজায় জোরে জোরে করাঘাত। দরজা খুলে দেখি বুড়ি অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আমি দৌড়ে নিচে চলে যাই। একটা অ্যাম্বুলেন্স লাগবে।৩.পরদিন সন্ধ্যা সাতটা।আমি বলি, আঙ্কেল, যা দেখাইলেন আপনে! আমার নিজেরই তো হার্টবিট বন্ধ হয়ে গেছিল। তবে চিকিৎসক কিন্তু আপনার ব্যাপক প্রশংসা করলেন। বললেন, এই ভদ্রলোকের যে স্ট্যামিনা, তাতে এই বছর লন্ডন ম্যারাথনে নামিয়ে দেওয়া যাবে।বুড়ো শুষ্ক হাসেন, আসল ঘটনা তো অন্য। আমি তো যাইতেগাই চাইছিলাম। মাঝপথে মনে হইল, নাহ, এহন গেলেগা এই বুড়িডা একলা পইড়া যাইব। তাই চিন্তাভাবনা কইরা ফিরা আইলাম।বুড়ি কোনো কথা বলেন না। তাঁর চোখেমুখে তখন ক্ষণে হাসে, ক্ষণে কান্দে, ক্ষণে দেয় গালি—এমন অবস্থা। আমি চলে আসি। পরের দৃশ্যে আমার থাকা ঠিক নয়। বুড়োবুড়ি দুজনে এখন জড়াজড়ি করে কাঁদবেন। দুজন দুজনকে কখনো ছেড়ে না যাওয়ার প্রতিজ্ঞা করবেন। তারপর কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়বেন। আর আমি ভয়ে ভয়ে দিন গুনতে থাকব। কারণ, সেই বিশেষ গন্ধটা ঘর থেকে এখনো যায়নি। মফিজুল ইসলামমাহমুদ ম্যানশন, কদমতলী, ঢাকা।