গন্ধবণিকের ঝাঁপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আছদগঞ্জের একটি সুগন্ধির দোকানে আতর দেখছেন ক্রেতা   জুয়েল শীল
আছদগঞ্জের একটি সুগন্ধির দোকানে আতর দেখছেন ক্রেতা জুয়েল শীল

হজরত শাহ আমানতের মাজার পেরিয়ে জেল সড়ক ধরে খানিকটা হাঁটলেই নাকে এসে ঝাপটা মারে সুগন্ধি হাওয়া। মাজারের গেটে ছোটখাটো আতর, গোলাপজল আর আগরবাতির দোকান তো আছেই। আরেকটু এগোলে আছদগঞ্জের মুখে পড়বে নগরের সবচেয়ে পুরোনো সুগন্ধির দোকান। নাম রাজা পারফিউমারি সাপ্লায়ার্স। টিনের নামফলকেই পুরোনো ছাপ স্পষ্ট। ভেতরে ঢুকতেই দেখা গেল নানা নামের বিচিত্র চেহারার সুগন্ধের শিশি।
দেয়ালজুড়ে কাচের আলমিরায় শোভা পাচ্ছে মেশকা আম্বর, আতর খস, আখতারি মদিনা, ফিরদাউস, কাছি বেলিসহ নানা নামের ছোট-বড় শিশি। গাঢ় সোনালি থেকে কালচে-লাল কিংবা ফিকে হলুদ সেসবের রং।
দোকানে বসে থাকা হালকা গড়নের প্রৌঢ় লোকটির নাম আবু জাহেদ। বহু বছরের পুরোনো পারিবারিক ব্যবসার হাল ধরেছেন তিনি। জানালেন, এটিই চট্টগ্রামের সবচেয়ে পুরোনো সুগন্ধির দোকান। ১৯৪০ সালে তাঁর বাবা ওমদা মিঞা সওদাগর এই দোকান চালু করেন। একসময় ২০ থেকে ২৫টির মতো ছোট-বড় সুগন্ধির দোকান ছিল আছদগঞ্জে। তবে এখন বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
আতর তাহলে চলে না? এমন প্রশ্নের উত্তরে আবু জাহেদ বলেন, ‘আজকাল নানা রকমের পারফিউম বেরিয়েছে। সেন্ট-বডি স্প্রে হাত বাড়ালেই পাওয়া যায়। তবু একশ্রেণীর মানুষ এখনো আতর কেনেন বলেই টিকে আছি।’
আছদগঞ্জের সুগন্ধির ব্যবসায়ীরা জানান, আতরের বিশেষত্ব হলো এর প্রাকৃতিক গন্ধ। অ্যালকোহলের মিশ্রণ ছাড়া এসব সুগন্ধি প্রধানত ইউরোপ ও ভারত থেকে আসে। বিশেষ করে ভারত ও ফ্রান্সের আতরের চাহিদা বেশি। নামী যেসব কোম্পানি সেন্ট, বডি স্প্রে বাজারজাত করে সেসব কোম্পানির আতরও বাজারে পাওয়া যায়। ফেরদৌস পারফিউমারির স্বত্বাধিকারী শাকিল আজম সেসবের নমুনাও দেখালেন। হ্যাভক, ওয়ান ম্যান শো, ব্রুট, ভেনাস, এক্স সবই আছে তাঁর ঝুলিতে। এসব আতরের গন্ধ একই নামে বাজারে যেসব বডি স্প্রে বা সেন্ট পাওয়া যায়, তার কাছাকাছি।
শাকিল আজমও পৈতৃক ব্যবসাকে সামনে টেনে নিয়ে যাচ্ছেন। ভারতের বিহার থেকে চল্লিশের দশকে এ দেশে এসেছিলেন তাঁর বাবা। ১৯৫৫ সালে এই প্রতিষ্ঠান চালু করেন তিনি। তেমন লাভ না হলেও একধরনের ভালোবাসা থেকেই পৈতৃক ব্যবসাটা করে যাচ্ছেন বলে জানান শাকিল।
শাকিল আজমের দোকানে সবচেয়ে বেশি দামের আতর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০ হাজার টাকায়। এ ছাড়া সাবান ও প্রসাধনী তৈরির নানা সুগন্ধি উপাদানও বিক্রি করেন। প্রধানত ছোট উদ্যোক্তারা এসব জিনিস কেনেন। এর বাইরেও প্রতিদিন নানা ধরনের আতরের খোঁজে এখানে আসেন ক্রেতারা। চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আতর কিনতে ফেরদৌসে এসেছেন আক্তার হুসেন। বেলি ফুলের গন্ধযুক্ত বেলি খস আতর ব্যবহার করেন তিনি। পছন্দের আতর কিনতে এখানেই আসেন বলে জানালেন।
তবে, আছদগঞ্জের প্রায় সব সুগন্ধির দোকান ঘুরেও দেখা পাওয়া গেল না দামি আগর আতরের। ব্যবসায়ীরা জানান, বেশি দাম হওয়ার কারণে তাঁরা আগর আতর রাখেন না। তবে একটু বিশেষ ধরনের আতরও আছে। আমীর পারফিউমারির স্বত্বাধিকারী মো. আমীর দেখালেন চন্দনের আর উদ গাছের নির্যাস থেকে তৈরি আতর। চন্দন আতরের ২৫ গ্রামের এক শিশি বিক্রি হয় তিন হাজার টাকায়।
ওমদা মিঞা সওদাগর কেবল আতরই বিক্রি করেননি, অনেক মানুষ তাঁর সুগন্ধি বানানোর ফর্মুলা নিয়ে সচ্ছল হয়েছেন। সুগন্ধিদ্রব্যের ব্যবসা তাঁর কাছে ছিল সামাজিক দায়িত্ব। তাঁর ছেলে আবু জাহেদ সেসব কথা বলতে বলতে স্মৃতিকাতর হয়ে ওঠেন। ‘নারে ভাই তেমন লোকও নেই, তেমন দিনও আর আসবে না’, তাঁর কণ্ঠ চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস।