গপপো
ক্রিকেট আমি অল্পস্বল্প বুঝি। আর ও ক্রিকেট বলতে পাগল। ওর এই দুর্বলতা কাজে লাগাতে চেয়েছিলাম আমি। জানতাম, কারণ ছাড়া আমার সঙ্গে দেখা করতে আসবে না। তাই বলতে বাধ্য হলাম, ‘জানিস, বিশ্বকাপের প্রথম ম্যাচটার একটা টিকিট আমার কাছে আছে।’ ও খুব অবাক হয়েছিল। ‘বলিস কি! যে টিকিটের জন্য মানুষ দিন-রাত লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেই টিকিট তোর কাছে আছে? ইয়ার্কি করছিস না তো? তুই টিকিট পাবি কোথায়?’ ‘বারে! আব্বু অ্যাথলেটিক ফেডারেশনের সঙ্গে জড়িত না? এক-দুটা টিকিট জোগাড় করা আব্বুর জন্য কোনো ব্যাপার নাকি?’ এবার ও আরও অবাক হয়। ‘তাই নাকি? তা, তোরা যাচ্ছিস নাকি খেলা দেখতে?’ বুঝতে পারি, শিকার যথার্থই টোপ গিলেছে। আমিও হতাশ হওয়ার ভান করি, ‘যাওয়া বোধ হয় হবে না। আব্বু কী একটা কাজে ব্যস্ত থাকবেন। আর আমারও তো সামনে পরীক্ষা। এই সময় কি আর ঝিঁঝি খেলা দেখা সাজে?’ ও শুধরে দেয়, ‘ঝিঁঝি না, ক্রিকেট।’ ‘ওই হলো আর কি!’ তারপর কিছুক্ষণ এই কথা সেই কথার পর আসল কথাটা বলেই ফেলে, ‘তোরা যখন কেউ খেলা দেখতে যাবিই না, তখন টিকিটটা আমাকে দিলেই তো পারিস। দামি জিনিসটা অযথা নষ্ট করে লাভ কী?’ আমি এদিকে মুখ টিপে হাসি, ‘তা অবশ্য ঠিক বলেছিস, তুই নিতে চাইলে দিতে পারি। তা বল, কবে নেবে?’ এবার ওর আগ্রহ দেখার মতো। ‘তুই কালকে ফ্রি আছিস? কাল বিকেলে টিএসসিতে চলে আয়। আর শোন, টিকিটটা আনতে ভুলিস না।’এক ফোঁটা জল গড়িয়ে পড়ে চোখ দিয়ে। এত আগ্রহ যদি আমার সঙ্গে দেখা করার জন্য থাকত! অথচ দেখা করার জন্য আমাকে কতগুলো মিথ্যাই না বলতে হলো। আবারও ভাবতে থাকি, কাল যখন দেখা হবে, তখন আর নতুন কি মিথ্যা বলব?হায় রে! যদি বুঝত, আমার এত অজুহাত, এত বাহানা—সবই ওকে এক পলক দেখার জন্য। আমি যে ওকে ভীষণ ভালোবাসি!নাদিয়া মুসতারী[email protected]