গবাদিকুলে অ্যানথ্রাক্সের আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাই খাই স্বভাবের জন্যই বাঙালি জাতি উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারল না। ঘূর্ণিঝড় সিডরের মতো দেশের বিভিন্ন স্থানের গবাদিপশুর ওপর অ্যানথ্রাক্স আঘাত হেনেছে। পেস বোলারদের আক্রমণে বাংলাদেশের ব্যাটসম্যানরা যেমন টপাটপ আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান, ঠিক সেভাবেই অ্যানথ্রাক্সের আক্রমণে আক্রান্ত হয়ে গরুগুলো একেবারে মাঠে মারা যাচ্ছে। খুবই ভয়ংকর অবস্থা। অথচ জনগণ গরুগুলোর কথা না ভেবে গরুর মাংস খাওয়া যাবে কি না, এখন খাওয়া না গেলে কবে খাওয়া যাবে—এসব নিয়ে ভাবছে। কোনো মানে হয়? এই গরুগুলো মানুষের জন্য কত কষ্ট করে, অথচ মানুষ তাদের জন্য দু-এক ফোঁটা চোখের পানি ফেলা তো দূরের কথা, তাদের নিয়ে কোনো আলোচনাই করছে না। একেই কি বলে সভ্যতা? দয়ামায়া নামক একটা শব্দ যে বাংলা ভাষায় আছে, মানুষ তা বেমালুম ভুলে যেতে বসেছে। জীবে দয়া করে যে জন, সে জন সেবিছে ঈশ্বর—এই কথাটাও মানুষ ভুলে বসে আছে। আরে ভাই, গরু হয়ে জন্মেছে বলে কি ওরা মানুষ না? আমাদের স্কুল-কলেজের শিক্ষকদের হাতে পড়লে দুদিনেই তো ওরা মানুষ হয়ে যেত। এসব শিক্ষকদের কাছে গরু পিটিয়ে মানুষ বানানো কোনো ঘটনাই না। তা ছাড়া গরু না থাকলে ভবিষ্যতে স্কুলের বাচ্চারা কী করে গরুর রচনা লিখবে? সেই বিখ্যাত রাখালও গরুর পাল নিয়ে মাঠে যেতে পারবে না। কিন্তু এতকিছুর পরও আমরা গরুদের কথা ভাবছি না। তাই সরকারের উচিত, অবিলম্বে গরুর রোগ প্রতিরোধের ব্যবস্থা করা এবং মৃত গরুগুলোর পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো। স্বজন হারানোর তীব্র বেদনায় নুয়ে থাকা গো-পরিবারগুলো চায় শুধু সান্ত্বনা, আশ্রয় আর একটু সবুজ ঘাস। আশা করি, সরকার এ ব্যাপারে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।