গবেষণা-সহায়ক পরিবেশও তৈরি করে দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক, প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে দীর্ঘদিন ধরে নেতিবাচক প্রচারণা শুনেছি। বলা হচ্ছিল, সরকারি বিশ্ববিদ্যালয়ে মেধাবীরা পড়েন না। এখানে গবেষণার পরিবেশ নেই। শিক্ষার্থীদের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছিল, এখানে গবেষণা করে কী লাভ। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই পাটের জিন নকশা উন্মোচিত হলো। এ অর্জন প্রমাণ করেছে, আমাদের তরুণেরা এখনো দেশকে অনেক কিছু দিতে পারেন। আমাদের এই সাফল্য তাই তারুণ্যেরই জয়।তবে গবেষণার ক্ষেত্রে এখনো অনেক সমস্যা রয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো যথার্থ অর্থে কোনো গবেষণাকেন্দ্র তৈরি হয়নি। এখানে সবাই সরাসরি শিক্ষক হিসেবে যোগ দেন। প্রত্যেক শিক্ষককে প্রথম দুই বছর গবেষণা সহকারী হিসেবে কাজ করা উচিত। আমাদের প্রাণরসায়নবিদদের গবেষণা করার ক্ষেত্রও খুব কম। কৃষিবিষয়ক সরকারি-বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠানগুলোতে কৃষিবিষয়ক ডিগ্রিধারীদের ছাড়া অন্যদের সুযোগ দেওয়া হয় না। চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও একই অবস্থা। গবেষণার ক্ষেত্রে এ ধরনের বৈষম্যগুলো দূর করতে হবে।পাট নিয়ে গবেষণার সাফল্য আমাদের একটি কঙ্কাল দিয়েছে। সামনের দিনের কাজ হবে এর গায়ে মাংস লাগানো। এ কাজে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে। তবে এটা মনে রাখতে হবে, গবেষণার ক্ষেত্রে সহায়তা দিতে হলে শুধু টাকা দিলেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। গবেষণা-সহায়ক পরিবেশও তৈরি করে দিতে হবে।