গবেষণায় গুরুত্ব দিচ্ছে সাউথইস্টের অর্থনীতি বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বাজেট নিয়ে সেমিনার আয়োজন করেছিল সাউথইস্টের অর্থনীতি বিভাগ
ছবি: সংগৃহীত

২০০৭ সালে মাত্র ৬ জন শিক্ষার্থী নিয়ে ঢাকার সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের যাত্রা শুরু হয়। এখন এই বিভাগে প্রায় দুই শ শিক্ষার্থী পড়ছেন। এই বিভাগের অধীনে অর্থনীতিতে স্নাতক ডিগ্রির পাশাপাশি উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ আছে। বিষয় ভিত্তিক কোর্সের পাশাপাশি শিক্ষার্থীরা এখানে ইংরেজি, কম্পিউটার ও হিসাবসংক্রান্ত সফটওয়্যারের বিশেষ দক্ষতা ও জ্ঞান অর্জন করেন।

অর্থনীতির ছাত্রছাত্রীদের শেষ বর্ষে কোনো না কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে কাজের অভিজ্ঞতা অর্জন করতে হয়। আর স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য থিসিস বাধ্যতামূলক।

অর্থনীতি বিভাগের নিজস্ব ক্লাব রয়েছে। পেশাগত দক্ষতা উন্নয়নের চর্চার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম চলে এই সংগঠনে। অর্থনীতি বিভাগের চেয়ারপারসন মাদিহা খান বলেন, ‘আমাদের বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ‘ভেরি গুড রেটিং’ পেয়েছে। অপেক্ষাকৃত কম টিউশন ফিতে একজন শিক্ষার্থী এখানে স্নাতক সম্পন্ন করতে পারে। আছেন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, যাঁরা দেশ-বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন নামী জার্নালে তাঁদের প্রকাশনা রয়েছে। শিক্ষার্থীদেরও তাঁরা গবেষণায় উৎসাহ দিচ্ছেন।’

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ড. এম এ হাকিম। তিনি দেশ-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের পর বিভিন্ন সরকারি এবং জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান ছাড়াও জাতিসংঘে কর্মরত ছিলেন। গবেষণা ও কর্মক্ষেত্রে তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

সাউথইস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সাবেক ছাত্র মো. শাহাদাৎ হোসেন বর্তমানে যুক্তরাজ্যের সাউথ ব্যাংক ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্টে স্নাতকোত্তর করছেন। তিনি বলেন, ‘আমার সৌভাগ্য, আমি সাউথইস্টে অর্থনীতিতে পড়েছি। শিক্ষকেরা আমাদের আন্তরিকতার সঙ্গে পড়িয়েছেন। একাডেমিক পাঠদানের পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নেও তাঁরা যথেষ্ট ভূমিকা রেখেছেন।’

অর্থনীতি বিভাগ চার বছরে স্নাতক করতে হলে ১২৩ ক্রেডিট সম্পন্ন করতে হবে। এমডিএস প্রোগ্রামের মেয়াদ ১৬ মাস। ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা অনলাইনের মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত জানা যাবে বিভাগের ফেসবুক গ্রুপে।