
বছরজুড়েই থাকে গবেষণার চাপ। নিজে গবেষক, শিক্ষার্থীদেরও গবেষণার জন্য দেন অনুপ্রেরণা আর সব ধরনের সহযোগিতা। ঘণ্টার পর ঘণ্টা গবেষক শিক্ষার্থীদের নিয়ে পড়ে থাকেন গবেষণাগারে। গবেষণার বাইরে বড় একটা সময় দেন বাংলাদেশের নারী প্রকৌশল শিক্ষার্থীদের জ্ঞানভিত্তিক বিকাশ ও গবেষণায় আগ্রহী করে তুলতে। তিনি সেলিয়া শাহনাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক। পেশায় শিক্ষক হলেও সেলিয়া আপাদমস্তক একজন গবেষক। সারা বিশ্বের প্রকৌশল শিক্ষার্থীদের সর্ববৃহৎ আন্তর্জাতিক পেশাদার সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই)। এই সংগঠনের বাংলাদেশ শাখার উইমেন ইন ইঞ্জিনিয়ারিং গ্রুপের চেয়ারপারসন তিনি।
নিজের কাজের স্বীকৃতি হিসেবে সারা বিশ্বের সব সদস্যের মধ্যে ২০১৫ সালে তিনি আইইইইর উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ইন্সপায়ারিং মেম্বার পুরস্কার পান। ২০১৩ সালে আইইইই-রিজিয়ন টেন (এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) থেকে ‘উইমেন ইন ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল ভলান্টিয়ার’ পুরস্কারও পান তিনি।
নারী শিক্ষার্থীদের প্রকৌশল বিষয়ে পড়াশোনা ও গবেষণায় আগ্রহী করতে কাজ করে যাচ্ছেন তিনি। ল্যাটেক্স, ম্যাটল্যাব কর্মশালা, গবেষণা উপস্থাপন, কারিগরি নিবন্ধ লেখার কর্মশালা পরিচালনা করছেন বুয়েটের বাইরেও। ২০১৩ সালে দেশের নারী শিক্ষার্থী ও প্রকৌশলীদের নিয়ে তিনি প্রথমবারের মতো কংগ্রেস আয়োজন করেছিলেন। নারী শিক্ষার্থীদের প্রকৌশলবিদ্যায় পড়াশোনায় উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছেন তিনি। শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই নয়, স্কুল ও কলেজ পর্যায়ের নারী শিক্ষার্থীদের উৎসাহ ও আগ্রহী করে তোলার জন্য কাজ করে যাচ্ছেন তিনি।
সেলিয়া শাহনাজ জানান, ‘দেশের নারী শিক্ষার্থীদের প্রকৌশল পেশায় আসার সংখ্যা বেশ কম। এই সংখ্যা বাড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের জন্য কাজ করা প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদ থেকেই আমার সব প্রচেষ্টা।’
পারিবারেই ছিল শিক্ষকতা আর গবেষণার একটা আবহ। তাঁর বাবা ছিলেন গণসংযোগ ও প্রকাশনা বিশেষজ্ঞ ও বিটিটিবির সাবেক পরিচালক এম এ খালেক ভূঁইয়া, মা সেলিমা খালেক ছিলেন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ। সেলিয়ার স্বামী তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ। নানির উৎসাহেই দুনিয়া জয় করার স্বপ্ন দেখেন সেলিয়া শাহনাজ। স্বামী আর মা-বাবার প্রচণ্ড আগ্রহের কারণেই কাজ করে যাচ্ছেন তিনি। বুয়েট থেকে পড়াশোনা শেষ করে কমনওয়েলথ বৃত্তি নিয়ে কানাডার কনকরডিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি। তাঁর গবেষণার বিষয় ‘সিগন্যাল প্রসেসিং ফর স্পিচ, ইমেজ, ভিডিও, জিনোমিক (জিনতত্ত্ব) অ্যান্ড বায়োমেডিকেল সিগন্যাল’।
এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও সম্মেলনে সেলিয়া শাহনাজের ৮০টির মতো নিবন্ধ প্রকাশিত হয়েছে। তড়িৎ প্রকৌশল-সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় গবেষণার স্বীকৃতি হিসেবে ‘বেস্ট পেপার’ সম্মাননাও পেয়েছেন তিনি।
ছোটবেলা থেকেই গান, আবৃত্তি আর বিতর্কের সঙ্গে যুক্ত থাকতেন তিনি। সেই ধারাবাহিকতায় বুয়েট শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন ও আবৃত্তি সংগঠনের মডারেট হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর আছে আরও অর্জন। বুয়েটের ইইই বিভাগের প্রথম পিএইচডি ডিগ্রিধারী নারী শিক্ষক সেলিয়া শাহনাজ। গবেষণায় যিনি নিরন্তর উৎসাহ দিয়ে যাচ্ছেন অন্যদেরও।