গবেষণায় হাতেখড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭২ সালে হলিক্রস কলেজে ভর্তি হওয়ার পর প্রথম রসায়ন বিষয়টির সঙ্গে পরিচিতি ঘটে তাঁর। পড়তে গিয়ে ভারি ভালো লেগে যায়। প্রথম বিভাগে এই রসায়নে লেটার নম্বর পেয়ে ১৯৭৪-এ উচ্চমাধ্যমিক পাস করেন তিনি। ভাইবোনদের মধ্যে কেউ ডাক্তার নন বলে তাঁকেই ডাক্তারি পড়াতে চেয়েছিলেন বাবা। কিন্তু রিডার্স ডাইজেস্ট পত্রিকায় আর বিজ্ঞানপড়ুয়া বড় ভাইদের কাছ থেকে বড় বড় বিজ্ঞানীর কথা জেনে তাঁর আগ্রহ সৃষ্টি হয়েছিল বিশেষ করে প্রাণরসায়নের প্রতি। ঠিক করে ফেলেন, এই বিষয়টাই পড়তে হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই বিভাগেই ভর্তি পরীক্ষা দেন। এখানেই প্রাণরসায়ন বিভাগ থেকে ১৯৭৯-এ স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। একই ফলাফল ধরে রেখে ১৯৮১-এর গোড়ার দিকে স্নাতকোত্তরের দ্বার পেরোন তিনি। স্নাতকোত্তর পর্যায়েই অধ্যাপক মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে মলিকিউলার বায়োলজি-সংক্রান্ত কাজ করতে গিয়ে তাঁর হাতেখড়ি হয় গবেষণায়।তারপর উচ্চশিক্ষার লক্ষ্যে আবেদন করেন কমনওয়েলথ বৃত্তির জন্য। পরের বছর ১৯৮২-তেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন তিনি। বিয়ে করেন সহপাঠী কামরুল আনম খানকে। সে বছরই কমনওয়েলথ বৃত্তিতে ইংল্যান্ডের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে চলে যান ডক্টরেট ডিগ্রি অর্জনের লক্ষ্যে। উৎসাহ ও অনুপ্রেরণা সবকিছু নিয়ে পাশে ছিলেন স্বামী কামরুল আনম খান। হাসিনা খান বলছিলেন, ‘আমি কখনো ভাবিনি, কিন্তু আমার স্বামীর বিশ্বাস ছিল যে আমি নাকি একটা কিছু হব, দেশের-দশের জন্য একটা কিছু করতে পারব। তাঁর সে বিশ্বাসই আমার চলার পথের চালিকাশক্তি ’ইংল্যান্ডে কাজ করছিলেন ব্যাকটেরিয়ার নাইট্রোজেন ফিক্সিং জিন নিয়ে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনকে জানা গেলেই জীবের ভেতরে কী কেন কীভাবে হচ্ছে, মোটকথা তার প্রাণরহস্যকে যে আরও ভালো করে জানা যায়, সেই অপার রহস্য উন্মোচিত হচ্ছিল তাঁর সামনে। কাজ করতে করতে তাঁর মনে হয়েছিল, জিনগুলোকে এত গবেষণা করে যে গাছে নিয়ে ঢোকানোর চিন্তা করা হচ্ছে, তা করতে হলে গাছের প্রাণরসায়নও তো ভালো করে জানা চাই। গাছের প্রতি উৎসাহের সেই শুরু। নামের সঙ্গে ডক্টরেট উপাধি লাগিয়ে পরবর্তী সময়ে ফ্রান্সের প্রসিদ্ধ সিএনআরএস গবেষণাপ্রতিষ্ঠানে পোস্ট ডক্টরেট গবেষণা করতে যান। আর ব্যাকটেরিয়ার জিনকে গাছে ঢোকালে গাছের কী কী জিন প্রকাশিত হয়, তার ওপর কাজ করার সুযোগও পেয়ে যান এখানে। কিন্তু অন্য একটা ভাবনাও কাজ করছিল মনে। ‘বিশ্ববিদ্যালয়ে সরকারের অর্থে পড়েছি, আবার চাকরিতে যোগ দিয়েই এত দিন ছুটিতে বিদেশে পড়ে রয়েছি, ভেবে কেমন অপরাধবোধ হতো। পোস্ট ডক্টরেট শেষ হতে তাই দেশে ফিরে এসেছিলাম সে বছরই। এখানেই জন্ম হয় আমার মেয়ের। দেশে ফিরে চাকরিতে যোগ দিয়ে গবেষণাকাজ চালিয়ে যাওয়া ছিল একটা চ্যালেঞ্জের মতো। কী করে ফেলে দেওয়া কোনো কিছুকে কাজে লাগিয়ে দেশের কোনো সমস্যা সমাধানের উপায় বের করা যায়, তা নিয়ে বেশ কিছু গবেষণাকাজ করেছিলাম শিক্ষার্থীদের নিয়ে। ১৯৯১ ও ১৯৯২-১৯৯৫ পর্যন্ত ইংল্যান্ড ও কানাডায় আরও গবেষণা করেন তিনি। সুযোগ হয় প্ল্যান্ট টিস্যু কালচার এবং জিনের পরের ধাপ প্রোটিন পর্যায়ে কাজ শেখার। এরপর ফিরে এসে এত দিনকার অভিজ্ঞতা, নিজের বিভাগীয় গবেষণাগার, জিন ও প্রোটিন পর্যায়ের জ্ঞান ও পর্যাপ্ত তহবিলকে সম্বল করে একবারে আটঘাট বেঁধেই নামা। এ পর্যায়ে এসেই পাটকে নিজের গবেষণার ক্ষেত্র হিসেবে স্থির করে তাঁর কাজের শুরু।