গভীর রাতেও সানমারে ক্রেতাদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানমার ওশান সিটির একটি দোকানে এক কিশোরীর জন্য পোশাক বাছাই ক​রছেন অভিভাবকেরা l প্রথম আলো
সানমার ওশান সিটির একটি দোকানে এক কিশোরীর জন্য পোশাক বাছাই ক​রছেন অভিভাবকেরা l প্রথম আলো

ঘড়ির কাঁটা তখন রাত ১২টায়। বিপণিকেন্দ্রের সামনের সড়ক দিয়ে থেমে থেমে চলছে গাড়ি। মূল ফটক দিয়ে ভিড় ঠেলে ঢুকতে হলো বিপণিকেন্দ্রে। ক্রেতার ভিড়ে গমগম করছে বিপণিকেন্দ্রের প্রতিটি তলা। প্রায় সবার হাতেই শপিং ব্যাগ। প্রতিটি দোকানেই ক্রেতার ভিড়। বিক্রয়কর্মীদের দম ফেলারও ফুসরত নেই। গত মঙ্গলবার সানমার ওশান সিটিতে গিয়ে এমন চিত্র পাওয়া গেল।
সানমার ওশান সিটির দোকানমালিকেরা জানান, এবার রোজার শুরুর দিকে গত বছরের তুলনায় ভিড় কম ছিল। তবে ঈদ ঘনিয়ে আসায় ভিড় বেড়েছে। এখন প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ঈদের বেচাকেনা।
কেনাকাটা করতে আসা কয়েকজন ক্রেতা বলেন, এ বছর ফ্লাইওভারের নির্মাণকাজ চলার কারণে এই বিপণিকেন্দ্রে আসতে তাঁদের বেগ পেতে হচ্ছে। তবু ব্র্যান্ড শপের পছন্দসই পোশাক কিনতে এই বিপণিকেন্দ্রে আসছেন তাঁরা।
এখানকার দোকানিরা জানান, সানমারের ক্রেতাদের মধ্যে তারুণ্যের আধিক্য বেশি। নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের শো–রুম থাকায় এই বিপণিকেন্দ্রে তরুণ-তরুণীরা কেনাকাটা করতে আসছেন। এ ছাড়া এই বিপণিকেন্দ্রের প্রতি তলায় রয়েছে নির্দিষ্ট পণ্যের দোকান ও বিক্রয়কেন্দ্র। একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় বলে ক্রেতাদের জন্য কেনাকাটাও সহজ হচ্ছে।
সানমারে কেনাকাটা করতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উম্মে হাবিবা বলেন, ‘এখানে সবচেয়ে নতুন ডিজাইনের পোশাক ও গয়না পাওয়া যায়। পণ্যের মধ্যে বৈচিত্র্যও আছে। তাই প্রতিবছর ঈদ এলেই এখানে কেনাকাটা করতে এখানে আসি।’
প্রায় একই কথা বললেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোমান বিন খুরশীদ। তিনি বলেন, একসঙ্গে অনেকগুলো ব্র্যান্ডের দোকান থাকায় পছন্দমতো বাছাই করে পোশাক কেনার সুবিধা রয়েছে এখানে। তাই এখান থেকেই প্রতিবছর ঈদের কেনাকাটা করেন তিনি।
বিপণিকেন্দ্রের নিচতলায় রয়েছে শৈল্পিক, ম্যানজ ক্লাব, ক্যাটস আই, ইয়েলো, মুন ওয়াকারের মতো সব নামকরা ব্র্যান্ডের দোকান। পাশাপাশি চারতলায়ও রয়েছে ছেলেদের পোশাকের দোকান। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীরা নজরকাড়া নকশার পোশাক এনছেন এবার। তরুণেরা পাঞ্জাবি, ফতুয়া, ক্যাজুয়াল শার্ট, বাহারি নাম খচিত টি–শার্ট ও প্যান্ট কিনতে এখানে আসছেন।
বিক্রেতা ও দোকানের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে ক্যাজুয়াল শার্ট বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৫ হাজার, পাঞ্জাবি ১ থেকে ১২ হাজার ও প্যান্ট বিক্রি হচ্ছে ১ থেকে ৩ হাজার টাকায়। বিপণিবিতানে দ্বিতীয় তলায় রয়েছে প্রসাধনী ও গয়না এবং তৃতীয় তলায় মেয়েদের ও শিশুদের পোশাকের দোকান। পঞ্চম তলায় ইলেকট্রনিকস পণ্য, ষষ্ঠ তলায় খাবার এবং সপ্তম তলায় বাটা ও আর্টিস্টির বিক্রয়কেন্দ্র রয়েছে। প্রায় সব তলায় ক্রেতাদের ভিড় দেখা গেলেও দ্বিতীয় তলায় গয়নার দোকানে ভিড় কিছুটা কম ছিল। বিক্রেতারা জানান, লোকজন এখন পোশাক ও জুতা কেনায় ব্যস্ত। এরপরই গয়না ও প্রসাধনী কেনা শুরু করবেন।
সাজ দোকানের ব্যবস্থাপক শেখ রুবেল বলেন, এবার শাড়ি, থ্রি–পিসের পাশাপাশি গাউনের চাহিদাও রয়েছে। শাড়ির মধ্যে বিভিন্ন ধরনের কাতান শাড়ি বেশি চলছে। বিভিন্ন দোকানে মানভেদে গাউন পাওয়া যাবে তিন হাজার থেকে পঁচিশ হাজার টাকায়। আর বিভিন্ন ধরনের শাড়ি মিলবে দেড় হাজার থেকে ত্রিশ হাজার টাকায়। শিশুদের পোশাকের দোকানগুলোতে উপস্থিতিও চোখে পড়ার মতো।
সপরিবারে কেনাকাটা করতে আসা ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, ‘এ বছর ফ্লাইওভারের নির্মাণকাজের জন্য এই বিপণিকেন্দ্রে আসতে বেশ বেগ পেতে হয়েছে আমাদের। গতবারের চেয়ে পোশাকের দামটাও কিছুটা বেশি বলে মনে হচ্ছে।’
ফ্লাইওভারের নির্মাণকাজ ঈদ বাজারে বেশ ভালোভাবেই প্রভাব ফেলেছে বলে স্বীকার করলেন সানমার ওশান সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ। তিনি বলেন, ‘ফ্লাইওভারের নির্মাণের কারণে এ বছর যানজট বেশি হচ্ছে। তাই ক্রেতারা কিছুটা বিমুখ। তবে ক্রেতাদের কেনাকাটা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক পুলিশ পাহারার পাশাপাশি আমরা ১৬টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো মার্কেট পর্যবেক্ষণ করছি। পাশাপাশি নিরাপত্তা রক্ষায় কাজ করছে আমাদের নিজস্ব নিরাপত্তারক্ষী দল।’