গম আমদানি অর্ধকোটি টন ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের ১০ মাসে গম আমদানি প্রায় অর্ধকোটি টন ছাড়িয়ে গেছে। অর্থবছর শেষে এবার গম আমদানি প্রায় ৬০ লাখ টনের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, আটার চেয়ে চালের দাম বেশি থাকায় নিম্ন আয়ের মানুষ এখন আটার তৈরি খাদ্যের দিকে ঝুঁকছে। খাদ্যাভ্যাস পরিবর্তনের পাশাপাশি বছরখানেক ধরে গম আমদানি বাড়ার এটিই মূল কারণ বলে জানিয়েছেন তারা।

খাদ্য বিভাগ ও বন্দরের তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের এ পর্যন্ত বন্দর দিয়ে গম আমদানি হয়েছে ৫০ লাখ ৪৬ হাজার টন। এর মধ্যে খালাসের অপেক্ষায় আছে ২ লাখ ৯১ হাজার টন গম। এর আগে ২০১৫-১৬ অর্থবছরে ৪৩ লাখ ৬৬ হাজার টন গম আমদানি হয়েছিল, যা ছিল সর্বোচ্চ। এ হিসাবে চলতি অর্থবছরে গম আমদানিতে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

গম আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, অর্থবছরের দুই মাসে আরও সাত-আট লাখ টন গম আমদানি হতে পারে। আটার চেয়ে চালের দাম বাড়তে থাকায় গরিব মানুষেরা এখন আটা ব্যবহার করছে বেশি, যে কারণে আমদানি বাড়ছে বলে তিনি জানান।

বাজারে এখন মোটা চালের দাম কেজিপ্রতি ৪২ থেকে ৪৪ টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে ২৩ থেকে ২৫ টাকায়। অর্থাৎ এক কেজি চালের দাম দিয়ে দুই কেজির কাছাকাছি আটা পাওয়া যাচ্ছে। গমের ব্যবহার বাড়ার কারণে ব্যবসায়ীরাও আমদানি বাড়িয়েছেন।

ব্যবসায়ীরা জানান, গমের আমদানি বাড়ার ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে চাল ও গমের দামের ব্যবধানও প্রভাব ফেলছে। পণ্যের বাজারদর পর্যবেক্ষণকারী সংস্থা ইনডেক্স মুন্ডির তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে প্রতি কেজি গম বেচাকেনা হচ্ছে সাড়ে ১৪ টাকায় (টনপ্রতি ১৭৭ ডলার)। এ গম দেশে আনা পর্যন্ত প্রতি কেজির দাম পড়বে ১৯ টাকা।

আবার বিশ্ববাজারে মোটা চাল বেচাকেনা হচ্ছে কেজিপ্রতি ৩১ টাকায় (টনপ্রতি ৩৮০ ডলার)। চাল আমদানিতে ২০ শতাংশ শুল্ক-কর দিতে হয়। শুল্ক-কর ও আমদানি খরচ মিলে প্রতি কেজি চাল আমদানিতে খরচ হবে ৩৯ থেকে ৪০ টাকা।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে চালের দাম বাড়লেও আমদানি মূল্য বেশি পড়ায় আমদানি হচ্ছে কম। এ অর্থবছরে এ পর্যন্ত স্থলবন্দরগুলো দিয়ে ভারত থেকে প্রায় ৯০ হাজার টন চাল আমদানি হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জের হাওরে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার পর চালের শুল্ক-কর কমানো হতে পারে—এমন আশঙ্কায় ব্যবসায়ীরা আমদানিতে ঝুঁকি নিচ্ছেন না। এর প্রভাবেও গম আমদানি বাড়ছে।