গমের মান নিয়ে প্রশ্ন, ভিড়ছে না জাহাজ
খাদ্য বিভাগের কাছে সরবরাহের জন্য ভারত থেকে আনা এক জাহাজ গমের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের পরীক্ষায় এই গমে বিজাতীয় পদার্থের হার নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পাওয়া গেছে। ফলে ভিড়তে পারছে না গমবাহী জাহাজ। এ পরিস্থিতিতে গমের মান যাচাই করতে একটি কমিটি গঠন করেছে খাদ্য বিভাগ। খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৫০ হাজার টন গম সরবরাহের জন্য গত ৩ এপ্রিল রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেডের সঙ্গে খাদ্য বিভাগের চুক্তি হয়। এই চুক্তির প্রথম চালান হিসেবে এমভি চীন শ হ নামে একটি জাহাজে করে দুই হাজার ৯৫০ টন গম আনা হয় ভারত থেকে। ৭ জুন থেকে বন্দরের বহির্নোঙরে ভাসছে গমবাহী জাহাজটি।সূত্র জানায়, এই গমের নমুনা পরীক্ষা করে বিজাতীয় পদার্থের হার চুক্তির নির্ধারিত হারের চেয়ে বেশি পাওয়া যায়। কিন্তু সরবরাহকারী প্রতিষ্ঠান একটি কমিটির মাধ্যমে গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার প্রস্তাব দিলে নতুন করে কমিটি গঠন করে খাদ্য বিভাগ।খাদ্য বিভাগের মহাপরিচালক আহমেদ হোসেন খান গত সোমবার প্রথম আলোকে বলেন, চুক্তি অনুযায়ী গমে বিজাতীয় পদার্থের সহনীয় মাত্রার হার সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ থাকার কথা। তবে পরীক্ষায় এই হার ১ দশমিক ৮ শতাংশ পাওয়া গেছে। এ কারণে নতুন করে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। খাদ্য বিভাগের সঙ্গে চুক্তির ২ নম্বর ধারা অনুযায়ী-নির্ধারিত মানের গম পাওয়া না গেলে তা গ্রহণ করবে না খাদ্য বিভাগ। এর আগে গত অর্থবছরে সরবরাহকারীরা খাদ্য বিভাগকে নিম্নমানের গম সরবরাহ করায় এবার চুক্তির শর্ত কঠোর করা হয়েছে। জানতে চাইলে গম সরবরাহকারী রোকেয়া অটোমেটিক ফ্লাওয়ার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, গমের মান ভালো। শুধু বিজাতীয় পদার্থ অর্থাৎ ধুলাবালির মাত্রা একটু বেশি। ভারতের গমের চালানে বিজাতীয় পদার্থের হার একটু বেশি থাকে। এটি গমের মানে কোনো প্রভাব ফেলে না। তিনি বলেন, দু-এক দিনের মধ্যে এই জাহাজ থেকে গম খালাস শুরু হবে।খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, টনপ্রতি প্রায় ৩০৬ দশমিক ৯৫ ডলার দরে ৫০ হাজার টন গম সরবরাহ করছে প্রতিষ্ঠানটি। সে হিসাবে বন্দরে থাকা এক জাহাজ গমের দাম পড়ছে প্রায় সোয়া সাত কোটি টাকা। প্রতিষ্ঠানটি দুটি চুক্তিতে প্রায় এক লাখ টন গম সরবরাহ করছে।