গয়নায় মোগলাই মেজাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনছেন ক্রেতারা। গত শনিবার রাজধানীর নিউমার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো
পোশাকের সঙ্গে মিলিয়ে গয়না কিনছেন ক্রেতারা। গত শনিবার রাজধানীর নিউমার্কেট থেকে তোলা ছবি l প্রথম আলো

মোগল সম্রাট বাবর, হুমায়ুন, আকবর-এ-আজম, জাহাঙ্গীর, শাহজাহান-এ-আজমসহ অন্য সম্রাট, তাঁদের স্ত্রী-কন্যাদের সারা গায়ে ছিল গয়নার ঝলকানি। মোগলদের সেই গয়নার নকশার আদলে তৈরি গয়না এবার ঈদে পরতে পারেন নারী ক্রেতারা।

ফ্যাশন হাউস আড়ং এবার ঈদে মোগল আমলের প্যাটার্ন বা নকশার গয়না নিয়ে হাজির হয়েছে। ঈদের থিম হিসেবে বেছে নেওয়ায় শুধু গয়না নয়, এবার জামা-কাপড়েও প্রতিষ্ঠানটি মোগল আমলের ডিজাইনকে প্রাধান্য দিয়েছে। সোনা, রুপার সঙ্গে রুবি, পান্নাসহ বিভিন্ন পাথরের ঝিকিমিকি, মিনার কারুকাজ, গলার মালায় কয়েক স্তরের ঝালর, হাতের রতনচূড়সহ বিভিন্ন গয়না ক্রেতাদের যে নজর কেড়েছে, তার প্রমাণ পাওয়া গেল ভিড় দেখে।

বসুন্ধরা শপিং মলের আড়ংয়ের গয়না কর্নারে রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষক ফারিয়া গয়না কিনছিলেন। রুপা, পার্ল ও গোল্ড প্লেটেড একটি বড় ঝোলানো কানের দুল কানে লাগিয়ে সামনের ছোট আয়নায় নিজেকে দেখছিলেন। তাঁর সঙ্গে যিনি এসেছেন, তিনিও সায় দিচ্ছেন। কিন্তু দামটা একটু বেশি, ৮ হাজার টাকা।

আড়ংয়ের গয়না কর্নারের সুপারভাইজার ফারজানা আক্তার কয়েক স্তরের ঝালর দেওয়া রুপার সঙ্গে রুবি ও পান্না দিয়ে কারুকাজ করা গলা ও কানের গয়না দেখিয়ে জানালেন, এর দাম ৩০ হাজার ৮৮০ টাকা। গয়নার নকশায় শুধু মোগলাই মেজাজ নয়, দামের মধ্যেও আছে রাজকীয় ভাব। তবে আড়ংয়ের ফ্যাশন জুয়েলারি কর্নারের ছোট ছোট কানের দুল মাত্র ৩৭ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের আছে বলে জানালেন বিক্রয়কর্মী আফসানা জাহান।

ঈদের গয়না বাজারে ঢুঁ দিয়ে দেখা যায়, সব জায়গায় রাজা-বাদশাহদের আমলের গয়না না থাকলেও এবার ভারী গয়নার ফ্যাশন চলছে। অ্যান্টিক কালারের গয়নাও ক্রেতারা বেশি কিনছেন।

ফ্যাশন হাউস বিবিয়ানা বিভিন্ন মেটালের গয়না এনেছে। ব্যাংক কর্মকর্তা তানজিলা হক বিবিয়ানা থেকে গয়না কিনছিলেন। তিনি জানালেন, এবার পিতল, অ্যান্টিকের গয়না বেশি চলছে।

ফ্যাশন হাউস রঙ থেকে গয়না কিনছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া খান। তিনি জানালেন, গোল্ডেন কালারের একটি ঝুমকা কিনবেন। রঙ গয়নায় নতুনত্ব আনার চেষ্টা করেছে। কামিজ বা ওড়নায় লাগানোর জন্য তৈরি লেইসের সঙ্গে পাথর, পুঁতি বসিয়ে বানানো হয়েছে এই গয়না। শুধু তাই নয়, লাল, কালো রেশমি সুতা পেঁচিয়ে তৈরি করা হয়েছে গলার কয়েক স্তরের মালা।

ঈদবাজারে গয়নার দোকানগুলোতে ক্রেতা-বিক্রেতাদের মুখে হাসিই দেখা গেল। তবে ব্যতিক্রম হলো সোনার দোকানগুলো। এক সোনা ব্যবসায়ী জানালেন, নানা ঘটনায় সোনা ব্যবসায় বর্তমানে ক্রান্তিলগ্ন চলছে। অন্যবার ঈদে তবু কিছু বিক্রি হতো। এবার আংটি, গলার চেইনের মধ্যেই আটকে আছে। এটাকে কি আর ঈদের বিক্রি বলে?

ঈদবাজারের নারী ক্রেতারা একবার হলেও গাউছিয়া, নিউমার্কেটে ঢুঁ দেন। সেখানে হরেক রকমের ইমিটেশনের গয়না পাওয়া যায় নানা দামে। আর মোহাম্মদপুরের কৃষি মার্কেট, কারওয়ান বাজার বা ফার্মগেটে দেড়-দুই শ টাকা বা এর কমেও পাওয়া যায় গয়না। যে দামেই কেনা হোক, গয়না ছাড়া তো আর ঈদ হয় না।