গয়নার বাক্সটি...
শাড়ি পরা, চুল বাঁধা, সাজ—সব শেষ; বাকি শুধু গয়না পরা। মনে মনে হয়তো ভেবে রেখেছেন সাদা রঙের জামদানি শাড়িটার সঙ্গে পরবেন চাপা সাদা একটা মুক্তার মালা। কিন্তু সময়মতো খুঁজেও আর পেলেন না সেটি। সেদিন অন্য গয়না দিয়েই কাজ চালিয়ে নিলেন। পরে হয়তো ড্রয়ারের কোনা থেকে বের হলো সেই মালা।গয়না যেমন যত্ন নিয়ে খুঁজে খুঁজে কেনেন, তেমনি তা সংরক্ষণ করাতেও চাই যত্ন। আর এ জন্য বাজারে পাবেন নানা রকম গয়নার বাক্স। নকশার বাহারে সেসব এতটাই বৈচিত্র্যময় যে শোপিস বলেও চালিয়ে দেওয়া যায়।উপাদান: কাঠ, বেত, বাঁশ, কাপড়, চামড়া—সবকিছু দিয়ে তৈরি গয়নার বাক্সই পাবেন। কোনোটা গোলাকার, কোনোটা চারকোনা। কোনোটায় আবার আছে ছোট্ট তাকের মতোই অনেকগুলো ড্রয়ার। কোনোটার ভেতরে আয়নাও বসানো থাকে।তবে বাক্সে ঠিক কীভাবে সাজিয়ে রাখবেন আপনার পছন্দের গয়নাগুলো, তা-ও তো জানতে হবে!এ বিষয়ে অঞ্জনসের ডিজাইনার লায়লা খায়ের পরামর্শ দেন। তিনি বলেন, ‘কাগজের বাক্স হলে তাতে যেকোনো ধরনের গয়না রাখা যাবে। রাখা যাবে বাঁশ, বেত, কাঠ, পাটের তৈরি বাক্সেও। তবে বাক্সে যেন বাতাস চলাচল না করে, সেটা নিশ্চিত করতে হবে। কারণ, তাতে গয়নার রং নষ্ট হওয়ার ভয় থাকে।’ ধাতব গয়নার জন্য ধাতুর তৈরি বাক্স ব্যবহার করতে পারেন। সংগ্রহ বেশি হলে অনেক ড্রয়ারযুক্ত গয়নার বাক্স ব্যবহার করা যেতে পারে। এক ড্রয়ারে সোনার গয়না, অন্যটায় রূপার—এভাবে সাজিয়ে রাখা যায়। আর পাথরের গয়নাগুলো আলাদাভাবে রাখুন। বাক্সের ফোমের সঙ্গে গেঁথে রাখুন ছোট গয়না। যেমন নাকফুল, ছোট দুল—এগুলো। যে গয়নাগুলো ভাঁজ করা যায়, যেমন মাদুলি, তা গোল বাক্সে রাখতে পারেন। শক্ত, বড় গয়নার জন্য ব্যবহার করুন চারকোনা বড় বাক্স। অনেক বাক্সে আবার তালা-চাবি দেওয়ার ব্যবস্থা থাকে। এতে দামি গয়নাগুলো রাখতে পারেন।আলাদাভাবে গয়নার বাক্স কিনতে না চাইলে ফেলনা অনেক কিছু দিয়েই বানিয়ে ফেলতে পারেন নিজের বাক্স। আইসক্রিমের বাক্সে রাখতে পারেন গয়না। মুঠোফোনের শক্ত কার্ডবোর্ডের বাক্সটিও ব্যবহার করতে পারেন। চাইলে তা মুড়ে নিতে পারেন রংচঙে কাগজ দিয়ে। কোথায় কিনতে পাবেনঅঞ্জনসে গয়নার বাক্স পাবেন ১৫০ থেকে ৬০০০ টাকায়। এ ছাড়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের নিচতলায় পাবেন কাঠ ও বেতের বাক্স। দেশিদশের নানা দোকানেও পাবেন। এ ছাড়া আড়ংয়ে পাবেন ১৫০ থেকে ১২০০ টাকায়।