গরম আইসক্রিম
আমার প্রিয় খাবার আইসক্রিম। তাই শীত-গরম সব সময়ই বাড়িতে আইসক্রিম থাকে। কিন্তু বাড়িতে আইসক্রিম থাকলেও আমার ছোট বোনের জন্য আমি তা খেতে পারি না। কারণ, আমার ছোট বোন খুব স্বাস্থ্যসচেতন। নিজের স্বাস্থ্য ঠিক না থাকলেও আমার স্বাস্থ্যের প্রতি সে সব সময়ই সতর্ক। গত বছর শীতের সময় এক সন্ধ্যায় হঠাৎ করেই খুব আইসক্রিম খেতে ইচ্ছে হলো। তাই ফ্রিজ খুলে যেই আইসক্রিম বের করতে গেলাম, আমার স্বাস্থ্যসচেতন বোন হাজির! ‘আপু, শীতের সময় আইসক্রিম খেতে নেই, ঠান্ডা লাগবে,’ তার কঠিন বক্তব্য। এদিকে আমি আইসক্রিম না খেয়েও থাকতে পারছি না। তাই বোনকে অনেক অনুরোধ, ব্ল্যাক মেইল করে রাজি করালাম। কিন্তু সে বলল রুমে যেতে, সে আইসক্রিম নিয়ে আসছে। রুমের দিক যেন উড়ে উড়ে চললাম। কত দিন আইসক্রিম খাই না! আজ আইসক্রিম খাব, সেই আনন্দে আমি বিভোর। কিছুক্ষণ পর আমার বোন বাটিতে ধূমায়িত আইসক্রিম নিয়ে হাজির! আমার হতভম্ব চেহারা দেখে সে বলল, ‘আপু, আইসক্রিম তো ঠান্ডা। খেলে জ্বর, সর্দি-কাশি হবে। এর চেয়ে আমি আইসক্রিম ওভেনে গরম করে আনলাম। এটা খেলে তোমার আর ঠান্ডা লাগবে না।’ আর কি! আগত্যা আমাকে সেই গরম গলে যাওয়া আইসক্রিম খেতে হলো। অষ্টম শ্রেণী, খুলনা।