গরম আসার আগেই লোডশেডিং!
গরম আসার আগেই লোডশেডিং শুরু হয়েছে ফটিকছড়িতে। দিনের প্রায় সময় থাকছে না বিদ্যুৎ। এমনকি রাতেও লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না গ্রাহকেরা। পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কর্মকর্তারা জানান, চাহিদার অনুপাতে বিদ্যুৎ সরবরাহ কম হওয়ায় লোডশেডিং করতে হচ্ছে।গ্রাহকদের অভিযোগ, পর্যাপ্ত বিদ্যুৎ না পাওয়ায় ব্যবসা-বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের লেখাপড়ায়।পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধীনে ফটিকছড়ি ও আজাদী বাজার কার্যালয়ের আওতাধীন প্রায় ৫৪ হাজার গ্রাহকের বিদ্যুৎ চাহিদা ১৮ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুৎ সরবরাহ হয় চার থেকে পাঁচ মেগাওয়াট। ফলে অধিকাংশ সময় বিদ্যুৎ থেকে বঞ্চিত থাকতে হয় এখানকার গ্রাহকদের।কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক লুৎফুর রহমান জানান, লোডশেডিংয়ের ফলে গত ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারি মাসে চা উৎপাদন ২৫ শতাংশ কমে গেছে। ডিসেম্বরে মোট চা উৎপাদিত হয় এক লাখ কেজি। জানুয়ারিতে তা ৭৫ হাজার কেজিতে নেমে এসেছে। এভাবে লোডশেডিং চলতে থাকলে আগামী সময়ে চা উৎপাদন আরও ব্যাহত হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন লুৎফর রহমান। উপজেলার ১৭টি চা-বাগানের অবস্থা একই বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।মাইজভান্ডার এলাকার বাসিন্দা মুরগির খামারের মালিক মো. হাসান বলেন, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দিন ঠিকমতো বিদ্যুৎ না থাকায় খামারের দেড় শতাধিক ব্রয়লার মুরগির মৃত্যু হয়। এতে দুই লক্ষাধিক টাকা লোকসান হয়েছে। ফটিকছড়ি বালিকা উচ্চবিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী নাসরিন আকতার বলে, ‘সন্ধ্যা হলেই বিদ্যুৎ আসা-যাওয়ার প্রতিযোগিতা চলে। এতে লেখাপড়ায় খুব ক্ষতি হয়।’এ প্রসঙ্গে ফটিকছড়ি পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সলিম উল্লাহ ঁজানান, চাহিদার তুলনায় সরবরাহ কম দেওয়া হয় বলে এ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। হাটহাজারী জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে ফটিকছড়িকে সংযুক্ত করা হলে লোডশেডিং অনেকাংশে কমবে।