গরম কাপড়ের খোঁজে
পঞ্জিকায় এখনো অগ্রহায়ণ মাস। তার পরও প্রকৃতিতে ঠান্ডা হাওয়া বলে দিচ্ছে মাসের হিসাবে শীতকাল না হলেও গরম কাপড় জড়াতে হবেই। তাই শীত জেঁকে বসার আগে গরম কাপড় কিনতে নগরের বিপণিকেন্দ্র থেকে শুরু করে ফুটপাতে এখন ক্রেতাদের ভিড়। দোকানিরাও পসরা সাজিয়েছেন সেভাবে। জানা যায়, নগরে শীতের কাপড়ের বড় বিপণিকেন্দ্র জহুর হকার্স মার্কেট। ক্রেতার ভিড়টা এখানে একটু বেশি। কম টাকায় শীতের কাপড় কিনতে তরুণ-তরুণী থেকে গৃহিণীরা একবার এখানে ঢুঁ মারেন। জহুর হকার্স মার্কেটের দোকানি মো. ইমতিয়াজ হোসেন বলেন, ‘শুধু মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ নন, উচ্চবিত্তদের অনেকেই আমাদের কাছ থেকে শীতের কাপড় কিনতে আসেন। কম টাকায় পছন্দের জিনিস পাওয়া যায় বলে এখানে ক্রেতা বেশি।’ নগরের কুলগাঁও থেকে জহুর হকার্স মার্কেটে বাচ্চার জন্য সোয়েটার কিনতে এসেছেন স্কুলশিক্ষক নজির আহমদ। কিছুক্ষণ এ-দোকান, ও-দোকান ঘুরে ১০০ টাকায় পছন্দের একটি সোয়েটার কিনলেন। তিনি বলেন, ‘গরিব মানুষের ঠিকানা তো জহুর হকার্স মার্কেট। অভিজাত মার্কেটে গিয়ে শীতের কাপড় কেনার সাধ্য আমার নেই।’এদিকে, বিপণিবিতানের (নিউমার্কেট) নিচতলার শৈল্পিক ও বাঙালিবাবু শোরুমে গিয়ে দেখা যায়, এই দুটি প্রতিষ্ঠানে তরুণদের শীতে পরার উপযোগী প্যান্ট-শার্ট, ফুল-হাতা টি-শাটর্, জ্যাকেট, কানটুপি, মাফলারসহ নানা ডিজাইনের বর্ণিল শীতের পোশাক বিক্রির জন্য রাখা হয়েছে। কাপড়ের গুণগত মান ও আকারভেদে পণ্যের দাম সর্বনিম্ন ৩০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। এদিকে স্টেশন সড়ক ও জুবিলি সড়ক ঘুরে দেখা যায়, এই দুটি সড়কের ফুটপাত দখল করে শীতবস্ত্র নিয়ে বসেছেন হকাররা। বিক্রিও হচ্ছে দেদার। তাঁদের কাছ থেকে সব বয়সের নারী-পুরুষ পছন্দের শীতের কাপড় কিনছেন। স্টেশন সড়কে নূপুর মার্কেটের নিচে শীতবস্ত্রের পসরা নিয়ে বসেছেন ভ্রাম্যমাণ হকার ইলিয়াছ হোসেন। তিনি বলেন, ‘আমার কাছে ১৫ টাকা দামের শীতের কাপড়ও আছে। ক্রেতা যে বয়সের হোক, একটি পণ্যের সর্বোচ্চ দাম ১৫০ টাকা।’তাঁর পাশে কম্বল নিয়ে বসেছেন হকার দিদার আলী। তিনি বলেন, ‘গরিব মানুষেরা এখান থেকে কম্বল কেনে। দাম বেশি না, ১৫০ থেকে ২০০ টাকা।’জানা যায়, বিপণিবিতান, রিয়াজ উদ্দিন বাজার, আমিন সেন্টার, সামার ওশান সিটি, ভিআইপি টাওয়ার, চিটাগাং শপিং কমপ্লেক্স, আগ্রাবাদ সিঙ্গাপুর মার্কেট, মিমি সুপার মার্কেট, ইউনুসকো সেন্টারসহ নগরের প্রায় অভিজাত বিপণিকেন্দ্রে গত সপ্তাহ থেকে শীতবস্ত্রের দোকানে বেচাকেনা বেড়েছে। এসব বিপণিকেন্দ্রে সোয়েটার ৪০০ থেকে ২০০০, জ্যাকেট ৫০০ থেকে ৩০০০, কানটুপি ১৫০ থেকে ৩০০, মাফলার ২০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।