
ঢাকার বনানী ১১ নম্বর রোড। রাস্তার দুই ধার দিয়ে ফ্যাশন হাউসের সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠেছে ছোট-বড় অনেক রেস্তোরাঁ। এর মধ্যেই ‘কাবাব জোন’।
ঢুকতেই সামনে রয়েছে খানিকটা জায়গা, যা ভোজনবিলাসীদের খাবারে এনে দিতে পারে ভিন্ন মাত্রা। মাথার ওপর আকাশ আর নিচে গরম গরম কাবাব। যাঁরা এই জায়গাটি বেছে নেবেন, তাঁদের জন্য থাকবে বাড়তি কিছু আয়োজন। বাইরে থেকে দেখতে পাবেন কয়লার আগুনে শিকে ভরা কিমা কাবাব হওয়ার দৃশ্য। অবশ্য রাস্তা থেকেও চোখে পড়বে এই কারসাজি। কারণ কিচেন কর্নারটি একটি কাচের দেয়ালে বন্দী।
মৃদু বাতাস আর আঁধারি আলো আপনার মনকেও ছুঁয়ে যাবে। সঙ্গীকে একান্ত কিছু কথা বলার বেশ ভালো একটি সময় পেয়ে যাবেন। আর অবিরাম কথার রসদ জোগাবে গরম স্বাদের নরম কাবাব। সঙ্গে গলা ভিজিয়ে নিতে পারেন সফট ড্রিংকসে। আর এতে ভিন্ন মাত্রা যোগ করতে আছে রিকমারি স্বাদের লাচ্ছি।
ভেতরের মূল জায়গাটির পরিবেশ একেবারেই ভিন্ন। পরিবার-পরিজন নিয়ে আসার জন্য বেশ ভাল একটি জায়গা। আসতে পারেন সহকর্মী বা বন্ধু-বান্ধব নিয়ে। আড্ডার সঙ্গে সময় কেটে যাবে।
কাবাব জোনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা শুধু কাবাব নয়, ক্রেতার চাহিদা নানারকম অনুযায়ী খাবার দিয়ে থাকি। তাই কাবাবের পাশাপাশি পাবেন ভিন্ন স্বাদের বেশ কিছু খাবার। তাদের সুবিধার্থে আছে দুপুর ও রাতের সেট মেনু।’ এসব খাবারের মধ্যে রয়েছে হালকা নাশতা, ভিন্নভাবে তৈরি সালাদ, নানা ধরনের টিক্কা, গরু-খাসি ও মাছে তৈরি নানা পদ। কাবাবের নানা পদের মধ্যে সুতি কাবাব, টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব উল্লেখযোগ্য।
কাবাব জোনের ওপরের অংশে আইসক্রিম পারলার। মুভেনপিক আইসক্রিমের একশটির ওপরে ফ্লেভার পাবেন। বসার জায়গাগুলো সাজানো হয়েছে দুজন, চারজন এবং ছয়জনকে ঘিরে। তা ছাড়া আরামদায়ক সোফার ব্যবস্থাও আছে। এ ছাড়া ওয়াই-ফাই জোন, গাড়ি পার্কিং, পার্টি করার ব্যবস্থাও আছে।