গরম থেকে বাঁচবেন কীভাবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশিক্ষণ গরমে থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। ছবি: প্রথম আলো
বেশিক্ষণ গরমে থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। ছবি: প্রথম আলো

খুব বেশি গরমে বা কড়া রোদে অতিরিক্ত পরিশ্রমের কাজ করলে শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে। নিজস্ব ব্যবস্থাপনায় শরীর তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করে। তারপরও যদি তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়, বুঝতে হবে ঘোরতর বিপদ। এটাই হিটস্ট্রোক। এতে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিছু জরুরি ব্যবস্থা আমাদের জীবন বাঁচাতে পারে।
১. প্রথমে আসুন দেখি খুব গরমে শরীর কী করে। মস্তিষ্কের হাইপোথ্যালামাস হলো তাপমাত্রা নিয়ন্ত্রণের কেন্দ্র। শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে দেহের কিছু তাপ বাইরে বের করে দেওয়ার জন্য এখান থেকে সংকেত যায় যেন ত্বকের কাছাকাছি কৈশিক নালিগুলো প্রসারিত হয়ে ত্বকে রক্তপ্রবাহ বাড়িয়ে দেয়। তখন কিছু তাপ সহজে বাইরে বেরিয়ে যেতে পারে। এ সময় গায়ের পশমগুলো নুইয়ে আসে, যেন সহজে ত্বক ও বাতাসের সংস্পর্শ ঘটতে পারে। প্রচুর ঘাম হয়, যা গরমে বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় সুপ্ত তাপ শরীর থেকে শুষে নিয়ে দেহের তাপমাত্রা কমায়।
২. হিটস্ট্রোক এড়ানোর জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার। আবহাওয়ার পূর্বাভাসে তাপপ্রবাহের আশঙ্কার কথা বলা হলে রোদে বেশিক্ষণ থাকা চলবে না। কোনো কাজে বেশিক্ষণ অসহ্য গরমে থাকতে হলে প্রচুর পানি পান করতে হবে। ঘামের সঙ্গে শরীর থেকে লবণ বেরিয়ে যায় বলে ইলেকট্রোলাইট অভাব ও পানিশূন্যতা পূরণের জন্য স্যালাইনপানি অবশ্যই দরকার। ডাবের পানিও উপকার দেয়।
৩. মাথা ঝিমঝিম বা মাথা ব্যথা করলে অথবা বমি হলে বা জ্ঞান হারিয়ে ফেললে বুঝতে হবে হিটস্ট্রোক হয়েছে। এ সময় মস্তিষ্ক ও অন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ে। তাই হিটস্ট্রোকের লক্ষণ দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত ছায়াশীতল স্থানে শুইয়ে দিতে হবে। শরীরের তাপ কমানোর জন্য কপাল, ঘাড়, বগলে ও নাভিতে বরফের পট্টি খুব উপকার দেয়।
৪. ক্যাফেইন-জাতীয় পানীয় পান করা যাবে না, কারণ এগুলো শরীরের পানিশূন্যতা বাড়ায়।
৫. হিটস্ট্রোক কাটিয়ে ওঠার পর কয়েক সপ্তাহ পর্যন্ত বেশি রোদে যাওয়া নিষেধ। কারণ, এ সময় সামান্য গরমেই শরীর কাবু হয়ে যায়।
সূত্র: www. webmd. com ও বিভিন্ন ওয়েব পেজ