গরম দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার ঠান্ডা হাসে!
বিষয়টা নিশ্চয় সবাই জানেন যে কাউকে ঠান্ডা করতে হলে নিজেকে ভালোই গরম হতে হয়! যেমন—আপনি একটি এয়ারকন্ডিশনারের দিকে তাকান, কিংবা আপনার বাসার ফ্রিজের পেছনে একটু হাতটা স্পর্শ করান, কিংবা ফ্যানের বডিটা টাচ করুন! বাই দ্যা ওয়ে, বাসায় ইলেকট্রিসিটি আছে তো? তার মানে বাসায় যদি ইলেকট্রিসিটি না থাকে, সেটা ভালোই—বাসার যে জিনিসগুলো গরম হয়, সেগুলো আর গরম হবে না। দয়া করে গ্যাসের চুলাটা রান্নার পর বন্ধ করে দিন। সামান্য একটা ম্যাচের কাঠি বাঁচাতে গিয়ে গ্যাসের চুলা জ্বালিয়ে রেখে ঘর গরম করার কোনো মানে হয়, বলুন? আসুন, গরম কীভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, সেগুলোর দিকে একটু নজর দিই।পাওনাদার ফোন করেছে। ভাই, আমার টাকাটা কি আজ হচ্ছে? দেনাদার বলছেন, না ভাই, আজ হবে না। আপনি কাল একবার ফোন দিয়েন। এটা শুনে পাওনাদারের মেজাজ গরম হয়ে গেল। আপনি পেয়েছেন কী? গত তিন মাস ধরে আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে ঘুরাচ্ছেন! আমি কি বানের পানিতে ভেসে এসেছি? এবার দেনাদারের পালা, আমি কি ইচ্ছা করেই আপনাকে ঘুরাচ্ছি নাকি, মশায়? আপনি এত গরম দেখাচ্ছেন কেন? এ থেকে বোঝা গেল, গরম বুঝতে হলে যে কাছে আসতে হবে, তা কিন্তু নয়, দূর থেকেও গরম বোঝানো যায়।যাদের আসলে আউটপুট কম, তারাই বেশি গরম হয়। যেমন—আগেকার টাংস্টেন বাতি। কিন্তু পৃথিবীর উষ্ণতা বাড়ার কারণগুলোকে আমরা আসলে কেউই খুঁজতে চাই না। দেখুন, সেই বাতির বদলে এখন সবার ঘরে ঘরে কেমন কম গরম হওয়া সাদা বাতি জ্বলছে। তার মানে, সাদার গ্রহণযোগ্যতাই বেশি। তাই তো সবাই সাদামনের মানুষ খুঁজছি—শীতলতার জন্য। উত্তপ্ত লালমনের মানুষ নয়!বড় দেশগুলোতে বৈশ্বিক উষ্ণতা নিয়ে অনেক গরম গরম বাগিবতণ্ডা হয়। ব্যস, তাতে কি পৃথিবীর উষ্ণতা কমে? মোটেও না, বরং সেই বাগিবতণ্ডার উষ্ণতাও যুক্ত হয় বরফ গলনে! পৃথিবীর বরফ গললে কাদের সুবিধা? যারা এই গরমে পানি না পেয়ে পানিতে কষ্ট করে! এবার আসুন, আমরা একটু অন্য রকম হিসাব করি। পৃথিবীতে এই মুহূর্তে কতটি বুলেট আছে? প্রতিটি বুলেট ফাটালে কী পরিমাণ তাপ ছড়িয়ে পড়তে পারে পৃথিবীতে? আরও পেছনে আসি, একেকটি বুলেট তৈরির সময় কী পরিমাণ তাপ উৎপাদিত হয়েছে ফ্যাক্টরিতে? এখন প্রশ্ন, এই গরম বুলেটগুলো ট্রিগারের পিস্টনের ধাক্কায় আরও গরম হয় কাকে ঠান্ডা রাখার জন্য? এবার একই অনুপাতে হিসাব করুন, পৃথিবীতে কী পরিমাণ অস্ত্র আছে? তার মানে, কী পরিমাণ তাপ আমরা জমিয়ে রেখেছি। দুটি রাষ্ট্রের সম্পর্ক যখন উত্তপ্ত হয়ে উঠবে, তখন এই তাপগুলো সেটাকে ঠান্ডা করার কাজে লাগবে। ওই যে প্রথমেই বলেছিলাম, ঠান্ডা করতে হলে গরম হতেই হয়!ইস্ত্রি তো সবাই দেখেছেন? কুঁচকানো জামা-কাপড় ডলে সোজা বানানোর জন্য এর কোনো বিকল্প নেই। সেই ইস্ত্রিও কিন্তু গরম করে ডলা দিতে হয়। এখান থেকে আমরা যা শিখলাম সংক্ষেপে তা হলো, গরম শুধু ঠান্ডা করার জন্য নয়, লাইনে আনার জন্যও বেশ কাজ করে। খুব সম্ভবত ইস্ত্রির এই ফরমুলা বিভিন্ন দেশের সরকার সব সময় বেঁকে যাওয়া পাবলিক ও বিরোধী দলের বিরুদ্ধে সফলভাবে ব্যবহার করে।অনেকে বলছেন, এই গরমে মানুষ ক্যামনে বাঁচবে! টেনশনের কিছু নেই। এই অসহ্য গরম সহ্য করে যারা বেঁচে থাকবে, তাদের জন্য সুখবর আছে। ভবিষ্যতে এই গরমের কারণেই মানুষ কতগুলো সুবিধা পাবে। যেমন—ফসলের খেতে তখন শষ্যের বদলে আপনি খই-মুড়ি-পপকর্ন পেয়ে যাবেন! মাটির নিচে পাবেন সেদ্ধ আলু! চায়ের জন্য আর পানি গরম করতে হবে না। শুধু চা-পাতা আর চিনি মিশিয়ে নিয়েই পান করতে পারবেন। শীতের পোশাকের জন্য আর চারদিকে হাহাকার উঠবে না। গরু তখন সরাসরি গুঁড়ো দুধ দেবে। মুরগি সেদ্ধ ডিম পাড়বে। গরমে সূর্য নিজেই ছায়া খুঁজতে চলে যাবে প্লুটোর কাছে। বাষ্পীয় ইঞ্জিনের চাহিদা বেড়ে যাবে এবং পানি বাষ্প করার জন্য কোনো জ্বালানির প্রয়োজন হবে না। ঢাকা শহরে মানুষের প্রেশার কমে যাবে। দখল না করে মানুষ নিজেই তখন নদী কাটবে, নদীর পাড়ে বসবাসের জন্য। ইট পোড়ানোর জন্য আর গাছ কাটা হবে না। মাটিকে ইটের আকৃতিতে রেখে দিলেই গরমে ইট হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, মেরু অঞ্চলের বরফ গলা নিয়ে আর কাউকে টেনশন করতে হবে না। কারণ, গরমে যে হারে বরফ গলে সমুদ্রের পানি বৃদ্ধি করার কথা, এর চেয়ে অনেক বেশি হারে সমুদ্রের পানি বাষ্প হয়ে মহাশূন্যে চলে যাবে! সো, এনজয় হট। তারপর ধরুন, যাঁরা মোটা স্বাস্থ্যের অধিকারী এবং চিকন হওয়ার জন্য অনেক চেষ্টা করছেন, তাঁদের আর কোনো টেনশন থাকবে না। গরমে শরীরের চর্বি গলে আপনি অটোমেটিক স্লিম-সুন্দর হয়ে উঠবেন। হিমালয়ের চূড়ায় ওঠা তখন আর কোনো ব্যাপারই হবে না—সব বরফ গলে গিয়ে হিমালয়ের বুকে রাস্তা তৈরি হবে। জামা-কাপড়ের চাহিদা কমে যাবে (মজা করছি না, পোশাকের সাইজ ছোট হওয়া কিন্তু অতিরিক্ত গরমের কারণেই শুরু হয়েছে!)। তাই বলছি, গরম নিয়ে টেনশন না করে গরমের ভালো দিকগুলো খুঁজুন। গরমকে কাজে লাগান! গরমের সঙ্গে মেজাজ গরম দেখানোটা কোনো কাজের কথা নয়। গরমকে খারাপভাবে দেখবেন না! একবার ভালো করে ভাবুন, গরম বিষয়টাই যদি পৃথিবীতে না থাকত, তাহলে মানবজাতি কতটা পিছিয়ে থাকত! মানুষ গরম হয়েছে বলেই পৃথিবীর অন্য সব প্রাণী ঠান্ডা মেরে গেছে—শত শত কোটি মানুষের দখলে আজ এই পৃথিবী। মানুষের মেজাজ গরম হয় বলেই এত রাষ্ট্র, এত নীতি, এত নিয়মানুবর্তিতা, এত শৃঙ্খলা। আবার গরম আছে বলেই সেটাকে ঠান্ডা করার জন্য আরেক দলের দিন-রাত এত পরিশ্রম। মোদ্দাকথা, গরমই মানুষকে সভ্যতার এই স্বর্ণশিখরে নিয়ে এসেছে! টেনশনের কিছু নেই। গরম দেখে কেউ করিস না ভয়,আড়ালে তার ঠান্ডা হাসে!